Logo aplikacji Biblia
Ikona wyszukiwania

লেবীয় পুস্তক 26

26
ঈশ্বরকে মান্য করার পুরস্কার
1“তোমাদের নিজেদের জন্য প্রতিমূর্ত্তি গড়বে না। তাদের প্রণাম করবার জন্যে তোমাদের দেশে মূর্ত্তি বা স্মৃতিফলকসমূহ গড়বে না। কেন? কারণ আমিই প্রভু তোমাদের ঈশ্বর!
2“আমার বিশ্রামের বিশেষ দিনগুলি মনে রেখো এবং আমার পবিত্র স্থানকে সম্মান দিও। আমিই প্রভু!
3“আমার বিধিসমূহ ও আজ্ঞাসমূহ মনে রেখো এবং তাদের মান্য করো। 4যদি তোমরা আমার আজ্ঞাসমূহ মেনে চলো তাহলে যে সময়ে বৃষ্টি আসা উচিৎ‌, আমি সে সময়ে তোমাদের বৃষ্টি দেবো। জমিতে শস্য উৎপন্ন হবে এবং মাঠের বৃক্ষগুলিতে ফল ধরবে। 5দ্রাক্ষা ফলগুলি সংগ্রহ করার সময় না আসা পর্যন্ত তোমাদের শস্যাদি মাড়াই চলতে থাকবে এবং রোপণের সময় না আসা পর্যন্ত তোমাদের দ্রাক্ষা সংগ্রহ চলতে থাকবে। সুতরাং খাবার জন্য তোমাদের প্রচুর খাবার থাকবে এবং তোমরা নির্ভয়ে তোমাদের দেশে বাস করবে। 6আমি তোমাদের দেশে শান্তি বজায় রাখবো। তোমরা শান্তিতে থাকবে। কোন মানুষ তোমাদের ভীত সন্ত্রস্ত করবে না। বিপজ্জনক প্রাণীদের তোমাদের দেশের বাইরে রাখবো। আর তোমাদের দেশে শত্রু সৈন্যরা আসবে না।
7“তোমরা তোমাদের শত্রুদের তাড়া করে পরাজিত করবে এবং তরবারি দিয়ে তাদের হত্যা করবে। 8তোমাদের পাঁচ জন তাদের 100 জনকে ধাওয়া করবে এবং 100 জন ধাওয়া করবে 10,000 জনকে। তোমরা তোমাদের শত্রুদের পরাজিত করবে এবং তোমাদের অস্ত্র দিয়ে তাদের হত্যা করবে।
9“আর আমি তোমাদের প্রতি প্রসন্ন হব। আমি তোমাদের অনেক সন্তান-সন্ততি দিয়ে আশীর্বাদ করব এবং তোমাদের সংখ্যা বৃদ্ধি করব। আমি তোমাদের সঙ্গে আমার চুক্তি রক্ষা করবো। 10এক বছরের বেশী সময় ধরে তোমরা তোমাদের জমা করা শস্য খাবে। তোমরা নতুন শস্যাদি ছেদন করবে, তারপর নতুন শস্যগুলি রাখার মত জায়গার জন্য পুরানো শস্যগুলিকে ফেলে দেবে। 11এছাড়াও আমি তোমাদের মধ্যে আমার পবিত্র শিবির বসাবো। আমি তোমাদের থেকে সরে যাবো না। 12আমি তোমাদের সঙ্গে ওঠা বসা করব, তোমাদের ঈশ্বর হবো এবং তোমরা হবে আমার লোকজন। 13আমিই প্রভু, তোমাদের ঈশ্বর। তোমরা মিশরে দাস ছিলে, কিন্তু আমি তোমাদের মিশরের বাইরে এনেছি। দাস হয়ে তোমরা ভারী ওজনের জিনিস বইতে গিয়ে নুয়ে থাকতে, কিন্তু আমি তোমাদের কাঁধের যোয়ালীর কাঠ ভেঙ্গে দিয়েছি। আমি তোমাদের আবার সোজা হয়ে হাঁটবার সুযোগ দিয়েছি।
ঈশ্বরকে না মানার শাস্তি
14“কিন্তু যদি তোমরা আমাকে এবং আমার সমস্ত আজ্ঞাগুলি মান্য না করো, তাহলে এই সমস্ত খারাপ ঘটনাগুলো ঘটবে। 15যদি তোমরা আমার বিধিসমুহ এবং আজ্ঞাগুলি মানতে অস্বীকার কর, তার অর্থ তোমরা আমার চুক্তি ভঙ্গ করেছো। 16যদি তোমরা তা করো, সেক্ষেত্রে আমি ভয়ঙ্কর সব ঘটনা ঘটাবো, আমি তোমাদের মধ্যে ছড়িয়ে দেব রোগ এবং জ্বর। সেগুলি তোমাদের চোখ নষ্ট করবে এবং তোমাদের প্রাণ নেবে। তোমরা বৃথাই বীজ বপন করবে, কারণ তোমাদের শত্রুরা তোমাদের শস্যসমুহ খেয়ে নেবে। 17আমি তোমাদের বিরুদ্ধে দাঁড়াব, তাই তোমাদের শত্রুরা তোমাদের পরাজিত করবে। সেইসব শত্রুরা তোমাদের ঘৃণা করবে এবং শাসন করবে। এমন কি তোমাদের কেউ তাড়া না করলেও তোমরা পালাতে থাকবে।
18“এই সমস্ত কিছুর পরও যদি তোমরা আমাকে মান্য না করো, তবে আমি তোমাদের পাপসমুহের জন্য সাতগুণ বেশী শাস্তি দেবো। 19এবং যা তোমাদের গর্বিত করে সেই শহরগুলিকেও আমি ধ্বংস করে দেবো। আকাশ বৃষ্টি দেবে না এবং মাটিতেও শস্য জন্মাবে না। 20তোমরা কঠিন পরিশ্রম করবে, কিন্তু তাতে তোমাদের কোন সাহায্য হবে না। তোমাদের জমি কোন শস্য দেবে না এবং তোমাদের গাছগুলিতে ফল ফলবে না।
21“যদি তা সত্ত্বেও তোমরা আমার বিরুদ্ধে থাকো এবং আমাকে মান্য করতে অস্বীকার করো, আমি তোমাদের সাতগুণ কঠিন আঘাত করব। তোমরা যত পাপ করবে, তত শাস্তি পাবে। 22আমি তোমাদের বিরুদ্ধে বুনো জন্তুদের পাঠাবো। তারা তোমাদের কাছ থেকে তোমাদের ছেলেমেয়েদের ছিনিয়ে নেবে, তোমাদের প্রাণীদের ধ্বংস করবে এবং তোমাদের অনেককে হত্যা করবে। লোকরা হাঁটাচলা করতে ভয় পাবে—রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে।
23“ঐ সমস্ত কিছুর পরও তোমরা যদি উচিৎ‌ শিক্ষা না পাও এবং তারপরও যদি আমার বিরুদ্ধাচারী হও, 24তাহলে আমিও তোমাদের বিরুদ্ধে যাবো। আমি নিজে তোমাদের পাপসমুহের সাতগুণ শাস্তি দেব। 25চুক্তিভঙ্গ করার শাস্তি দিতে আমি তোমাদের বিরুদ্ধে সৈন্যদের পাঠাবো। তোমরা তোমাদের নিরাপত্তার জন্য শহরে যাবে; কিন্তু আমি তোমাদের মধ্যে মহামারী ছড়িয়ে দেব। এবং তোমাদের শত্রুরা তোমাদের পরাজিত করবে। 26আমি তোমাদের খাদ্য যোগানো বন্ধ করে দিলে একটি মাত্র উনুনে দশ জন মহিলা তাদের সমস্ত রুটি সেঁকতে পারবে। তারা তোমাদের মেপে খেতে দেবে তাই তোমরা আহার করবে কিন্তু তবু ক্ষুধার্ত থাকবে।
27“তা সত্ত্বেও তোমরা যদি আমার কথা শুনতে অস্বীকার করো এবং যদি তবু আমার বিরুদ্ধাচারণ করো, 28তাহলে আমি সত্যিই তোমাদের প্রতি ক্রুদ্ধ হবো এবং তোমাদের পাপসমুহের জন্য সাতগুণ শাস্তি দেব। 29তোমরা এত বেশী ক্ষুধার্ত হবে যে তোমরা তোমাদের ছেলেদের এবং মেয়েদের ভক্ষণ করবে। 30আমি তোমাদের উচ্চ স্থানগুলিকে#26:30 উচ্চ স্থানগুলিকে ঈশ্বর অথবা মূর্ত্তির উপাসনার জায়গা। এগুলি সাধারণতঃ পাহাড় পর্বতের ওপর হত। এবং মূর্ত্তির স্থানগুলিকে ধ্বংস করব। আমি সুগন্ধী উৎসর্গ করার বেদীগুলি নষ্ট করে দেব। আমি তোমাদের মৃতদেহগুলিকে তোমাদের মূর্ত্তির ওপর ফেলে দেব। আমার কাছে তোমরা হবে নিদারুণ বিরক্তিকর। 31আমি তোমাদের শহরগুলি ধ্বংস করব, তোমাদের পবিত্র স্থানগুলিকে ফাঁকা করে দেব। আমি তোমাদের নৈবেদ্যসমুহের সুগন্ধের গন্ধ আর নেবো না। 32আমি তোমাদের দেশকে ফাঁকা করব এবং তোমাদের শত্রুরা যারা সেখানে বসবাস করতে আসবে তারা তাই দেখে চমকে উঠবে। 33আমি তোমাদের জাতিগুলির মধ্যে ছড়িয়ে দেব এবং আমি আমার তরোয়াল বার করে তোমাদের ধ্বংস করব। তোমাদের দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে এবং শহরগুলি উচ্ছন্নে যাবে।
