দ্বিতীয় বিবরণ 5

5
শরীয়তের দশটি বিশেষ হুকুম
1তখন মূসা সমস্ত ইসরাইলকে ডেকে বললেন, হে ইসরাইল, আমি তোমাদের উদ্দেশে আজ যেসব বিধি ও অনুশাসনের কথা বলছি, সেসব শোন, তোমরা তা শিক্ষা কর ও যত্নপূর্বক পালন কর। 2আমাদের আল্লাহ্‌ মাবুদ হোরেবে আমাদের সঙ্গে একটি নিয়ম করেছেন। 3মাবুদ আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সেই নিয়ম করেন নি, কিন্তু আজ এই স্থানে সকলে জীবিত আছি যে আমরা, আমাদেরই সঙ্গে করেছেন। 4মাবুদ পর্বতে আগুনের মধ্য থেকে তোমাদের সঙ্গে সম্মুখাসম্মুখি হয়ে কথা বললেন। 5সেই সময়ে আমিই তোমাদেরকে মাবুদের কালাম জানাবার জন্য মাবুদ ও তোমাদের মধ্যে দণ্ডায়মান ছিলাম; কেননা আগুনের ভয়ে তোমরা পর্বতে উঠো নি।
6তিনি বললেন, আমি তোমার আল্লাহ্‌ মাবুদ, যিনি মিসর দেশ থেকে, গোলাম-গৃহ থেকে তোমাকে বের করে আনলেন।
7আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক।
8তুমি তোমার জন্য খোদাই-করা মূর্তি তৈরি করো না; উপরিস্থ বেহেশতে, নিচস্থ দুনিয়াতে ও দুনিয়ার নিচস্থ পানিতে, যা যা আছে, তাদের কোন মূর্তি তৈরি করো না; 9তুমি তাদের কাছে সেজ্‌দা করো না এবং তাদের সেবা করো না; কেননা তোমার আল্লাহ্‌ মাবুদ আমি স্বগৌরব রক্ষণে উদ্যোগী আল্লাহ্‌; আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদের উপরে বর্তাই, যারা আমাকে অগ্রাহ্য করে, তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই; 10কিন্তু যারা আমাকে মহব্বত কর ও আমার সমস্ত হুকুম পালন করে, আমি তাদের হাজার হাজার পুরুষ পর্যন্ত অটল মহব্বত প্রকাশ করি।
11তোমার আল্লাহ্‌ মাবুদের নাম অনর্থক নিও না, কেননা যে কেউ তাঁর নাম অনর্থক নেয়, মাবুদ তাকে নির্দোষ বলে গ্রহণ করবেন না।
12তোমার আল্লাহ্‌ মাবুদের হুকুম অনুসারে বিশ্রামবার পালন করে পবিত্র বলে মান্য করো। 13ছয় দিন পরিশ্রম করো, তোমার সমস্ত কাজ করো; 14কিন্তু সপ্তম দিন তোমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে বিশ্রামবার; সেদিন তুমি, বা তোমার পুত্র, বা কন্যা, বা তোমার গোলাম বা বাঁদী, বা তোমার গরু, বা গাধা, বা অন্য কোন পশু, বা তোমার তোরণদ্বারের মধ্যবর্তী বিদেশী, কেউ কোন কাজ করো না; তোমার গোলাম ও তোমার বাঁদী যেন তোমার মত বিশ্রাম পায়। 15স্মরণে রেখো, মিসর দেশে তুমি গোলাম ছিলে, কিন্তু তোমার আল্লাহ্‌ মাবুদ শক্তিশালী হাত ও বাড়িয়ে দেওয়া বাহু দ্বারা সেখান থেকে তোমাকে বের করে এনেছেন। এজন্য তোমার আল্লাহ্‌ মাবুদ বিশ্রামবার পালন করতে তোমাকে হুকুম করেছেন।
16তোমার আল্লাহ্‌ মাবুদের হুকুম অনুসারে তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করো; যেন তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে যে দেশ দেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয় ও তুমি মঙ্গল লাভ কর।
17খুন করো না।
