Logo YouVersion
Icona Cerca

লেবীয় 3

3
মঙ্গল-কোরবানী
1কারো উপহার যদি মঙ্গল-কোরবানী দেবার জন্য হয় এবং সে গরুর পাল থেকে পুরুষ কিংবা স্ত্রী গরু দেয় তবে সে মাবুদের সম্মুখে নিখুঁত পশু আনবে। 2সে তার আনা উপহারের মাথায় হাত রেখে জমায়েত-তাঁবুর দরজার কাছে তাকে জবেহ্‌ করবে। পরে হারুনের পুত্র ইমামেরা তার রক্ত কোরবানগাহ্‌র উপরে চারদিকে ছিটিয়ে দেবে। 3পরে সে মাবুদের উদ্দেশে সেই মঙ্গল-কোরবানী সম্বন্ধীয় অগ্নিকৃত উপহার কোরবানী করবে। তার পাকস্থলীর উপরি-ভাগের চর্বি ও অন্ত্রগুলোর উপরিভাগের সমস্ত চর্বি, 4এবং দু’টি বৃক্ক, তার উপরি-ভাগের চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো বৃক্কের সঙ্গে ছাড়িয়ে নেবে। 5পরে হারুনের পুত্ররা কোরবানগাহ্‌র উপরিস্থ আগুন, কাঠ ও আগুনের শিখায় তা ঝলসে নেবে; তা হবে মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।
6আর যদি সে মাবুদের উদ্দেশে মঙ্গল-কোরবানী দেবার উপহার তার পাল থেকে কোন পশু দেয় তবে সে নিখুঁত পুরুষ কিংবা স্ত্রী পশু কোরবানী করবে। 7কেউ যদি উপহার হিসেবে ভেড়ার বাচ্চা দেয় তবে সে মাবুদের সম্মুখে তা আনবে; 8আর তার কোরবানীর পশুটির মাথায় হাত রেখে জমায়েত-তাঁবুর সম্মুখে তাকে জবেহ্‌ করবে এবং হারুনের পুত্ররা কোরবানগাহ্‌র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দেবে। 9আর মঙ্গল-কোরবানী থেকে কিছু নিয়ে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে; ফলত তার চর্বি ও সমস্ত লেজ মেরুদণ্ডের কাছ থেকে ছাড়িয়ে নেবে আর পাকস্থলীর উপরিভাগের চর্বি ও অন্ত্রগুলোর উপরিভাগের সমস্ত চর্বি, 10এবং দু’টি বৃক্ক ও তার উপরিভাগের চর্বি এবং কলিজার উপরি-ভাগের অংশগুলো বৃক্কের সঙ্গে ছাড়িয়ে নেবে। 11পরে ইমাম তা কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে ফেলবে; এটি মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপ খাদ্য।
12আর যদি সে উপহার হিসেবে ছাগল দেয় তবে সে তা মাবুদের সম্মুখে আনবে। 13সে তার মাথায় হাত রেখে জমায়েত-তাঁবুর সম্মুখে তাকে জবেহ্‌ করবে এবং হারুনের পুত্ররা কোরবানগাহ্‌র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দেবে। 14পরে সে তা থেকে নিজের উপহার, মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে, অর্থাৎ পাকস্থলীর উপরিভাগের চর্বি ও অন্ত্রগুলোর উপরিভাগের সমস্ত চর্বি, 15এবং দু’টি বৃক্ক, তার উপরিভাগের চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো বৃক্কের সঙ্গে ছাড়িয়ে নেবে। 16পরে ইমাম কোরবানগাহ্‌র উপরে সেসব পুড়িয়ে ফেলবে; তা খোশবু-যুক্ত অগ্নিকৃত উপহাররূপ খাদ্য; সমস্ত চর্বি মাবুদের। 17পুরুষানুক্রমে তোমাদের সমস্ত নিবাসে পালনীয় চিরস্থায়ী নিয়ম হল এই— তোমরা চর্বি ও রক্ত কিছুই ভোজন করবে না।

Attualmente Selezionati:

লেবীয় 3: BACIB

Evidenzia

Condividi

Confronta

Copia

None

Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi