যাত্রাপুস্তক 5
5
ফরৌণের সামনে মোশি ও হারোণ
1পরে মোশি ও হারোণ গিয়ে ফরৌণকে বললেন, “সদাপ্রভু্, যিনি ইস্রায়েলীয়দের ঈশ্বর, তিনি বলছেন, ‘আমার লোকেরা যাতে মরু-এলাকায় গিয়ে আমার উদ্দেশে একটা উৎসবের অনুষ্ঠান করতে পারে সেইজন্য তাদের যেতে দাও।’ ”
2কিন্তু ফরৌণ বললেন, “কে আবার এই সদাপ্রভু, যে আমি তার আদেশ মেনে ইস্রায়েলীয়দের যেতে দেব? এই সদাপ্রভুকেও আমি চিনি না আর ইস্রায়েলীয়দেরও আমি যেতে দেব না।”
3তখন তাঁরা বললেন, “ইব্রীয়দের ঈশ্বর আমাদের দেখা দিয়েছেন। তাই আপনি দয়া করে আমাদের যেতে দিন যাতে আমরা মরু-এলাকায় তিন দিনের পথ গিয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পশু উৎসর্গ করতে পারি। তা না হলে তিনি হয়তো কোন মড়ক বা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের উপর শাস্তি আনবেন।”
4উত্তরে মিসরের রাজা তাঁদের বললেন, “মোশি ও হারোণ, তোমরা কাজ থেকে লোকদের মন সরিয়ে দিচ্ছ কেন? যাও, তোমরা কাজে ফিরে যাও। 5দেখ, দেশে তোমাদের লোকসংখ্যা এখন বেড়ে গেছে, আর তোমাদের দরুন তারা কাজ বন্ধ করে দিচ্ছে।”
6ফরৌণ সেই দিনই দাসদের উপর নিযুক্ত-করা অত্যাচারী সর্দারদের ও ইস্রায়েলীয় পরিচালকদের এই হুকুম দিলেন, 7“ইট তৈরীর জন্য লোকদের তোমরা আর খড়কুটা দেবে না। তারা নিজেরাই নিজেদের খড় যোগাড় করে নেবে। 8কিন্তু তবুও তারা আগে যতগুলো ইট তৈরী করত ঠিক ততগুলোই তোমরা তাদের কাছ থেকে বুঝে নেবে, একটাও কমাবে না। লোকগুলো অলস বলেই তারা গিয়ে তাদের ঈশ্বরের উদ্দেশে পশু উৎসর্গ করবার কথা নিয়ে হৈ-চৈ করছে। 9তোমরা তাদের উপর আরও ভারী কাজ চাপিয়ে দাও, যাতে মিথ্যা কথায় কান না দিয়ে তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে।”
10তখন দাসদের উপর নিযুক্ত-করা অত্যাচারী সর্দারেরা ও ইস্রায়েলীয় পরিচালকেরা বাইরে গিয়ে লোকদের বলল, “ফরৌণ বলছেন যে, তিনি আর তোমাদের খড়ের যোগান দেবেন না। 11তোমরা যেখানে পাও সেখান থেকে খড়কুটা যোগাড় করে নেবে। কিন্তু তাতে তোমাদের কাজ একটুও কমিয়ে দেওয়া হবে না।”
12কাজেই লোকেরা খড়ের বদলে নাড়া যোগাড় করবার জন্য মিসর দেশের সব জায়গায় ছড়িয়ে পড়ল। 13সেই সর্দারেরা তাদের তাড়া দিয়ে বলতে লাগল, “আগে খড় যোগান দেবার সময় তোমরা রোজ যতগুলো ইট তৈরী করতে এখনও তোমাদের ঠিক ততগুলোই তৈরী করে দিতে হবে।” 14পরে একদিন ফরৌণের সেই সর্দারেরা তাদের নিযুক্ত ইস্রায়েলীয় পরিচালকদের মারধর করে বলল, “যতগুলো করে ইট রোজ তোমাদের তৈরী করবার কথা তোমরা আগের মত তা করছ না কেন? তোমরা আজকেও তা কর নি আর তার আগের দিনও কর নি।”
15এতে ইস্রায়েলীয় পরিচালকেরা ফরৌণের কাছে গিয়ে কান্নাকাটি করে বলল, “আপনার দাসদের সংগে আপনি এ কি রকম ব্যবহার করছেন? 16কোন খড়কুটা আমাদের দেওয়া হয় না, অথচ সর্দারেরা আমাদের ইট তৈরী করতে বলেন। আর দেখুন, আপনার দাসদের মারধর করা হচ্ছে, কিন্তু দোষটা আপনার নিজের লোকদেরই।”
17উত্তরে ফরৌণ তাদের বললেন, “তোমরা অলস, খুব কুঁড়ে। সেইজন্যই তোমরা বলছ, ‘সদাপ্রভুর উদ্দেশে পশু উৎসর্গ করবার জন্য আমাদের যেতে দিন।’ 18যাও, কাজ কর গিয়ে। তোমাদের আর খড়কুটা দেওয়া হবে না, তবুও তোমাদের যতগুলো ইট তৈরী করবার কথা তা করতেই হবে।”
19তখন ইস্রায়েলীয় পরিচালকেরা বুঝল যে, তারা বিপদে পড়েছে, কারণ তাদের বলা হয়েছিল আগে প্রতিদিন তারা যতগুলো করে ইট তৈরী করত এখনও ঠিক ততগুলোই করতে হবে। 20তারা ফরৌণের সামনে থেকে বের হয়ে এসে মোশি ও হারোণের দেখা পেল। তাঁরা তাদের জন্যই অপেক্ষা করছিলেন। 21পরিচালকেরা তাঁদের বলল, “সদাপ্রভু যেন আপনাদের শাস্তি দেন, কারণ ফরৌণ ও তাঁর কর্মচারীদের কাছে আপনারা আমাদের একটা দুর্গন্ধের মত করে তুলেছেন, আর তাতে আমাদের মেরে ফেলবার তলোয়ার তাদের হাতে তুলে দিয়েছেন।”
মোশির দুঃখ প্রকাশ ও ঈশ্বরের আশ্বাস দান
22তখন মোশি ফিরে গিয়ে সদাপ্রভু্কে বললেন, “হে প্রভু, এই জাতিকে কেন তুমি কষ্টে ফেলেছ? কেনই বা তুমি আমাকে পাঠিয়েছ? 23তোমার নামে ফরৌণের কাছে কথা বলবার পর থেকেই এই লোকদের উপর বিপদ নেমে এসেছে। কই তুমি তোমার লোকদের রক্ষা করলে? ”
Trenutno izbrano:
যাত্রাপুস্তক 5: SBCL
Označeno
Kopiraj
Primerjaj
Deli
Želiš, da so tvoji poudarki shranjeni v vseh tvojih napravah? Registriraj se ali se prijavi
© The Bangladesh Bible Society, 2000