18জেনা করো না।
19চুরি করো না।
20তুমি প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।
21তোমার প্রতিবেশীর স্ত্রীর উপর লোভ করো না; প্রতিবেশীর বাড়ি বা ক্ষেতের উপর, কিংবা তার গোলাম বা বাঁদীর উপর, কিংবা তার গরু বা গাধার উপর, প্রতিবেশীর কোন বস্তুর উপরই লোভ করো না।
হযরত মূসার মধ্যস্থতা
22মাবুদ পর্বতে আগুন, মেঘ ও ঘোর অন্ধকারের মধ্য থেকে তোমাদের সমস্ত সমাজের কাছে এসব কালাম জোর উচ্চারণে বলেছিলেন, আর কিছুই বলেন নি। পরে তিনি এই সমস্ত কথা দু’টি পাথরের ফলকে লিখে আমাকে দিয়েছিলেন। 23কিন্তু যখন তোমরা অন্ধকারের মধ্য থেকে সেই বাণী শুনতে পেলে এবং যখন আগুনে পর্বত জ্বলছিল তখন তোমরা, তোমাদের বংশের নেতৃবর্গ ও প্রাচীনবর্গরা সকলে আমার কাছে এসে বললে, 24দেখ, আমাদের আল্লাহ্‌ মাবুদ আমাদের কাছে তাঁর প্রতাপ ও মহিমা দেখালেন এবং আমরা আগুনের মধ্য থেকে তাঁর বাণী শুনতে পেলাম; মানুষের সঙ্গে আল্লাহ্‌ কথা বললেও সে বাঁচতে পারে, এই আমরা আজ দেখলাম। 25কিন্তু আমরা এখন কেন মরবো? ঐ মহান আগুন তো আমাদেরকে গ্রাস করবে; আমরা যদি আমাদের আল্লাহ্‌ মাবুদের কথা আবার শুনি, তবে মারা পড়বো। 26কেননা যারা মাংসময়, তাদের মধ্যে এমন কে আছে যে, আমাদের মত আগুনের মধ্য থেকে জীবন্ত আল্লাহ্‌র, যাঁর মুখ থেকে বাণী নিঃসৃত হয়, আর তা শুনে বেঁচেছে? 27তুমিই কাছে গিয়ে আমাদের আল্লাহ্‌ মাবুদ যে সমস্ত কথা বলেন, তা শোন; আমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাকে যা যা বলবেন, সেসব কথা তুমি আমাদের বলো; আমরা তা শুনে পালন করবো।
28তোমরা যখন আমাকে এই কথা বললে, তখন মাবুদ তোমাদের সেসব আবেদন শুনলেন; আর মাবুদ আমাকে বললেন, এই লোকেরা তোমাকে যা যা বলেছে, সেই আবেদন আমি শুনলাম; তারা যা যা বলেছে, সেসব ভালই বলেছে। 29আহা, সব সময় আমাকে ভয় ও আমার সমস্ত হুকুম পালন করতে যদি তাদের এরকম মন থাকে, তবে তাদের ও তাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হবে। 30তুমি যাও, তাদেরকে নিজ নিজ তাঁবুতে ফিরে যেতে বল। 31কিন্তু তুমি আমার কাছে এই স্থানে দাঁড়াও, তুমি তাদেরকে যা যা শিক্ষা দেবে, আমি তোমাকে সেসব হুকুম, বিধি ও অনুশাসন বলে দেই, যেন আমি যে দেশ অধিকার হিসেবে তাদেরকে দিচ্ছি সেই দেশে তারা তা পালন করে চলে। 32অতএব তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদেরকে যেমন হুকুম করলেন, তা যত্নপূর্বক পালন করবে, তার ডানে বা বামে ফিরবে না। 33তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদেরকে যে যে পথে চলবার হুকুম দিলেন, সেসব পথে চলবে; যেন তোমরা বাঁচতে পার ও তোমাদের মঙ্গল হয় এবং যে দেশ তোমরা অধিকার করবে সেখানে তোমাদের দীর্ঘ পরমায়ু হয়।

Označeno

Deli

Primerjaj

Kopiraj

None

Želiš, da so tvoji poudarki shranjeni v vseh tvojih napravah? Registriraj se ali se prijavi