হিজরত 24

24
নিয়মের রক্ত
1আর তিনি মূসাকে বললেন, তুমি, হারুন, নাদব, অবীহূ এবং ইসরাইলের প্রাচীনদের সত্তর জন, তোমরা মাবুদের কাছে উঠে এসো, আর দূরে থেকে সেজ্‌দা কর। 2কেবল মূসা মাবুদের কাছে আসবে কিন্তু ওরা কাছে আসবে না; আর লোকেরা তার সঙ্গে উপরে উঠবে না।
3তখন মূসা এসে লোকদেরকে মাবুদের সমস্ত কালাম ও সমস্ত অনুশাসন বললেন, তাতে সমস্ত লোক একস্বরে জবাবে বললো, মাবুদ যে সমস্ত কথা বললেন, আমরা সমস্তই পালন করবো। 4পরে মূসা মাবুদের সমস্ত কালাম লিখলেন এবং খুব ভোরে উঠে পর্বতের পাদদেশে একটি কোরবানগাহ্‌ ও ইসরাইলের বারো বংশানুসারে বারোটি স্তম্ভ নির্মাণ করলেন। 5আর তিনি বনি-ইসরাইলদের যুবকদেরকে পাঠালে তারা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী হিসেবে ষাঁড়গুলোকে কোরবানী করলো। 6তখন মূসা তার অর্ধেক রক্ত নিয়ে থালায় রাখলেন এবং অর্ধেক রক্ত কোরবানগাহ্‌র উপরে ছিটিয়ে দিলেন। 7আর তিনি নিয়ম-কিতাবখানি নিয়ে লোকদের কাছে পাঠ করলেন; তাতে তারা বললো, মাবুদ যা যা বললেন, আমরা সমস্তই পালন করবো ও মেনে চলবো। 8পরে মূসা সেই রক্ত নিয়ে লোকদের উপরে ছিটিয়ে দিয়ে বললেন, দেখ, এই সেই নিয়মের রক্ত, যা মাবুদ তোমাদের সঙ্গে এসব কালাম অনুযায়ী স্থির করেছেন।
পর্বতের উপরে আল্লাহ্‌কে দর্শন করা
9তখন মূসা ও হারুন, নাদব ও অবীহূ এবং ইসরাইলের প্রাচীন ব্যক্তিদের মধ্য থেকে সত্তর জন উঠে গেলেন; 10আর তাঁরা ইসরাইলের আল্লাহ্‌কে দর্শন করলেন; তাঁর চরণতলের স্থান নীলকান্তমণি-নির্মিত শিলা-স্তরের কাজের মত এবং নির্মলতায় সাক্ষাৎ আসমানের মত ছিল। 11আর তিনি বনি-ইসরাইলদের নেতৃবর্গের উপর হাত ওঠালেন না, বরং তাঁরা আল্লাহ্‌কে দর্শন করে ভোজন পান করলেন।
তুর পর্বতে হযরত মূসা
12আর মাবুদ মূসাকে বললেন, তুমি পর্বতে আমার কাছে উঠে এসে এই স্থানে থাকো, তাতে আমি দু’খানা পাথরের ফলক এবং আমার লেখা শরীয়ত ও হুকুম তোমাকে দেব, যেন তুমি লোকদেরকে শিক্ষা দিতে পার। 13পরে মূসা ও তাঁর পরিচারক ইউসা উঠলেন এবং মূসা আল্লাহ্‌র পর্বতে উঠলেন। 14আর তিনি প্রাচীনদের বললেন, আমরা যতক্ষণ তোমাদের কাছে ফিরে না আসি, ততক্ষণ তোমরা আমাদের অপেক্ষায় এই স্থানে থাকো; আর দেখ, হারুন ও হূর তোমাদের কাছে রইলেন; কারো কোন বিবাদের কথা উপস্থিত হলে সে যেন তাঁদের কাছে যায়।
15মূসা যখন পর্বতে উঠলেন, তখন মেঘে পর্বত আচ্ছন্ন ছিল। 16আর তুর পর্বতের উপরে মাবুদের মহিমা অবস্থান করছিল। পর্বতটি ছয় দিন মেঘাচ্ছন্ন রইলো; পরে সপ্তম দিনে তিনি মেঘের মধ্য থেকে মূসাকে ডাকলেন। 17আর বনি-ইসরাইলদের দৃষ্টিতে মাবুদের মহিমা পর্বতের চূড়ায় গ্রাসকারী আগুনের মত প্রকাশিত হল। 18আর মূসা মেঘের মধ্যে প্রবেশ করে পর্বতে উঠলেন। মূসা চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পর্বতে অবস্থান করলেন।

Trenutno izbrano:

হিজরত 24: BACIB

Označeno

Deli

Primerjaj

Kopiraj

None

Želiš, da so tvoji poudarki shranjeni v vseh tvojih napravah? Registriraj se ali se prijavi