Zum Inhalt springen

মেসাল 25

25
বাদশাহ্‌ সোলায়মানের আরও কিছু উপদেশ
1নিম্নলিখিত মেসালগুলোও
সোলায়মানের;
এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়ের কর্মকর্তারা এগুলো লিখে নেন।
2বিষয় গোপন করা আল্লাহ্‌র গৌরব,
বিষয়ের অনুসন্ধান করা বাদশাহ্‌দের গৌরব।
3যেমন উচ্চতা সম্বন্ধে বেহেশত ও গভীরতার সম্বন্ধে দুনিয়া,
তদ্রূপ বাদশাহ্‌দের হৃদয় অনুসন্ধান করা যায় না।
4রূপা থেকে খাদ বের করে ফেল,
স্বর্ণকারের যোগ্য একটি পাত্র বের হবে;
5বাদশাহ্‌র সম্মুখ থেকে দুষ্টকে বের করে দাও,
তাঁর সিংহাসন ধার্মিকতায় স্থিরীকৃত হবে।
6বাদশাহ্‌র সম্মুখে আত্মগৌরব করো না,
মহৎ লোকদের স্থানে দাঁড়াবে না;
7কেননা বরং এই ভাল যে, তোমাকে বলা যাবে, ‘এখানে উঠে এসো’;
কিন্তু তোমার চোখ যাঁকে দর্শন করেছে,
সেই অধিপতির সাক্ষাতে অপদস্থ হওয়া তোমার পক্ষে ভাল নয়।
8শীঘ্র ঝগড়া করতে যেও না;
বিবাদের শেষে তুমি কি করবে,
যখন তোমার প্রতিবেশী তোমাকে লজ্জায় ফেলবে?
9প্রতিবেশীর সঙ্গে তোমার ঝগড়া মিটিয়ে ফেল,
কিন্তু পরের গুপ্ত কথা প্রকাশ করো না;
10পাছে শ্রোতা তোমাকে তিরস্কার করে,
আর তোমার অখ্যাতি না ঘোঁচে।
11উপযুক্ত সময়ে বলা কথা
রূপার ডালিতে সোনার আপেল ফলের মত।
12সোনার নথ ও কাঞ্চনের অলংকার যেমন,
তেমনি বাধ্য লোকের কানের পক্ষে জ্ঞানবান ভর্ৎসনাকারী।
13শস্য কাটার সময়ে যেমন তুষারের শীতলতা,
তেমনি প্রেরণকর্তাদের পক্ষে বিশ্বস্ত দূত;
কারণ সে নিজের মালিকের প্রাণ জুড়ায়।
14যে তার দানের বিষয়ে মিথ্যা অহংকারের কথা বলে,
সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর মত।
15দীর্ঘসহিষ্ণুতা দ্বারা শাসনকর্তা প্ররোচিত হন,
এবং কোমল জিহ্বা অস্থি ভগ্ন করে।
16তুমি কি মধু পেয়েছ?
যা তোমার পক্ষে যথেষ্ট, তা-ই খাও;
পাছে বেশি খেলে বমি কর।
17প্রতিবেশীর বাড়িতে তোমার পদার্পণ বিরল কর;
পাছে বিরক্ত হয়ে সে তোমাকে ঘৃণা করে।
18যে ব্যক্তি প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়,
সে গদা, তলোয়ার ও ধারালো তীরস্বরূপ।
19সঙ্কটের সময়ে বিশ্বাসঘাতকের উপর ভরসা
ভাঙ্গ দাঁত ও বিকল পায়ের মত।
20যে বিষণ্ন অন্তরের কাছে গজল গান করে,
সে যেন শীতকালে কাপড় ছাড়ে,
ক্ষতস্থানের উপরে অম্লরস দেয়।
21তোমার দুশমন যদি ক্ষুধিত হয়, তাকে অন্ন ভোজন করাও;
যদি সে পিপাসিত হয়, তাকে পানি পান করাও;
22কেননা তা করলে তা হবে
তার মাথায় জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখার মত,
আর মাবুদ তোমাকে পুরস্কার দেবেন।
23উত্তর দিকের বায়ু বৃষ্টির উৎপাদক,
তেমনি রটনাকারীর জিহ্বা ক্রোধদৃষ্টির জন্ম দেয়।
24বরং ছাদের কোণে বাস করা ভাল;
তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা ভাল নয়।
25পিপাসিত প্রাণের পক্ষে যেমন শীতল পানি,
দূরদেশ থেকে পাওয়া মঙ্গল সংবাদ তেমনি।
26ঘোলা পানির আধার ও মলিন ফোয়ারা যেরূপ,
দুষ্টের সম্মুখে বিচলিত ধার্মিক তদ্রূপ।
27বেশি মধু খাওয়া ভাল নয়,
কঠিন কঠিন বিষয় অনুসন্ধান করা ভাল নয়।
28যে নিজের রূহ্‌ দমন না করে,
সে এমন নগরের মত, যা ভেঙ্গে গেছে, যার প্রাচীর নেই।