34“তোমরা তোমাদের শত্রুর দেশে আনীত হবে। তোমাদের দেশ হবে শূন্য, সুতরাং তোমাদের জমি নিয়ম অনুযায়ী তার বিশ্রাম পাবে। জমি তার বিশ্রাম সময়কে উপভোগ করবে। 35বিধি অনুযায়ী প্রতি সাত বছরে জমি এক বছর বিরাম পাবে। জমি শূন্য থাকার সময়ে বিরাম পাবে যা সেখানে তোমরা বাস করার সময় তাকে দাও নি। 36প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা#26:36 প্রাণে … ব্যক্তিরা লোকরা যারা ধ্বংস থেকে রক্ষা পায়। এখানে এর অর্থ ইহুদী লোকরা তাদের জমি ধ্বংসের সময় রক্ষা পেয়েছিল এবং তাদের শত্রুদের দেশে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের শত্রুর দেশে নিজেদের সাহস হারাবে। তারা প্রত্যেক বিষয়ে আতঙ্কিত হবে। বাতাসে নড়া পাতার শব্দই তাদের ছুটে পালানোর পক্ষে যথেষ্ট হবে। তারা এমনভাবে দৌড়াতে থাকবে যেন কেউ তাদের তরবারি নিয়ে তাড়া করছে। এমন কি কেউ তাড়া না করলেও তারা উল্টে পড়বে। 37কেউ পিছনে তাড়া না করলেও তরবারির ভয়ে প্রাণ বাঁচাতে তারা একে অপরের গায়ে উল্টে পড়বে।
“শত্রুদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি তোমাদের হবে না। 38অন্য দেশগুলির মধ্যে তোমরা হারিয়ে যাবে। তোমাদের শত্রুদের দেশে তোমরা মুছে যাবে। 39প্রাণে বেঁচে যাওয়া অবশিষ্ট লোকরা শত্রুদের রাজ্যগুলিতে তাদের নিজেদের পাপে এবং পূর্বপুরুষদের পাপে ক্ষয়ে যাবে।
আশা ভরসার কথা
40“কিন্তু হতে পারে লোকরা তাদের পাপসমুহ স্বীকার করবে এবং হয়তো তারা তাদের পূর্বপুরুষদের পাপসমুহকে স্বীকার করবে। তারা হয়তো স্বীকার করবে যে তারা আমার প্রতি অবিশ্বস্ত হয়েছিল এবং আমার বিরুদ্ধাচারী হয়ে পাপ করেছিল। 41এবং তাই আমিও তাদের বিরুদ্ধে গিয়েছিলাম এবং শত্রুদের তাদের রাজ্যে এনেছিলাম। এরপর যদি তারা নম্র হয় এবং তাদের পাপের জন্য দেওয়া শাস্তিকে গ্রহণ করে, 42তাহলে ইস্রায়েলে যাকোবের সঙ্গে আমার করা সেই চুক্তিকে আমি স্মরণ করব। আমি ইস‌্হাকের সঙ্গে করা চুক্তিকে স্মরণ করব এবং অব্রাহামের সঙ্গে করা চুক্তিকে স্মরণ করব। আমি দেশকে স্মরণ করব।
43“দেশ শূন্য হয়ে যাবে এবং ধ্বংসস্থান তার বিশ্রামের সময় উপভোগ করবে। তখন অবশিষ্ট জীবিতরা তাদের পাপের শাস্তিকে মেনে নেবে। তারা বুঝবে যে তারা আমার বিধিসমুহকে ঘৃণা করেছিল এবং আমার নিয়মাবলীকে মানতে অস্বীকার করেছিল বলে শাস্তি পেয়েছিল। 44কিন্তু এর পরেও শত্রুদের দেশে থাকাকালীন তারা যদি আমার কাছে সাহায্যের জন্য ফিরে আসে আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেব না। আমি তাদের কথা শুনবো। আমি তাদের সম্পূর্ণ ধ্বংস করব না। আমি তাদের সঙ্গে আমার চুক্তি ভঙ্গ করব না কারণ আমিই প্রভু তাদের ঈশ্বর। 45তাদের ভালোর জন্যই আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করা চুক্তি স্মরণ করব। আমি অন্য জাতিদের সামনেই মিশর দেশ থেকে তাদের পূর্বপুরুষদের এনেছিলাম, যাতে আমি তাদের ঈশ্বর হতে পারি। আমিই প্রভু।”
46ঐগুলি হল বিধি, নিয়ম এবং শিক্ষামালা ইস্রায়েলে প্রভু ইস্রায়েলের লোকদের দিয়েছিলেন। প্রভু সীনয় পর্বতে ঐ বিধিগুলিকে দিয়েছিলেন এবং মোশি সেগুলি লোকদের জানিয়েছিল।

Podkreślenie

Kopiuj

Porównaj

Udostępnij

None

Chcesz, aby twoje zakreślenia były zapisywane na wszystkich twoich urządzeniach? Zarejestruj się lub zaloguj