Logo YouVersion
Icona Cerca

ইহিস্কেল 29

29
মিসরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1দশম বছরে দশম মাসের দ্বাদশ দিনের দিন, মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল; 2হে মানুষের সন্তান, তুমি মিসরের বাদশাহ্‌ ফেরাউনের বিরুদ্ধে মুখ রাখ এবং তার ও সমস্ত মিসরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল। 3তুমি এই কথা বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে মিসরের বাদশাহ্‌ ফেরাউন, দেখ, আমি তোমার বিপক্ষ; তুমি সেই প্রকাণ্ড কুমির, যে তার নদীগুলোর মধ্যে শয়ন করে, বলে, আমার নদী আমারই, আমিই নিজের জন্য তা উৎপন্ন করেছি। 4কিন্তু আমি আকড়া দিয়ে তোমার চোয়ালে কড়া লাগাব, তোমার স্রোতের মাছগুলোকে তোমার আঁশের সঙ্গে লাগিয়ে দেব এবং তোমার স্রোতগুলোর মধ্য থেকে তোমাকে টেনে তুলে আনব; তোমার স্রোতের মাছগুলো তখনও তোমার আঁশে লেগে থাকবে। 5আর আমি তোমার স্রোতের সমস্ত মাছসুদ্ধ তোমাকে মরুভূমিতে ফেলে দেব; তুমি মাঠের উপরে পড়ে থাকবে, সংগৃহীত বা সঞ্চিত হবে না; আমি তোমাকে ভূমির পশুদের ও আসমানের পাখিগুলোর খাদ্য হিসেবে দিলাম। 6তাতে মিসর-নিবাসী সকলে জানবে যে, আমিই মাবুদ, যেহেতু তারা ইসরাইল-কুলের পক্ষে নলের লাঠি হয়েছিল। 7যখন তারা তোমার হাত ধরতো, তখন তুমি ফেটে তাদের সমস্ত কাঁধ বিদীর্ণ করতে; এবং যখন তারা তোমার উপরে নির্ভর করতো তখন তুমি ভেঙ্গে যেতে ও তাদের সমস্ত কোমর অসার করতে।
8সেজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তোমার বিরুদ্ধে তলোয়ার আনবো ও তোমার মধ্য থেকে মানুষ ও পশু মুছে ফেলব। 9মিসর দেশ ধ্বংস ও উৎসন্ন স্থান হবে; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ; যেহেতু তুমি বলতে, নদী আমার, আমিই তা উৎপন্ন করেছি। 10এজন্য দেখ, আমি তোমার ও তোমার স্রোতগুলোর বিপক্ষ; আমি মিগ্‌দোল থেকে সিবেনী পর্যন্ত ও ইথিওপিয়া দেশের সীমা পর্যন্ত, মিসর দেশ নিতান্ত উৎসন্ন ও ধ্বংসস্থান করবো।
11মানুষ তার মধ্য দিয়ে যাতায়াত করবে না ও পশু তার মধ্য দিয়ে যাতায়াত করবে না; এবং চল্লিশ বছর পর্যন্ত সেখানে বসতি হবে না। 12আর আমি মিসর দেশকে ধ্বংসপ্রাপ্ত দেশগুলোর মধ্য ধ্বংসস্থান করবো এবং উচ্ছিন্ন নগরগুলোর মধ্যে তার নগরগুলো চল্লিশ বছর পর্যন্ত ধ্বংসস্থান থাকবে; আর আমি মিসরীয়দেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন ও দেশ বিদেশে ছড়িয়ে দেব।
13কেননা সার্বভৌম মাবুদ এই কথা বলেন, যেসব জাতির মধ্যে মিসরীয়েরা ছিন্নভিন্ন হবে তাদের মধ্য থেকে আমি চল্লিশ বছর শেষে তাদেরকে সংগ্রহ করবো। 14আর মিসরের বন্দীদশা ফিরাব ও তাদের উৎপত্তিস্থান পথ্রোষ দেশে তাদেরকে প্রত্যাগমন করাব, সেখানে তারা দুর্বল একটি রাজ্য হবে। 15অন্যান্য রাজ্যের চেয়ে তা দুর্বল হবে এবং নিজেকে আর জাতিদের উপরে বড় করে তুলবে না; আমি তাদেরকে ন্যূন করবো, তারা আর জাতিদের উপরে কর্তৃত্ব করবে না। 16মিসর আর ইসরাইল-কুলের বিশ্বাসভূমি হবে না; এরা ওদের দিকে ফিরে গেছে বলে আর অপরাধ স্মরণ করাবে না; তাতে তারা জানবে যে, আমিই সার্বভৌম মাবুদ।
ব্যাবিলন মিসরকে আক্রমন করবে
17আর সপ্তবিংশ বছরের প্রথম মাসের প্রথম দিনে, মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল, 18হে মানুষের সন্তান, ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার তার সৈন্যসামন্তকে টায়ারের বিরুদ্ধে ভারী পরিশ্রম করিয়েছে; সকলের মাথার চুল ও সকলের কাঁধের ছাল-চামড়া উঠে গেছে; কিন্তু টায়ারের বিরুদ্ধে সে যে পরিশ্রম করেছে, তার বেতন সে কিংবা তার সৈন্য টায়ার থেকে পায় নি। 19এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারকে মিসর দেশ দেব; সে তার লোকদের নিয়ে যাবে, তার দ্রব্য লুট করবে ও তার সম্পত্তি অপহরণ করবে; তা-ই তার সৈন্যের বেতন হবে। 20সে যে পরিশ্রম করেছে, তার বেতনস্বরূপ আমি মিসর দেশ তাকে দিলাম, কেননা তারা আমারই জন্য কাজ করেছে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
21সেদিন আমি ইসরাইল-কুলের জন্য একটি শিং জন্মাতে দেব এবং তাদের মধ্যে তোমার মুখ খুলে দেব; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।

Attualmente Selezionati:

ইহিস্কেল 29: BACIB

Evidenzia

Copia

Confronta

Condividi

None

Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi

Video per ইহিস্কেল 29