২ বাদশাহ্‌নামা 21

21
এহুদার বাদশাহ্‌ মানশা
1মানশা বারো বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং পঞ্চান্ন বছরকাল জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম হিফ্‌সীবা। 2মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন; মাবুদ বনি-ইসরাইলদের সম্মুখ থেকে যে জাতিদেরকে অধিকারচ্যূত করেছিলেন, তিনি তাদের ঘৃণিত কাজ অনুসারেই করতেন। 3বাস্তবিক তাঁর পিতা হিষ্কিয় যেসব উচ্চস্থলী বিনষ্ট করেছিলেন, তিনি সেগুলো পুনর্বার নির্মাণ করলেন এবং ইসরাইলের বাদশাহ্‌ আহাব যেমন করেছিলেন, তেমনি তিনি বালের জন্য কোরবানগাহ্‌ প্রস্তুত করলেন এবং আশেরা-মূর্তি নির্মাণ করলেন, আর আসমানের সমস্ত বাহিনীর কাছে সেজ্‌দা ও তাদের সেবা করতেন। 4আর মাবুদ যে গৃহের উদ্দেশে বলেছিলেন, আমি জেরুশালেমে আমার নাম স্থাপন করবো, মাবুদের সেই গৃহে তিনি কতকগুলো কোরবানগাহ্‌ তৈরি করলেন। 5আর তিনি মাবুদের গৃহের দুই প্রাঙ্গণে আসমানের সমস্ত বাহিনীর জন্য কোরবানগাহ্‌ তৈরি করলেন। 6আর তিনি তাঁর পুত্রকে আগুনের মধ্য দিয়ে গমন করালেন ও গণকতা ও মোহকের ব্যবহার করতেন এবং ভূতড়িয়াদের ও গুনিনদেরকে রাখতেন। তিনি মাবুদের দৃষ্টিতে ভীষণ কদাচরণ করে তাঁকে অসন্তুষ্ট করলেন। 7আর তিনি আশেরার যে খোদাই-করা মূর্তি তৈরি করেছিলেন, তা সেই গৃহে স্থাপন করলেন, যার বিষয়ে মাবুদ দাউদ ও তাঁর পুত্র সোলায়মানকে এই কথা বলেছিলেন, আমি এই গৃহে এবং ইসরাইলের সমস্ত বংশের মধ্যে আমার মনোনীত এই জেরুশালেমে আমার নাম চিরকালের জন্য স্থাপন করবো; 8আর আমি তাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দিয়েছি, সেই দেশ থেকে ইসরাইলকে আর ঘুরে বেড়াতে দেব না; যদি কেবল তারা আমি তাদেরকে যেসব হুকুম দিয়েছি এবং আমার গোলাম মূসা তাদেরকে যে সমস্ত ব্যবস্থা দিয়েছে সেই অনুসারে যত্নপূর্বক চলে। 9কিন্তু তারা শুনল না, আর মাবুদ বনি-ইসরাইলদের সম্মুখ থেকে যে জাতিদেরকে বিনষ্ট করেছিলেন, তাদের চেয়ে বেশি কদাচরণ করতে মানশা তাদেরকে কুপ্রবৃত্তি দিতেন।
10আর মাবুদ তাঁর গোলাম নবীদের দ্বারা এই কথা বললেন, 11এহুদার বাদশাহ্‌ মানশা এসব ঘৃণিত কাজ করেছে; তার আগে যে ইমোরীয়েরা ছিল, তাদের কৃত সমস্ত কাজ থেকেও সে বেশি দুষ্কর্ম করেছে এবং তার পুত্তলিদের দ্বারা এহুদাকেও গুনাহ্‌ করিয়েছে। 12অতএব ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, দেখ, আমি জেরুশালেম ও এহুদার উপরে এমন অমঙ্গল আনবো যে, তা যে কেউ শুনবে, তার কর্ণযুগল শিহরিত হয়ে উঠবে। 13আর আমি জেরুশালেমের উপরে সামেরিয়ার সুতা ও আহাব-কুলের ওলন বিস্তার করবো; যেমন কেউ থালা মুছে ফেলে এবং মোছার পর তা উল্টিয়ে উবুড় করে, তেমনি আমি জেরুশালেমকে মুছে ফেলবো। 14আর আমি আমার অধিকারের অবশিষ্টাংশ ত্যাগ করবো ও তাদের দুশমনদের হাতে তাদেরকে তুলে দেব; তারা তাদের সমস্ত দুশমনের শিকারের ও লুটের বস্তুস্বরূপ হবে। 15এর কারণ হল আমার দৃষ্টিতে যা মন্দ তারা তা-ই করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিসর থেকে বের হয়ে এসেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত আমাকে অসন্তুষ্ট করে এসেছে।
16মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা করে মানশা এহুদাকে গুনাহ্‌ করিয়েছিলেন, তাঁর এই গুনাহ্‌ ছাড়াও তিনি আবার অনেক নির্দোষের রক্তপাতও করেছিলেন, এমন কি, জেরুশালেমের এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত রক্তে পরিপূর্ণ করেছিলেন।
17মানশার অবশিষ্ট কাজের বৃত্তান্ত, সমস্ত কাজের বিবরণ ও তাঁর কৃত গুনাহ্‌ কি এহুদা-বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা নেই? 18পরে মানশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং তাঁর বাড়ির বাগানে, উষের বাগানে তাঁকে দাফন করা হল; আর তাঁর পুত্র আমোন তাঁর পদে বাদশাহ্‌ হলেন।
এহুদার বাদশাহ্‌ আমোন
19আমোন বাইশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং জেরুশালেমে দু’বছর কাল রাজত্ব করেন; তাঁর মায়ের নাম মশুল্লেমৎ, তিনি ষট্‌বাস্থ হারুষের কন্যা। 20তাঁর পিতা মানশা যেমন করেছিলেন, তিনিও তেমনি মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই করতেন। 21তাঁর পিতা যে পথে চলেছিলেন, তিনিও সেসব পথে চলতেন এবং তাঁর পিতা যেসব মূর্তির সেবা করেছিলেন, তিনিও সেই সবের সেবা ও তাদের কাছে সেজ্‌দা করতেন; 22তিনি তাঁর পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদকে ত্যাগ করেছিলেন; মাবুদের পথে চলতেন না।
23পরে আমোনের গোলামেরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলো, আর তারা বাদশাহ্‌কে তাঁর বাড়িতে হত্যা করলো। 24কিন্তু দেশের লোকেরা আমোন বাদশাহ্‌র বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে হত্যা করলো; পরে দেশের লোকেরা তাঁর পুত্র ইউসিয়াকে তাঁর পদে বাদশাহ্‌ করলো। 25আমোনের কৃত অবশিষ্ট কাজের বৃত্তান্ত এহুদা-বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই? 26উষের বাগানে অবস্থিত তাঁর নিজের কবরে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র ইউসিয়া তাঁর পদে বাদশাহ্‌ হলেন।

Highlight

Salin

Bandingkan

Kongsi

None

Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk