১ বাদশাহ্নামা 15
15
এহুদার বাদশাহ্ অবিয়াম
1নবাটের পুত্র ইয়ারাবিম বাদশাহ্র অষ্টাদশ বছরে অবিয়াম এহুদা রাজত্ব করতে আরম্ভ করেন। 2তিনি তিন বছর জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম মাখা; তিনি অবীশালোমের কন্যা। 3তাঁর আগে তাঁর পিতা যেসব গুনাহ্ করেছিলেন তিনিও সেসব গুনাহ্র পথে চলতেন; তাঁর পূর্বপুরুষ দাউদের অন্তঃকরণ যেমন ছিল তাঁর অন্তঃকরণ তেমনি তাঁর আল্লাহ্ মাবুদের উদ্দেশে একাগ্র ছিল না। 4তবুও দাউদের জন্য তাঁর পরে তাঁর সন্তানকে তুলে ধরবার ও জেরুশালেমকে দৃঢ় করার জন্য তাঁর আল্লাহ্ মাবুদ জেরুশালেমে তাঁকে একটি প্রদীপ দিলেন। 5কেননা মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য দাউদ তা-ই করতেন; হিট্টিয় ঊরিয়ের ব্যাপারটি ছাড়া অন্য কোন বিষয়ে তিনি তাঁর সারা জীবনে মাবুদের হুকুম অমান্য করেন নি। 6রহবিয়ামের ও ইয়ারাবিমের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তাঁর সমস্ত জীবনকালে সেই যুদ্ধ চলছিল। 7অবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কর্ম-বিবরণ এহুদা-বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই? আর অবিয়ামের ও ইয়ারাবিমের মধ্যে যুদ্ধ হত। 8পরে অবিয়াম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং লোকেরা তাঁকে দাউদ-নগরে কবর দিল; আর তাঁর পুত্র আসা তাঁর পদে বাদশাহ্ হলেন।
এহুদার বাদশাহ্ আসা
9ইসরাইলের বাদশাহ্ ইয়ারাবিমের বিশ বছরে আসা এহুদার উপর রাজত্ব করতে আরম্ভ করেন। 10তিনি একচল্লিশ বছর জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম মাখা, তিনি অবীশালোমের কন্যা। 11আসা তাঁর পূর্বপুরুষ দাউদের মত মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য, তা-ই করতেন। 12তিনি দেশ থেকে পুরুষ সমকামীদের তাড়িয়ে দিলেন এবং তাঁর পূর্বপুরুষদের তৈরি সমস্ত মূর্তি দূর করে দিলেন। 13আর তাঁর মা মাখা আশেরার জন্য একটি ঘৃণার যোগ্য মূর্তি তৈরি করেছিলেন বলে তাঁকে রাণীমাতার পদ থেকে সরিয়ে দিলেন এবং আসা তাঁর সেই মূর্তি ধ্বংস করে কিদ্রোণ স্রোতের ধারে তা পুড়িয়ে দিলেন। 14কিন্তু সমস্ত উচ্চস্থলী দূরীকৃত হল না; তবুও আসার অন্তঃকরণ সারা জীবন মাবুদের উদ্দেশে একাগ্র ছিল। 15আর তিনি তাঁর পিতার পবিত্রীকৃত ও নিজের পবিত্রীকৃত রূপা, সোনা ও পাত্রগুলো মাবুদের গৃহে আনলেন।
অরামের সঙ্গে সম্পর্ক স্থাপন
16আসা এবং ইসরাইলের বাদশাহ্ বাশার মধ্যে যুদ্ধ হত। 17আর এহুদার বাদশাহ্ আসার কাছে কাউকেও যাতায়াত করতে না দেবার উদ্দেশ্যে ইসরাইলের বাদশাহ্ বাশা এহুদার বিরুদ্ধে যাত্রা করে রামা গাঁথলেন। 18তখন আসা মাবুদের গৃহস্থিত ভাণ্ডারের অবশিষ্ট সমস্ত রূপা ও সোনা এবং রাজ-প্রাসাদের সমস্ত ধন নিয়ে তাঁর গোলামদের হাতে তুলে দিলেন; এবং বাদশাহ্ আসা তাদেরকে হিষিয়োনের পৌত্র টব্রিন্মোণের পুত্র বিনহদদ নামক দামেস্ক-নিবাসী অরামের বাদশাহ্র কাছে এই বলে পাঠালেন, 19আমাতে ও আপনাতে, আমার পিতা ও আপনার পিতাতে নিয়ম আছে; দেখুন, আমি আপনার কাছে রূপা ও সোনা উপহার পাঠালাম; আপনি গিয়ে ইসরাইলের বাদশাহ্ বাশার সঙ্গে আপনার যে নিয়ম আছে তা ভঙ্গ করুন, তা হলে সে আমার কাছ থেকে প্রস্থান করবে। 20তখন বিনহদদ্ বাদশাহ্ আসার কথায় কান দিলেন; তিনি ইসরাইলের নগরগুলোর বিরুদ্ধে তাঁর সেনাপতিদেরকে প্রেরণ করলেন এবং ইয়োন, দান, আবেল-বৈৎ-মাখা ও সমস্ত কিন্নেরৎ এবং নপ্তালির সমস্ত দেশে আঘাত করলেন। 21তখন বাশা এই সংবাদ পেয়ে রামা নির্মাণ থেকে নিবৃত্ত হয়ে তির্সাতে রইলেন। 22পরে বাদশাহ্ আসা সমস্ত এহুদাকে আহ্বান করলেন, কাউকেও বাদ দিলেন না; রামায় বাশা যে পাথর ও কাঠ দিয়ে গেঁথেছিলেন, তারা তার সবকিছু নিয়ে গেল; আর বাদশাহ্ আসা তা দ্বারা বিন্-ইয়ামীনের সেবা ও মিস্পা নগর গাঁথলেন।
23আসার অবশিষ্ট সমস্ত বৃত্তান্ত ও তাঁর সকল বিক্রমের কাজ, সমস্ত কর্মবিবরণ এবং তিনি যে যে নগর গাঁথলেন, এই সমস্ত কথা কি এহুদা-বাদশাহ্দের ইতিহাস পুস্তকে লেখা নেই? কিন্তু বৃদ্ধ বয়সে তাঁর পায়ে রোগ হল। 24পরে আসা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং তাঁর পূর্বপুরুষ দাউদের নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁকে দাফন করা হল। আর তাঁর পুত্র যিহোশাফট তাঁর পদে বাদশাহ্ হলেন।
ইসরাইলের বাদশাহ্ নাদব
25এহুদার বাদশাহ্ আসার দ্বিতীয় বছরে ইয়ারাবিমের পুত্র নাদব ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করেন; তিনি দু’বছর ইসরাইলে রাজত্ব করেন। 26মাবুদের দৃষ্টিতে যা মন্দ তিনি তা-ই করতেন, তাঁর পিতার পথে, তাঁর পিতা যার দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, সেই গুনাহ্-পথে চলতেন।
27আর ইষাখর-কুলজাত অহিয়ের পুত্র বাশা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলেন; এবং বাশা ফিলিস্তিনীদের অধিকৃত গিব্বথোনে তাঁকে আঘাত করলেন; ঐ সময়ে নাদব ও সমস্ত ইসরাইল গিব্বথোন অবরোধ করছিলেন। 28এহুদার বাদশাহ্ আসার তৃতীয় বছরে বাশা নাদবকে খুন করে তাঁর পদে বাদশাহ্ হন। 29বাদশাহ্ হয়েই বাশা ইয়ারাবিমের সমস্ত কুলকে আঘাত করেন। মাবুদ তাঁর গোলাম শীলোনীয় অহিয়ের দ্বারা যে কথা বলেছিলেন, সেই অনুসারে বাশা ইয়ারাবিমের সম্পর্কীয় শ্বাসবিশিষ্ট কাউকেও অবশিষ্ট রাখলেন না, সকলকেই সংহার করলেন। 30এর কারণ এই, ইয়ারাবিম অনেক গুনাহ্ করেছিলেন এবং তার দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন; ফলে এই অসন্তোষজনক কাজ দ্বারা তিনি ইসরাইলের আল্লাহ্ মাবুদকে অসন্তুষ্ট করেছিলেন।
ইসরাইলের বাদশাহ্ বাশা
31নাদবের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কর্ম-বিবরণ কি ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই? 32আর আসার ও ইসরাইলের বাদশাহ্ বাশার মধ্যে সারা জীবন যুদ্ধ হত।
33এহুদার বাদশাহ্ আসার তৃতীয় বছরে অহিয়ের পুত্র বাশা তির্সাতে সমস্ত ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করে চব্বিশ বছর রাজত্ব করেন। 34মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তিনি তা-ই করতেন এবং ইয়ারাবিমের পথে, যার দ্বারা তিনি ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তাঁর সেই গুনাহ্ পথে চলতেন।
Terpilih Sekarang Ini:
১ বাদশাহ্নামা 15: BACIB
Highlight
Salin
Bandingkan
Kongsi
Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013