Logo YouVersion
Icona Cerca

প্রকাশিত কালাম 22

22
জীবন-নদী
1আর তিনি আমাকে জীবন-পানির নদী দেখালেন, তা স্ফটিকের মত উজ্জ্বল, তা আল্লাহ্‌ ও মেষ-শাবকের সিংহাসন থেকে বের হয়ে সেখানকার চকের মধ্যস্থানে বইছে; 2নদীর এপারে ও ওপারে জীবন-বৃক্ষ আছে তা বারো বার ফল উৎপন্ন করে, এক এক মাসে নিজ নিজ ফল দেয় এবং সেই গাছের পাতা সমস্ত জাতির সুস্থতার জন্য। 3সেখানে কোন বদদোয়া আর থাকবে না। আল্লাহ্‌ ও মেষশাবকের সিংহাসন তার মধ্যে থাকবে এবং তাঁর গোলামেরা তাঁর এবাদত করবে, 4ও তাঁর মুখ দর্শন করবে এবং তাঁর নাম তাদের ললাটে থাকবে। 5সেখানে রাত আর হবে না এবং লোকদের আর প্রদীপের আলোর কিংবা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু আল্লাহ্‌ তাদেরকে আলোকিত করবেন এবং তারা যুগপর্যায়ের যুগে যুগে রাজত্ব করবে।
6পরে তিনি আমাকে বললেন, এসব কথা বিশ্বাসযোগ্য ও সত্য। যা যা শীঘ্র ঘটবে তা তাঁর গোলামদেরকে দেখাবার জন্য প্রভু, নবীদের রূহ্‌ সকলের আল্লাহ্‌, তাঁর ফেরেশতাকে প্রেরণ করেছেন।
7আর দেখ, আমি শীঘ্রই আসছি; ধন্য সেই জন, যে এই কিতাবের ভবিষ্যদ্বাণীর কালামগুলো পালন করে।
শেষ কথা
8আমি ইউহোন্না এ সব দেখলাম ও শুনলাম। এই সব দেখা ও শোনার পর, যে ফেরেশতা আমাকে এ সব দেখাচ্ছিলেন আমি সেজ্‌দা করার জন্য তাঁর পায়ে পড়লাম। 9আর তিনি আমাকে বললেন, দেখো, এমন কাজ করো না; আমি তোমার সহগোলাম এবং তোমার ভাই নবীদের ও কিতাবে লেখা সব কথা পালনকারীদের সহগোলাম; আল্লাহ্‌কেই সেজ্‌দা কর।
10আর তিনি আমাকে বললেন, তুমি এই কিতাবের ভবিষ্যদ্বাণীর সমস্ত কথা সীলমোহর করো না; কেননা সময় সন্নিকট। 11যে অধর্মচারী, সে এর পরেও অধর্মের কাজ করুক; এবং যে কলুষিত, সে এর পরেও কলুষিত হোক; এবং যে ধার্মিক, সে এর পরেও সঠিক কাজ করুক; এবং যে পবিত্র, সে এর পরেও পবিত্র থাকুক।
12দেখ, আমি শীঘ্র আসছি; এবং আমার দাতব্য পুরস্কার আমার সঙ্গে আছে, যার যেমন কাজ, তাকে তেমন ফল দেব। 13আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত।
14ধন্য তারা, যারা নিজ নিজ পোশাক ধুয়ে ফেলে, যেন তারা জীবন-বৃক্ষের অধিকারী হয় এবং তোরণদ্বারগুলো দিয়ে নগরে প্রবেশ করে। 15সমস্ত কুকুর, মায়াবী, বেশ্যাগামী, নরঘাতক ও মূর্তিপূজকেরা এবং যে কেউ মিথ্যা কথা ভালবাসে ও রচনা করে তারা বাইরে পড়ে আছে।
16আমি ঈসা আমার ফেরেশতাকে পাঠালাম, যেন সে মণ্ডলীগুলোর জন্য তোমাদের কাছে এসব সাক্ষ্য দেয়। আমি দাউদের মূল ও বংশ, উজ্জ্বল প্রভাতী নক্ষত্র।
17আর পাক-রূহ্‌ ও কন্যা বলছেন, এসো। যে শোনে, সেও বলুক, এসো। আর যে পিপাসিত, সে আসুক; যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই জীবন-পানি গ্রহণ করুক। 18যারা এই কিতাবের ভবিষ্যদ্বাণীর সমস্ত কথা শোনে, তাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়ে বলছি, যদি কেউ এর সঙ্গে আর কিছু যোগ করে, তবে আল্লাহ্‌ সেই ব্যক্তিতে এই কিতাবে লেখা সমস্ত আঘাত যোগ করবেন; 19আর যদি কেউ এই ভবিষ্যদ্বাণীর কিতাবের কথা থেকে কিছু হরণ করে, তবে আল্লাহ্‌ এই কিতাবে লেখা জীবন-বৃক্ষ ও পবিত্র নগর থেকে তার অংশ হরণ করবেন।
20যিনি এসব কথার সাক্ষ্য দেন, তিনি বলছেন, সত্যি, আমি শীঘ্র আসছি। আমিন; প্রভু ঈসা, এসো। 21প্রভু ঈসার রহমত পবিত্র লোকদের সঙ্গে থাকুক। আমিন।

Evidenzia

Copia

Confronta

Condividi

None

Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi

Video per প্রকাশিত কালাম 22