২ বাদশাহ্‌নামা 14

14
এহুদার বাদশাহ্‌ অমৎসিয়
1ইসরাইলের বাদশাহ্‌ যোয়াহসের পুত্র যোয়াশের দ্বিতীয় বছরে এহুদার বাদশাহ্‌ যোয়াশের পুত্র অমৎসিয় রাজত্ব করতে আরম্ভ করেন। 2তিনি পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করে জেরুশালেমে ঊনত্রিশ বছর রাজত্ব করেন; তাঁর মায়ের নাম যিহোয়দ্দিন, তিনি জেরুশালেম-নিবাসী। 3মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য, অমৎসিয় তা করতেন, তবুও তাঁর পূর্বপুরুষ দাউদের মত করতেন না; তিনি তাঁর পিতা যোয়াশের মতই সমস্ত কাজ করতেন। 4তবুও সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন হল না; লোকেরা তখনও উচ্চস্থলীতে কোরবানী করতো ও ধূপ জ্বালাত।
5রাজ্য তাঁর হাতে স্থির হওয়ার পর তাঁর যে গোলামেরা তাঁর পিতা বাদশাহ্‌কে হত্যা করেছিল তাদেরকে তিনি হত্যা করলেন। 6কিন্তু তিনি মূসার শরীয়ত-কিতাবে লেখা নির্দেশ অনুসারে সেই হত্যাকারীদের সন্তানদেরকে হত্যা করলেন না, যেমন মাবুদ হুকুম দিয়েছিলেন, “সন্তানের জন্য পিতার, কিংবা পিতার জন্য সন্তানের প্রাণদণ্ড করা যাবে না; প্রত্যেক জন যার যার গুনাহ্‌র দরুণই মরতে হবে।”
7তিনি লবণ-উপত্যকায় ইদোমের দশ হাজার লোককে হত্যা করলেন ও যুদ্ধ দ্বারা সেলা অধিকার করে তার নাম যক্তেল রাখলেন; আজও তা রয়েছে।
8সেই সময় অমৎসিয় দূত পাঠিয়ে যেহূর পৌত্র যিহোয়াহসের পুত্র ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশকে বললেন, এসো, আমরা পরস্পর মুখ দেখাদেখি করি। 9ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশ এহুদার বাদশাহ্‌ অমৎসিয়ের কাছে লোক পাঠিয়ে বললেন, লেবাননস্থ শিয়ালকাঁটা লেবাননস্থ এরস গাছের কাছে বলে পাঠাল, আমার পুত্রের সঙ্গে তোমার কন্যার বিয়ে দাও; ইতোমধ্যে লেবাননস্থ একটি বন্য পশু চলতে চলতে সেই শিয়ালকাঁটা দলন করে ফেলে। 10তুমি ইদোমকে আঘাত করেছ বলে তোমার অন্তর গর্বিত হয়েছে; নিজের বড়াই কর ও ঘরে বসে থাক; অমঙ্গল চেয়ে বিরোধ করতে কেন প্রবৃত্ত হবে? এবং তোমার ও এহুদার উভয়ের কেন ধ্বংস ডেকে আনবে? কিন্তু অমৎসিয় কথা শুনলেন না।
11অতএব ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশ যুদ্ধযাত্রা করলেন এবং এহুদার অধিকারস্থ বৈৎশেমশে তিনি ও এহুদার বাদশাহ্‌ অমৎসিয় পরস্পর মুখ দেখাদেখি করলেন। 12তখন ইসরাইলের সম্মুখে এহুদা পরাজিত হল, আর প্রত্যেকে যার যার তাঁবুতে পালিয়ে গেল। 13আর ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশ বৈৎ-শেমশে অহসিয়ের পৌত্র যিহোয়াশের পুত্র এহুদার বাদশাহ্‌ অমৎসিয়কে বন্দী করে জেরুশালেমে আসলেন এবং আফরাহীমের দ্বার থেকে কোণের দ্বার পর্যন্ত জেরুশালেমের চার শত হাত প্রাচীর ভেঙ্গে ফেললেন। 14আর তিনি মাবুদের গৃহে ও রাজপ্রাসাদের ভাণ্ডারে পাওয়া সমস্ত সোনা ও রূপা ও সমস্ত পাত্র এবং বন্ধক হিসেবে কতকগুলো মানুষকে নিয়ে সামেরিয়াতে ফিরে গেলেন।
15যিহোয়াশের কৃত অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও তাঁর বিক্রম এবং এহুদার বাদশাহ্‌ অমৎসিয়ের সঙ্গে তিনি কিরূপ যুদ্ধ করলেন, এসব কি ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস পুস্তকে লেখা নেই? 16পরে যিহোয়াশ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্‌দের সঙ্গে তাঁকে দাফন করা হল, আর তাঁর পুত্র ইয়ারাবিম তাঁর পদে বাদশাহ্‌ হলেন।
17ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াহসের পুত্র যিহোয়াশের মৃত্যুর পর এহুদার বাদশাহ্‌ যোয়াশের পুত্র অমৎসিয় আর পনের বছর জীবিত ছিলেন। 18অমৎসিয়ের অবশিষ্ট কাজের বৃত্তান্ত কি এহুদা-বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা নেই? 19পরে লোকেরা জেরুশালেমে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলো, তাতে তিনি লাখীশে পালিয়ে গেলেন; কিন্তু তারা তাঁর পেছন পেছন লাখীশে লোক পাঠিয়ে সেখানে তাঁকে হত্যা করাল। 20আর ঘোড়ার পিঠে করে তাঁকে এনে, দাউদ-নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে জেরুশালেমে তাঁকে দাফন করলো।
21আর এহুদার সমস্ত লোক ষোল বছর বয়স্ক অসরিয়কে নিয়ে তাঁর পিতা অমৎসিয়ের পদে বাদশাহ্‌ করলো। 22বাদশাহ্‌ অমৎসিয় পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলে পর তিনি এলৎ নগর নির্মাণ এবং তা পুনর্বার এহুদার অধীন করলেন।
ইসরাইলের বাদশাহ্‌ দ্বিতীয় ইয়ারাবিম
23এহুদার বাদশাহ্‌ যোয়াশের পুত্র অমৎসিয়ের পনের বছরে ইসরাইলের বাদশাহ্‌ যোয়াশের পুত্র ইয়ারাবিম সামেরিয়ায় রাজত্ব করতে আরম্ভ করেন এবং একচল্লিশ বছর রাজত্ব করেন। 24মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তিনি তা-ই করতেন; নবাটের পুত্র ইয়ারাবিম যেসব গুনাহ্‌ দ্বারা ইসরাইলকে গুনাহ্‌ করিয়েছিলেন, তিনি তাঁর সেসব গুনাহ্‌ ত্যাগ করলেন না। 25ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ তাঁর গোলাম গাৎ-হেফরীয় অমিত্তয়ের পুত্র ইউনুস নবীর দ্বারা যে কথা বলেছিলেন, সেই অনুসারে তিনি হমাতের প্রবেশস্থান থেকে অরাবার সমুদ্র পর্যন্ত ইসরাইলের সীমা পুনর্বার অধিকার করলেন। 26কারণ মাবুদ দেখেছিলেন যে, ইসরাইলের দুঃখ অতিশয় তীব্র; ফলে, গোলাম বা স্বাধীন মানুষ কেউ ছিল না, ইসরাইলের সাহায্যকারীও কেউ ছিল না। 27আর মাবুদ এমন কথা বলেন নি যে, তিনি ইসরাইলের নাম আসমানের নিচে থেকে লোপ করবেন; কিন্তু তিনি যোয়াশের পুত্র ইয়ারাবিমের মধ্য দিয়ে তাদেরকে নিস্তার করলেন।
28ইয়ারাবিমের অবশিষ্ট কাজের বৃত্তান্ত এবং সমস্ত কাজ, তিনি সবিক্রমে কিভাবে যুদ্ধ করলেন এবং এহুদার পুরানো অধিকার দামেস্ক ও হমাৎ পুনর্বার কিভাবে ইসরাইলের অধিকারে আনলেন, এসব কথা কি ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা নেই? 29পরে ইয়ারাবিম তাঁর পূর্বপুরুষদের, ইসরাইলের বাদশাহ্‌দের সঙ্গে নিদ্রাগত হইলেন এবং তাঁর পুত্র জাকারিয়া তাঁর পদে বাদশাহ্‌ হলেন।

Highlight

Salin

Bandingkan

Kongsi

None

Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk