গীতসংহিতা 106
106
1সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়;
তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
2সদাপ্রভুর মহৎ কাজের বর্ণনা কে করতে পারে?
তাঁর গৌরবের পূর্ণ প্রকাশ করে এমন সাধ্য কার?
3ধন্য তারা, যারা চালচলনে ন্যায়ের মান রাখে
আর সব সময় ন্যায় কাজ করে।
4হে সদাপ্রভু, তোমার লোকদের প্রতি দয়া দেখাবার সময়
আমাকে ভুলে যেয়ো না;
তাদের উদ্ধার করার সময় আমার দিকেও হাত বাড়িয়ে দিয়ো।
5এতে যেন আমি তোমার বাছাই করা লোকদের মংগল দেখতে পাই,
তোমার জাতির আনন্দে আনন্দিত হতে পারি,
আর যারা তোমার সম্পত্তি
তার অংশ হিসাবে গর্ব করতে পারি।
6আমাদের পূর্বপুরুষদের মত আমরাও পাপ করেছি;
আমরা অন্যায় করেছি, মন্দভাবে চলেছি।
7মিসরে থাকার সময়ে আমাদের পূর্বপুরুষেরা
তোমার আশ্চর্য কাজ দেখে কিছুই বোঝে নি;
তারা তোমার সীমাহীন অটল ভালবাসার কথাও মনে রাখে নি;
তারা সাগরের ধারে, লোহিত সাগরের ধারে বিদ্রোহ করেছিল।
8তবুও তিনি তাঁর সুনাম রক্ষার জন্য,
তাঁর মহাশক্তি প্রকাশের জন্য তাদের উদ্ধার করেছিলেন।
9তাঁর হুকুমে লোহিত সাগর শুকিয়ে গেল;
তিনি মরু-এলাকার মধ্য দিয়ে যাওয়ার মত করে
গভীর সাগরের মধ্য দিয়ে তাদের নিয়ে গেলেন।
10তিনি ঘৃণাকারীদের হাত থেকে তাদের রক্ষা করলেন;
শত্রুদের হাত থেকে তাদের মুক্ত করলেন।
11তাদের শত্রুরা জলে ঢাকা পড়ল, একজনও বেঁচে রইল না।
12তখন সদাপ্রভুর কথায় তারা বিশ্বাস করল
আর তাঁর প্রশংসা-গান গাইল।
13কিন্তু তাঁর কাজের কথা ভুলে যেতে তাদের দেরি হল না;
তারা তাঁর পরামর্শের অপেক্ষায় রইল না।
14মরু-এলাকায় তারা লোভ করে ঈশ্বরকে পরীক্ষা করল।
15তারা যা চেয়েছিল তিনি তা-ই তাদের দিলেন,
কিন্তু তাদের উপর পাঠিয়ে দিলেন এক ক্ষয় করা রোগ।
16তাম্বুতে জীবন কাটাবার সময় মোশিকে দেখে,
আর সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা সেই হারোণকে দেখে
তাদের হিংসা হল।
17পৃথিবী মুখ খুলে দাথনকে গিলে ফেলল
আর অবীরামের দলকে ঢেকে ফেলল।
18তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল;
আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল।
19হোরেব পাহাড়ের সামনে তারা একটা বাছুর তৈরী করল
আর ছাঁচে ঢালা মূর্তির উপাসনা করল।
20তাদের গৌরবময় ঈশ্বরকে ফেলে
তারা ঘাস খাওয়া গরুর মূর্তিকে গ্রহণ করল।
21তাদের উদ্ধারকর্তা ঈশ্বরকে তারা ভুলে গেল
যিনি মিসরে অনেক বড় বড় কাজ করেছিলেন।
22হাম-বংশীয়দের দেশে করা আশ্চর্য আশ্চর্য কাজের বিষয়
তারা ভুলে গেল,
লোহিত সাগরের কাছে করা ভয় জাগানো সব কাজ ভুলে গেল।
23তাই তিনি বললেন তাদের ধ্বংস করবেন;
তিনি তা-ই করতেন কিন্তু তাঁর বাছাই করা লোক মোশি
তাঁর আসবার পথে গিয়ে দাঁড়ালেন,
যেন তিনি তাদের ধ্বংস করে ফেলার ক্রোধ ফিরাতে পারেন।
24পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল;
তারা সদাপ্রভুর কথায় বিশ্বাস করল না।
25তাদের তাম্বুর মধ্যে তারা বকবক করতে লাগল;
সদাপ্রভুর কথায় তারা কান দিল না।
26তাই তিনি তাদের সম্বন্ধে এই শপথ করলেন-
তিনি মরু-এলাকাতেই তাদের শেষ করে দেবেন,
27তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে মৃত্যু ঘটাবেন,
আর বিভিন্ন দেশে তাদের ছড়িয়ে দেবেন।
28তারা পিয়োর পাহাড়ের বাল দেবতার পূজায় যোগ দিল
আর মৃত লোকদের উদ্দেশে উৎসর্গের মাংস খেল।
29এই সব মন্দ কাজ দিয়ে তারা সদাপ্রভুর অসন্তোষ জাগিয়ে তুলল,
তাই তাদের মধ্যে মড়ক লাগল।
30তখন পুরোহিত পীনহস্ উঠে এর উপযুক্ত শাস্তি দিলেন,
আর মড়ক থেমে গেল।
31পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্য
নির্দোষ বলে ধরা হল।
32মরীবার জলের ধারে তারা সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলল;
তাদের জন্যই মোশি বিপদে পড়লেন।
33তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল,
তাতে মোশির মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিল
যা বলা তাঁর উচিত ছিল না।
34ঈশ্বরের আদেশের অবাধ্য হয়ে
তারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না,
35বরং সেই সব জাতির সংগে তারা নিজেদের মিশিয়ে দিল
আর তাদের আচার-ব্যবহার গ্রহণ করল।
36তাদের প্রতিমাগুলোকে তারা পূজা করল
আর সেগুলোই তাদের ফাঁদ হল।
37এমন কি, মন্দ আত্মাদের উদ্দেশে
তাদের ছেলে ও মেয়েদের তারা বলি দিল।
38তারা নির্দোষদের, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের রক্তপাত করল।
তারা কনানের প্রতিমাগুলোর উদ্দেশে তাদের বলি দিল,
তাতে গোটা দেশটা সেই রক্তে অশুচি হল।
39এ সব করে তারা নিজেদের অশুচি করল;
তাদের কাজ দিয়ে তারা সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হল।
40সেজন্যই সদাপ্রভুর ক্রোধ তাঁর লোকদের উপর জ্বলে উঠল;
যারা তাঁরই সম্পত্তি তাদের প্রতি তাঁর ঘৃণা জাগল।
41তিনি অন্যান্য জাতিদের হাতে তাদের তুলে দিলেন;
তাদের ঘৃণাকারীরা তাদের শাসন করতে লাগল।
42তাদের শত্রুরা তাদের উপর অত্যাচার চালাল;
তারা তাদের অধীনে রইল।
43অনেকবারই তিনি তাদের উদ্ধার করলেন,
কিন্তু তারা নিজেদের ইচ্ছায় বিদ্রোহী হল;
পাপের দরুন তাদের পতন হল।
44তবুও তিনি তাদের কান্না শুনে তাদের কষ্টের দিকে তাকালেন।
45তাদের জন্য তাঁর স্থাপন করা ব্যবস্থার কথা তিনি মনে করলেন;
তাঁর অসীম, অটল ভালবাসা অনুসারে
তাদের প্রতি মমতা করলেন।
46যারা তাদের বন্দী করেছিল তাদের কাছে
তিনি তাদের দয়ার পাত্র করে তুললেন।
47হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের উদ্ধার কর;
অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এস,
যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে ধন্যবাদ দিতে পারি
আর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি।
48সৃষ্টির আগে থেকে অনন্তকাল পর্যন্ত
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক।
সমস্ত লোক বলুক, “আমেন।”
সদাপ্রভুর প্রশংসা হোক।
Actualmente seleccionado:
গীতসংহিতা 106: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000