Лого на YouVersion
Икона за пребарување

১ শামুয়েল 22

22
অদুল্লমে হযরত দাউদ
1পরে দাউদ সেখান থেকে প্রস্থান করে অদুল্লম গুহাতে পালিয়ে গেলেন; আর তাঁর ভাইয়েরা ও তাঁর সমস্ত পিতৃকুল তা শুনে সেই স্থানে তাঁর কাছে নেমে গেল। 2আর যারা নানা রকম দুঃখ-কষ্টে ভুগছিল, যারা ঋণী ও তিক্তপ্রাণ এমন সমস্ত লোক তাঁর কাছে জমায়েত হল, আর তিনি তাদের সেনাপতি হলেন; এভাবে অনুমান চার শত লোক তাঁর সঙ্গী হল।
3পরে দাউদ সেখান থেকে মোয়াবের মিসপীতে গিয়ে মোয়াবের বাদশাহ্‌কে বললেন, আরজ করি, আল্লাহ্‌ আমার প্রতি কি করবেন, তা যে পর্যন্ত আমি না জানতে পারি, ততদিন আমার পিতা-মাতা এসে আপনাদের কাছে থাকুন। 4পরে তিনি তাঁদের মোয়াবের বাদশাহ্‌র কাছে রাখলেন; আর যতদিন দাউদ সেই অজ্ঞাত স্থানে থাকলেন, ততদিন তাঁরা ঐ বাদশাহ্‌র সঙ্গে বাস করলেন। 5পরে গাদ নবী দাউদকে বললেন, তুমি আর এই দুর্গম স্থানে থেকো না, প্রস্থান করে এহুদা দেশে যাও। তখন দাউদ যাত্রা করে হেরৎ বনে উপস্থিত হলেন।
তালুতের হুকুমে ইমামদের হত্যা করা
6পরে তালুত শুনতে পেলেন যে, দাউদ ও তাঁর সঙ্গীদের সন্ধান পাওয়া গেছে। সেই সময়ে তালুত বল্লম হাতে গিবিয়ায়, রামাস্থ ঝাউ গাছের তলে বসে ছিলেন এবং তাঁর চারদিকে তাঁর সমস্ত গোলাম দাঁড়িয়ে ছিল। 7তখন তালুত নিজের চারদিকে দণ্ডায়মান তাঁর গোলামদের বললেন, হে বিন্‌ইয়ামীনীয়েরা শোন। ইয়াসির পুত্র কি তোমাদের প্রত্যেক জনকেই ক্ষেত ও আঙ্গুরের বাগান দেবে? সে কি তোমাদের সকলকেই সহস্র্রপতি ও শতপতি করবে? 8এজন্য তোমরা সকলে কি আমার বিরুদ্ধে চক্রান্ত করেছ? ইয়াসিরের পুত্রের সঙ্গে আমার পুত্র যে নিয়ম করেছে, তা কেউ আমাকে জানাও নি; এবং আমার পুত্র আজকের মত আমার বিরুদ্ধে ঘাঁটি বসাবার জন্য আমার গোলামকে যে উস্কিয়ে দিয়েছে, এতেও তোমাদের মধ্যে কেউ আমার জন্য দুঃখিত হও নি বা আমাকে তা জানাও নি। 9তখন ইদোমীয় দোয়েগ— যে তালুতের গোলামদের কাছে দাঁড়িয়ে ছিল, সে জবাবে বললো, আমি নোবে অহীটূবের পুত্র অহীমেলকের কাছে ইয়াসির পুত্রকে যেতে দেখেছিলাম। 10সেই ব্যক্তি তার জন্য মাবুদকে জিজ্ঞাসা করেছিল ও তাকে খাদ্য দ্রব্য দিয়েছিল এবং ফিলিস্তিনী জালুতের তলোয়ারখানা তাকে দিয়েছিল।
11তখন বাদশাহ্‌ লোক পাঠিয়ে অহীটূবের পুত্র ইমাম অহীমেলক ও তাঁর সমস্ত পিতৃ-কুলকে, নোব-নিবাসী ইমামদের ডাকালেন। আর তাঁরা সকলে বাদশাহ্‌র কাছে আসলেন। 12তখন তালুত বললেন, হে অহীটূবের পুত্র, শোন। তিনি জবাব দিলেন, হে আমার মালিক, দেখুন, এই আমি। 13তালুত তাঁকে বললেন, তুমি ও ইয়াসিরের পুত্র আমার বিরুদ্ধে কেন চক্রান্ত করলে? সে যেন আজকের মত আমার বিরুদ্ধে ঘাঁটি বসায়, সেজন্য তুমি তাকে রুটি ও তলোয়ার দিয়েছ এবং তার জন্য আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করেছ।
14অহীমেলক বাদশাহ্‌কে উত্তর করলেন, আপনার সমস্ত গোলামের মধ্যে কে দাউদের মত বিশ্বস্ত? তিনি তো বাদশাহ্‌র জামাতা, আপনার গুপ্ত মন্ত্রণা জানবার অধিকারী ও আপনার বাড়ির মধ্যে এক জন সম্মানিত লোক। 15আমি কি এই প্রথমবার তাঁর জন্য আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করেছি? কখনই নয়; বাদশাহ্‌ আপনার এই গোলাম ও আমার সমস্ত পিতৃকুলকে দোষ দেবেন না, কেননা আপনার গোলাম এই বিষয়ের কম বা বেশি কিছুই জানে না। 16কিন্তু বাদশাহ্‌ বললেন, হে অহীমেলক, তোমাকে ও তোমার সমস্ত পিতৃকুলকে মরতে হবে। 17তখন বাদশাহ্‌ তাঁর চারদিকে দণ্ডায়মান সৈন্যদেরকে বললেন, তোমরা ফিরে দাঁড়াও, মাবুদের এই ইমামদের হত্যা কর: কেননা এরাও দাউদকে সাহায্য করে এবং তার পলায়নের কথা জেনেও আমাকে জানায় নি; কিন্তু মাবুদের ইমামদের আক্রমণ করতে বাদশাহ্‌র গোলামেরা সম্মত হল না। 18পরে বাদশাহ্‌ দোয়েগকে বললেন, তুমি ফিরে এই ইমামদের আক্রমণ কর। তখন ইদোমীয় দোয়েগ ফিরে দাঁড়াল ও ইমামদের আক্রমণ করে সেই দিনে মসীনা-সূতার এফোদ পরা পঁচাশী জনকে হত্যা করলো। 19পরে সে ইমামদের নোব নগরে তলোয়ার দিয়ে আঘাত করলো; সে স্ত্রী, পুরুষ, বালক-বালিকা ও স্তন্যপায়ী শিশু এবং গরু, গাধা ও সমস্ত ভেড়া তলোয়ারের আঘাতে হত্যা করলো।
20ঐ সময়ে অহীটূবের পুত্র অহীমেলকের একটি মাত্র পুত্র রক্ষা পেলেন; তাঁর নাম অবিয়াথর; তিনি দাউদের কাছে পালিয়ে গেলেন। 21অবিয়াথর দাউদকে এই সংবাদ দিলেন যে, তালুত মাবুদের ইমামদের হত্যা করেছেন। 22দাউদ অবিয়াথরকে বললেন, ইদোমীয় দোয়েগ সে স্থানে থাকাতে আমি সেই দিনই বুঝেছিলাম যে, সে নিশ্চয়ই তালুতকে সংবাদ দেবে। আমিই তোমার পিতৃকুলের সমস্ত প্রাণীর হত্যার কারণ। 23তুমি আমার সঙ্গে থাক, ভয় পেয়ো না; কেননা যে আমার প্রাণনাশের চেষ্টা করছে, সে তোমারও প্রাণনাশের চেষ্টা করছে; কিন্তু আমার সঙ্গে তুমি নিরাপদ থাকবে।

Нагласи

Копирај

Спореди

Сподели

None

Дали сакаш да ги зачуваш Нагласувањата на сите твои уреди? Пријави се или најави се