লেবীয় 11
11
হালাল ও হারাম খাবার
1আর মাবুদ মূসা ও হারুনকে বললেন, 2তোমরা বনি-ইসরাইলকে বল, ভূচর সমস্ত পশুর মধ্যে এসব জীব তোমাদের খাদ্য হবে। 3পশুগুলোর মধ্যে যে সমস্ত পশু সমপূর্ণ দ্বিখণ্ড খুরবিশিষ্ট ও জাবর কাটে, সেগুলো তোমরা ভোজন করতে পার। 4কিন্তু যেগুলো জাবর কাটে, কিংবা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাদের মধ্যে তোমরা এই সমস্ত পশু ভোজন করবে না। উট তোমাদের পক্ষে হারাম, কেননা সে জাবর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়। 5আর শাফন তোমাদের পক্ষে হারাম, কেননা সে জাবর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়। 6আর খরগোস তোমাদের পক্ষে হারাম, কেননা সে জাবর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়। 7আর শূকর তোমাদের পক্ষে হারাম, কেননা সে সমপূর্ণভাবে দ্বিখণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাবর কাটে না। 8তোমরা তাদের গোশ্ত ভোজন করো না এবং তাদের মৃতদেহ স্পর্শ করো না; তারা তোমাদের পক্ষে হারাম।
9জলচর প্রাণীদের মধ্যে তোমরা এসব ভোজন করতে পার; জলাশয়ে, সমুদ্রে কি নদীতে স্থিত প্রাণীদের মধ্যে ডানা ও আঁশবিশিষ্ট প্রাণী তোমাদের খাদ্য। 10কিন্তু সমুদ্রে কি নদীতে স্থিত জলচরদের মধ্যে, পানিতে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যারা ডানা ও আঁশবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে ঘৃণার বস্তু। 11তারা তোমাদের পক্ষে ঘৃণার বস্তু হবে; তোমরা তাদের গোশ্ত ভোজন করবে না, তাদের মৃতদেহ ঘৃণা করবে। 12জলচর প্রাণীর মধ্যে যাদের ডানা ও আঁশ নেই, সে সবই তোমাদের পক্ষে ঘৃণার বস্তু।
13আর পাখিদের মধ্যে এসব তোমাদের পক্ষে ঘৃণার বস্তু হবে; এসব অখাদ্য, এসব ঘৃণার বস্তু; 14ঈগল, হাড়গিলা ও কুরল, চিল ও স্ব স্ব জাত অনুসারে শকুন, 15এবং স্ব স্ব জাত অনুসারে যাবতীয় কাক, 16উটপাখি, প্যাঁচা ও গাংচিল এবং স্ব স্ব জাত অনুসারে শ্যেন, 17পেচক, মাছরাঙ্গা ও মহাপেচক, 18দীর্ঘগল হাস, পানিভেলা ও শকুনী, 19সারস এবং স্ব স্ব জাত অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।
20চার পায়ে হাঁটা সমস্ত পতঙ্গ তোমাদের পক্ষে ঘৃণার বস্তু। 21তবুও চার পায়ে হাঁটা পাখাবিশিষ্ট জন্তুর মধ্যে ভূমিতে লাফ দেবার জন্য যাদের পায়ের নলী দীর্ঘ, তারা তোমাদের খাদ্য হবে। 22ফলত স্ব স্ব জাত অনুসারে পঙ্গপাল, স্ব স্ব জাত অনুসারে বাঘাফড়িং, স্ব স্ব জাত অনুসারে ঝিঁঝি এবং স্ব স্ব জাত অনুসারে অন্য ফড়িং তোমাদের খাদ্য হবে। 23কিন্তু আর চারটি করে পা আছে এমন সমস্ত উড়ে বেড়ানো পতঙ্গ তোমাদের পক্ষে ঘৃণার বস্তু।
নাপাক পশু
24এসব দ্বারা তোমরা নাপাক হবে; যে কেউ তাদের মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে। 25আর যে কেউ তাদের মৃতদেহের কোন অংশ বহন করবে, সে নিজের কাপড় ধুয়ে ফেলবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে।
26যেসব জন্তু কিঞ্চিৎ ছিন্ন খুরবিশিষ্ট, সমপূর্ণভাবে দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয় এবং জাবর কাটে না, তারা তোমাদের পক্ষে নাপাক; যে কেউ তাদেরকে স্পর্শ করে, সে নাপাক হবে। 27আর সমস্ত চতুষ্পদ জন্তুর মধ্যে যে যে জন্তু থাবা দ্বারা চলে, তারা তোমাদের পক্ষে নাপাক; যে কেউ তাদের মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে। 28যে কেউ তাদের মৃতদেহ বহন করবে, সে নিজের কাপড় ধুয়ে নেবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে; তারা তোমাদের পক্ষে নাপাক।
29আর ভূচর সরীসৃপের মধ্যে এসব তোমাদের পক্ষে নাপাক; স্ব স্ব জাত অনুসারে বেজি, ইদুঁর ও টিকটিকি, 30এবং গোসাপ, নীল টিকটিকি, মেটে গিরগিটি, সবুজ টিকটিকি ও কাঁকলাশ। 31সরীসৃপের মধ্যে এসব তোমাদের পক্ষে নাপাক; এসব মরলে যে কেউ তাদেরকে স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে। 32আর তাদের মধ্যে কারো মৃতদেহ যে জিনিসের উপরে পড়বে, তাও নাপাক হবে; কাঠের পাত্র কিংবা কাপড় কিংবা চামড়া কিংবা ছালা, যে কোন কর্মযোগ্য পাত্র হোক, তা পানিতে ডুবাতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে; পরে পাক-সাফ হবে। 33কোন মাটির পাত্রের মধ্যে তাদের মৃতদেহ পড়লে তার মধ্যস্থিত সমস্ত বস্তু নাপাক হবে ও তোমরা তা ভেঙে ফেলবে। 34তার মধ্যস্থিত যে কোন খাদ্য সামগ্রীর উপরে পানি দেওয়া যায়, তা নাপাক হবে এবং এই রকম সকল পাত্রে সমস্ত রকমের পানীয় দ্রব্য নাপাক হবে। 35যে কোন দ্রব্যের উপরে তাদের মৃতদেহের কিঞ্চিৎ পড়ে তবে তা নাপাক হবে এবং যদি তন্দুরে কিংবা চুলাতে পড়ে তবে তা ভেঙে ফেলতে হবে; তা নাপাক, তোমাদের পক্ষে নাপাক থাকবে। 36কেবল ফোয়ারা কিংবা যে কূপে অনেক পানি থাকে, তা পাক-পবিত্র হবে; কিন্তু যাতে তাদের মৃতদেহের স্পর্শ লাগবে তা-ই নাপাক হবে। 37আর তাদের মৃতদেহের কিঞ্চিৎ যদি কোন বপনীয় বীজে পড়ে তবে তা পাক-পবিত্র থাকবে। 38কিন্তু বীজের উপরে পানি থাকলে যদি তাদের মৃতদেহের কিঞ্চিৎ তার উপরে পড়ে তবে তা তোমাদের পক্ষে নাপাক।
39আর তোমাদের খাদ্যে কোন পশু মরলে, যে কেউ তার মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে। 40আর যে কেউ তার মৃতদেহের গোশ্ত ভোজন করবে, সে নিজের কাপড় ধুয়ে নেবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে; আর যে কেউ সেই মৃতদেহ বহন করবে, সেও নিজের কাপড় ধুয়ে নেবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে।
41আর ভূচর প্রত্যেক কীট ঘৃণার বস্তু; তা অখাদ্য হবে। 42মাটির উপরে ঘুরে বেড়ানোই হোক কিংবা চার পায়ে কিংবা ততোধিক পায়ে গমনকারী হোক, যে কোন ভূচর কীট হোক, তোমরা তা ভোজন করো না, তা ঘৃণার বস্তু। 43মাটির উপরে ঘুরে বেড়ানো কোন কীট দ্বারা তোমরা নিজেদের ঘৃণার বস্তু করো না ও সেই সবের দ্বারা নিজেদের নাপাক করো না, পাছে তা দ্বারা নাপাক হও। 44কেননা আমি মাবুদ তোমাদের আল্লাহ্; অতএব তোমরা নিজেদের পবিত্র কর; পবিত্র হও, কেননা আমি পবিত্র; তোমরা ভূমির উপরে ঘুরে বেড়ানো কোন রকমের জীব দ্বারা নিজেদের নাপাক করো না। 45কেননা আমি মাবুদ তোমাদের আল্লাহ্ হবার জন্য মিসর দেশ থেকে তোমাদেরকে এনেছি; অতএব তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র।
46পশু, পাখি, জলচর সমস্ত প্রাণীর ও মাটির উপরে ঘুরে বেড়ানো ভূচর সমস্ত প্রাণীর বিষয়ে এই ব্যবস্থা; 47এতে পাক, নাপাক দ্রব্যের ও খাদ্য অখাদ্য প্রাণীর পার্থক্য জানা যায়।
Attualmente Selezionati:
লেবীয় 11: BACIB
Evidenzia
Condividi
Confronta
Copia
Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013