পয়দায়েশ 49
49
হযরত ইয়াকুব পুত্রদেরকে দোয়া করেন
1পরে ইয়াকুব তাঁর পুত্রদেরকে ডেকে বললেন, তোমরা সমবেত হও, ভবিষ্যতে তোমাদের প্রতি যা ঘটবে তা তোমাদেরকে বলছি।
2ইয়াকুবের পুত্ররা, সমবেত হও, শোন,
তোমাদের পিতা ইসরাইলের কথা শোন।
3রূবেণ, তুমি আমার প্রথমজাত,
আমার বল ও আমার শক্তির প্রথম ফল,
মহিমার প্রাধান্য ও শক্তির প্রাধান্য।
4তুমি যেন অশান্ত পানির মাতামাতি,
তোমার প্রাধান্য থাকবে না;
কেননা তুমি নিজের পিতার
বিছানায় গিয়েছিলে;
তখন অপবিত্র কাজ করেছিলে;
সে আমার বিছানায় গিয়েছিল।
5শিমিয়োন ও লেবি দুই সহোদর;
তাদের তলোয়ার দৌরাত্মের অস্ত্র।
6হে আমার প্রাণ! তাদের সভায় যেও না;
হে আমার গৌরব! তাদের সভায়
যোগ দিও না;
কেননা তারা ক্রোধে খুন করলো,
স্বেচ্ছাচারিতায় বৃষের শিরা কেটে দিল।
7বদদোয়াগ্রস্ত তাদের ক্রোধ,
কেননা তা প্রচণ্ড;
তাদের কোপ, কেননা তা নিষ্ঠুর;
আমি তাদেরকে ইয়াকুবের বংশের
মধ্যে ভাগ করবো,
ইসরাইলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব।
8এহুদা, তোমার ভাইয়েরা তোমারই
স্তব করবে;
তোমার হাত তোমার দুশমনদের
ঘাড় ধরবে;
তোমার পিতৃসন্তানেরা তোমার সম্মুখে
ভূমিতে উবুড় হয়ে সম্মান দেখাবে।
9এহুদা সিংহের বাচ্চা;
বৎস, তুমি হরিণ শিকার থেকে
উঠে আসলে;
সে শয়ন করলো, ওৎ পেতে রইলো,
সিংহের মত ও সিংহীর মত;
কে তাকে ওঠাবে?
10এহুদা থেকে রাজদণ্ড যাবে না,
তার চরণযুগলের মধ্য থেকে
বিচারদণ্ড যাবে না,
যে পর্যন্ত শীলো না আসেন;
সমস্ত জাতি তাঁরই অধীনতা
স্বীকার করবে।
11সে আঙ্গুর লতায় নিজের গাধা বাঁধবে,
নিজের গাধার বাচ্চা বাঁধবে
উত্তম আঙ্গুর লতায়;
সে আঙ্গুর-রসে নিজের পরিচ্ছদ কেচেছে,
আঙ্গুরের রক্তে নিজের কাপড় কেচেছে।
12তার চোখ আঙ্গুর-রসের চেয়ে লাল,
তার দাঁত দুধের চেয়ে সাদা।
13সবূলূন সমুদ্রতীরে বাস করবে,
তা পোতাশ্রয়ের তীর হবে,
সিডন পর্যন্ত তার সীমা হবে।
14ইষাখর বলবান গাধা,
সে খোঁয়াড়ের মধ্যে শয়ন করে।
15সে দেখলো, বিশ্রামস্থান উত্তম,
দেখল, এই দেশ রমণীয়,
তাই ভার বইতে কাঁধ পেতে দিল,
আর করাধীন গোলাম হল।
16দান তার লোকবৃন্দের বিচার করবে,
ইসরাইলের এক বংশের মত।
17দান পথে অবস্থিত সাপ,
সে পথের মধ্যে অবস্থিত ফণী,
যে ঘোড়ার পায়ে দংশন করে,
আর ঘোড়সওয়ার ব্যক্তি উল্টে
পিছনে পড়ে যায়।
18মাবুদ, আমি তোমার উদ্ধারের
অপেক্ষায় রয়েছি।
19গাদকে সৈন্যদল আঘাত করবে;
কিন্তু সে তাদের পশ্চাদ্ভাগে
আঘাত করবে।
20আশের থেকে অতি উত্তম খাদ্য জন্মাবে;
সে বাদশাহ্র উপাদেয় ভক্ষ্য
যুগিয়ে দেবে।
21নপ্তালি উন্মুক্তা হরিণী,
সে মনোহর কথা বলে।
22ইউসুফ ফলবান তরুশাখা,
পানির কিনারার পার্শ্বস্থিত
ফলবান তরুশাখা;
তার সমস্ত শাখা প্রাচীর অতিক্রম করে।
23তীরন্দাজেরা তাকে কঠোর
কষ্ট দিয়েছিল,
তীরের আঘাতে তাকে
উৎপীড়ন করেছিল;
24কিন্তু তার ধনুক দৃঢ় থাকলো,
তার বাহুযুগল বলবান রইলো,
ইয়াকুবের সেই শক্তিমানে বাহু দ্বারা,
সেই পালকের নামে যিনি ইসরাইলের
শৈল,
25তোমার পিতার সেই আল্লাহ্র দ্বারা
যিনি তোমার সহায়,
সেই সর্বশক্তিমান আল্লাহ্ দ্বারা
যিনি তোমাকে দোয়া করবেন—
উপরিস্থ আসমান থেকে নিঃসৃত দোয়ায়,
দুনিয়ার গভীরের উৎস থেকে
নিঃসৃত দোয়ায়,
স্তন ও গর্ভ থেকে নিঃসৃত দোয়ায়।
26আমার পূর্বপুরুষদের দোয়ার চেয়ে
তোমার পিতার দোয়া উৎকৃষ্ট।
তা চিরন্তন পাহাড়গুলোর সীমা
পর্যন্ত প্রসারিত;
তা বর্তাবে ইউসুফের মাথায়,
ভাইদের থেকে যিনি পৃথক হয়েছিলেন
তাঁর মাথার তালুতে।
27বিন্ইয়ামীন হিংস্র নেকড়ের মত;
সকালে সে শিকারের পশু খাবে,
সন্ধ্যাকালে সে লুণ্ঠিত দ্রব্য ভাগ করবে।
28এঁরা সকলে ইসরাইলের বারো বংশ; এঁদের পিতা দোয়া করার সময়ে এই সব কথা বললেন; এঁদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ দোয়া করলেন।
হযরত ইয়াকুবের ইন্তেকাল ও দাফন
29পরে ইয়াকুব তাঁদেরকে হুকুম দিয়ে বললেন, আমি শীঘ্র আপন লোকদের কাছে গৃহীত হবো। 30হিট্টিয় ইফ্রোণের ক্ষেতে অবস্থিত গুহাতে আমার পূর্বপুরুষদের কাছে আমার কবর দিও; সেই গুহা কেনান দেশে মম্রির সম্মুখস্থ মক্পেলা ক্ষেতে অবস্থিত; ইব্রাহিম হিট্টিয় ইফ্রোণের কাছ থেকে তা কবরস্থানের অধিকারের জন্য ক্রয় করেছিলেন। 31সেই স্থানে ইব্রাহিমের ও তাঁর স্ত্রী সারার কবর হয়েছে, সেই স্থানে ইস্হাকের ও তাঁর স্ত্রী রেবেকার কবর হয়েছে এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়েছি; 32সেই ক্ষেত ও তার মধ্যবর্তী গুহা হেতের সন্তানদের কাছ থেকে ক্রয় করা হয়েছিল। 33ইয়াকুব তাঁর পুত্রদের প্রতি নির্দেশ দেওয়া সমাপ্ত করার পর বিছানার উপর দুই পা একত্র করলেন ও প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে গৃহীত হলেন।
Trenutno izbrano:
পয়দায়েশ 49: BACIB
Označeno
Deli
Primerjaj
Kopiraj
Želiš, da so tvoji poudarki shranjeni v vseh tvojih napravah? Registriraj se ali se prijavi
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013