আমোষ 8
8
এক টুকরি পাকা ফল
1প্রভু সদাপ্রভু আমাকে আর একটা দর্শন দেখালেন। আমি দেখলাম, এক টুকরি পাকা ফল। 2তিনি জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কি দেখতে পাচ্ছ?”
উত্তরে আমি বললাম, “এক টুকরি পাকা ফল।”
তখন সদাপ্রভু আমাকে বললেন, “আমার লোক ইস্রায়েলের সময় শেষ হয়ে গেছে; আমি আর তাদের রেহাই দেব না। 3সেই দিন রাজবাড়ীতে গানের বদলে এই বিলাপ হবে, ‘অনেক, অনেক মৃতদেহ; সেগুলো সব জায়গায় ছুঁড়ে ফেলা হয়েছে। চুপ কর।’ ”
4তোমরা যারা অভাবীদের পায়ে মাড়াচ্ছ আর গরীবদের শেষ করে দিচ্ছ, তোমরা শোন। 5তোমরা বলছ, “কখন অমাবস্যা চলে যাবে যাতে আমরা শস্য বিক্রি করতে পারি? কখন বিশ্রাম দিন শেষ হবে যাতে আমরা বাজারে গম বেচতে পারি? আমরা মাপের টুকরি ছোট করব, দাম বাড়াব, ঠকামির দাঁড়িপাল্লা ব্যবহার করব, 6রূপা দিয়ে গরীবকে এবং এক জোড়া জুতা দিয়ে অভাবীকে কিনে নেব আর ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া গম তাদের কাছে বিক্রি করব।”
7সদাপ্রভু, যিনি যাকোবের গৌরব, তিনি শপথ করে বলেছেন, “তারা যা করেছে তা কখনই আমি ভুলে যাব না। 8এর জন্য কি দেশ কাঁপবে না? তার মধ্যে বাসকারী সবাই কি বিলাপ করবে না? গোটা দেশটাই মিসরের নীল নদীর মত ফুলে উঠে অশান্ত হবে আর তারপর নেমে যাবে।”
9প্রভু সদাপ্রভু বলছেন, “সেই দিন দুপুর বেলাতেই আমি সূর্যকে অস্ত যাওয়াব এবং দিনের বেলায় পৃথিবীকে অন্ধকার করে দেব। 10আমি তোমাদের উৎসবগুলো শোকে ও সমস্ত গান বিলাপে বদলে দেব। আমি তোমাদের সকলকে ছালার চট পরাব ও মাথায় টাক পড়াব। আমি সেই সময়টাকে করব একমাত্র ছেলের মৃত্যুর শোকের সময়ের মত এবং তা শেষ পর্যন্ত চলবে ভীষণ দুঃখে।”
11প্রভু সদাপ্রভু বলছেন, “এমন সব দিন আসছে যখন আমি দেশের মধ্যে দুর্ভিক্ষ পাঠাব। তা খাবারের দুর্ভিক্ষ কিম্বা জলের পিপাসা নয় কিন্তু সদাপ্রভুর বাক্য শুনবার দুর্ভিক্ষ। 12লোকে সদাপ্রভুর বাক্যের খোঁজে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে টলতে টলতে ঘুরে বেড়াবে, কিন্তু তা পাবে না। 13সেই দিন সুন্দরী যুবতীরা এবং শক্তিশালী যুবকেরা সেই বাক্যের পিপাসায় জ্ঞান হারাবে। 14যারা শমরিয়ার প্রতিমার নাম নিয়ে শপথ করে বলে, ‘হে দান, তোমার জীবন্ত দেবতার দিব্য,’ কিম্বা বলে, ‘বের্-শেবার জীবন্ত দেবতার দিব্য,’ তারা পড়ে যাবে, আর কখনও উঠবে না।”
Цяпер абрана:
আমোষ 8: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000