হোসিয়া 1

1
1এহুদার বাদশাহ্‌ উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে এবং যোয়াশের পুত্র ইসরাইলের বাদশাহ্‌ ইয়ারাবিমের সময়ে মাবুদের এই কালাম বেরির পুত্র হোসিয়ার কাছে নাজেল হল।
হোসিয়ার বিয়ে ও পরিবার
2মাবুদ যখন প্রথমে হোসিয়ার সঙ্গে কথা বলেন, তখন মাবুদ হোসিয়াকে বললেন, তুমি যাও, জেনাকারী স্ত্রী ও জেনার সন্তানদের গ্রহণ কর, কেননা এই দেশ মাবুদের কাছ থেকে সরে যাওয়ায় ভয়ানক জেনা করছে। 3তাতে তিনি গিয়ে দিব্‌লায়িমের কন্যা গোমরকে গ্রহণ করলেন, আর সেই স্ত্রী গর্ভবতী হয়ে তাঁর জন্য পুত্র প্রসব করলো।
4তখন মাবুদ তাঁকে বললেন, তুমি ওর নাম যিষ্রিয়েল রাখ, কেননা অল্পদিন পরে আমি যেহূর কুলকে যিষ্রিয়েলের রক্তপাতের ফল ভোগ করাব এবং ইসরাইল-কুলের রাজ্য শেষ করবো। 5আর সেদিন আমি যিষ্রিয়েল-উপত্যকাতে ইসরাইলের ধনুক ভেঙ্গে ফেলব।
6পরে সেই স্ত্রী পুনর্বার গর্ভধারণ করে কন্যা প্রসব করলো; তাতে মাবুদ হোসিয়াকে বললেন, তুমি তার নাম লো-রুহামা [অনুকম্পিতা নয়] রাখ, কেননা আমি ইসরাইল-কুলের প্রতি আর অনুকম্পা করবো না, কোনক্রমে তাদের গুনাহ্‌ মাফ করবো না। 7কিন্তু এহুদা-কুলের প্রতি অনুকম্পা করবো এবং তাদেরকে তাদের আল্লাহ্‌ মাবুদ উদ্ধার করবেন; ধনুক বা তলোয়ার বা যুদ্ধ বা ঘোড়া বা ঘোড়সওয়ার দ্বারা উদ্ধার করবো না।
8পরে সে লো-রুহামাকে স্তন্যপান ত্যাগ করিয়ে গর্ভবতী হল এবং একটি পুত্র প্রসব করলো। 9তখন মাবুদ বললেন, তুমি তার নাম লো-অম্মি [আমার লোক নয়] রাখ; কেননা তোমরা আমার লোক নও এবং আমিও তোমাদের পক্ষ হব না।
ইসরাইলের পুনঃস্থাপন
10কিন্তু বনি-ইসরাইলদের সংখ্যা সমুদ্রের সেই বালুকণার মত হবে, যা পরিমাণ ও গণনা করা যায় না। আর এই কথা যে স্থানে তাদেরকে বলা হয়েছিল, ‘তোমরা আমার লোক নও,’ সেই স্থানে তাদেরকে বলা যাবে, ‘জীবন্ত আল্লাহ্‌র সন্তান।’ 11আর এহুদার ও ইসরাইলের লোকেরা একসঙ্গে সংগৃহীত হবে এবং নিজেদের উপর এক জন শাসনকর্তা নিযুক্ত করবে এবং সেই দেশ থেকে যাত্রা করবে; কেননা যিষ্রিয়েলের দিন মহৎ হবে।

Àwon tá yàn lọ́wọ́lọ́wọ́ báyìí:

হোসিয়া 1: BACIB

Ìsàmì-sí

Pín

Ṣe Àfiwé

Daako

None

Ṣé o fẹ́ fi àwọn ohun pàtàkì pamọ́ sórí gbogbo àwọn ẹ̀rọ rẹ? Wọlé pẹ̀lú àkántì tuntun tàbí wọlé pẹ̀lú àkántì tí tẹ́lẹ̀