Logo YouVersion
Icona Cerca

১ তীমথিয় 4

4
হযরত তীমথিয়ের প্রতি উপদেশ
1পাক-রূহ্‌ স্পষ্টভাবেই বলছেন, ভবিষ্যতে কতগুলো লোক ভ্রান্তিজনক রূহ্‌দের ও বদ-রূহ্‌দের শিক্ষামালায় মন দিয়ে ঈমান থেকে সরে পড়বে। 2যাদের নিজের বিবেক তপ্ত লোহার দাগের মত দাগযুক্ত হয়েছে এমন মিথ্যাবাদীদের কপটতার জন্যই তা ঘটবে। 3তারা বিয়ে করতে নিষেধ করে এবং কোন কোন খাদ্য ভোজন করতে নিষেধ করে, অথচ সেই খাদ্য আল্লাহ্‌ এই অভিপ্রায়ে সৃষ্টি করেছেন, যেন যারা ঈমানদার ও সত্যের তত্ত্ব জানে, তারা শুকরিয়াপূর্বক তা ভোজন করে। 4বাস্তবিক আল্লাহ্‌র সৃষ্ট সমস্ত বস্তুই ভাল; শুকরিয়া সহকারে গ্রহণ করলে কিছুই বর্জনীয় নয়, 5কেননা আল্লাহ্‌র কালাম এবং মুনাজাত দ্বারা তা পবিত্রীকৃত হয়।
ঈসা মসীহের যোগ্য পরিচর্যাকারী
6এসব কথা ভাইদেরকে মনে করিয়ে দিলে তুমি মসীহ্‌ ঈসার উত্তম পরিচারক হবে; এবং ঈমানের যে কালাম ও উত্তম শিক্ষার অনুসরণ করে আসছ তার দ্বারা পরিপুষ্ট হতে থাকবে। 7কিন্তু ভক্তিহীন যত পৌরাণিক গল্প ও বুড়িদের বানানো গল্প অগ্রাহ্য কর। তার চেয়ে বরং ভক্তিতে দক্ষ হতে অভ্যাস কর; 8কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয় সুফলদায়ক হয়; কিন্তু আল্লাহ্‌-ভক্তি সমস্ত বিষয়ে সুফলদায়ক, তা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞা-যুক্ত। 9এই কথা বিশ্বাসযোগ্য এবং সর্বতোভাবে গ্রহণেরও যোগ্য। 10এইজন্যই আমরা পরিশ্রম ও প্রাণপণ করছি; কেননা আমরা সেই জীবন্ত আল্লাহ্‌র উপরেই প্রত্যশা রেখেছি, যিনি সমস্ত মানুষের, বিশেষত ঈমানদারদের নাজাতদাতা।
11তুমি এসব বিষয় হুকুম দাও ও শিক্ষা দাও। 12তুমি যুবক বলে যেন কেউ তোমাকে তুচ্ছ না করে; কিন্তু কথাবার্তায়, আচার ব্যবহারে, মহব্বতে ও শুদ্ধতায় ঈমানদারদের আদর্শ হও। 13আমি না আসা পর্যন্ত তুমি পাক-কিতাব পাঠে, উপদেশ দানে ও শিক্ষা দিতে নিজেকে নিবিষ্ট রাখ। 14তোমার অন্তরস্থ সেই অনুগ্রহ-দান অবহেলা করো না, যা ভবিষ্যদ্বাণী দ্বারা প্রাচীনদের হস্তার্পণ সহকারে তোমাকে দেওয়া হয়েছে। 15এসব বিষয়ে যত্নবান হও ও তাতে স্থির থাক যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়। 16নিজের বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এই সমস্ত বিষয়ে স্থির থাক; কেননা তা করলে তুমি নিজেকে এবং যারা তোমার কথা শুনে তাদেরকেও রক্ষা করতে পারবে।

Attualmente Selezionati:

১ তীমথিয় 4: BACIB

Evidenzia

Condividi

Confronta

Copia

None

Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi