গণনা পুস্তক 5
5
শিবিরের শুচিতা
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি ইসরায়েলীদের নির্দেশ দাও যেন তারা তাদের ছাউনি থেকে কুষ্ঠ ও প্রমেহ রোগগ্রস্ত সমস্ত লোককে এবং মৃতের সংস্পর্শে অশুচি লোকদের বার করে দেয়। 3তোমরা নারী পুরুষ নির্বিশেষে এদের সকলকেই ছাউনি থেকে বার করে দেবে। যেখানে আমার আবাস, তারা যেন তোমাদের সেই ছাউনি অশুচি না করে।
4মোশির প্রতি প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীরা ঐ ধরনের লোকদের ছাউনি থেক এবার করে দিল।
অসতী স্ত্রীর পরীক্ষা
5প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,#লেবীয় 6:1-7 6তুমি ইসরায়েলীদের বল, পুরুষ বা নারী কেউ যদি কারও প্রতি অন্যায় আচরণ করে, প্রভু পরমেশ্বরের কাছে অবিশ্বস্ত হয়, তাহলে তার অপরাধ দণ্ডযোগ্য হবে। 7সে তার অপরাধ স্বীকার করবে এবং তার অপরাধের জন্য ক্ষতিপূরণ দেবে। এ ছাড়াও সে ক্ষতির পরিমাণের এক পঞ্চমাংশ বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেবে। 8যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তির অবর্তমানে ক্ষতিপূরণ গ্রহণ করার মত কোন নিকট আত্মীয় না থাকে, তাহলে ক্ষতিপূরণের অর্থ প্রভু পরমেশ্বরের প্রাপ্য হবে এবং পুরোহিত সেই অর্থ গ্রহণ করবে। এছাড়াও প্রায়শ্চিত্তের জন্য তাকে একটি মেষ দিতে হবে, পুরোহিত সেটি দিয়ে তার প্রায়শ্চিত্ত করবে। 9ইসরায়েলীরা নিজেদের পবিত্র দ্রব্যসামগ্রীর মধ্য থেকে অর্ঘ্যস্বরূপ যে সমস্ত দ্রব্য আরতি সহকারে নিবেদন করার জন্য পুরোহিতের কাছে আনবে, তার সব কিছুই পুরোহিতের প্রাপ্য হবে। 10উপহাররূপে প্রদত্ত সমস্ত দ্রব্য পুরোহিতের হবে, কেউ যদি পুরোহিতকে কিছু দেয় তবে তাও তারই হবে।
11প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 12তুমি ইসরায়েলীদের বল যে, কোন বিবাহিতা নারী যদি ভ্রষ্টা হয়ে স্বামীর কাছে অবিশ্বাসিনী হয়, 13স্বামীর অগোচরে সে যদি কোন পুরুষের সঙ্গে সহবাস করে অসতী হওয়া সত্ত্বেও প্রত্যক্ষ সাক্ষ্যের অভাবে তার অপরাধ গোপন থাকে, 14এবং সেক্ষেত্রে ঈর্ষার বশবর্তী হয়ে তার স্বামী যদি সেই অসতী স্ত্রীর প্রতি সন্দিগ্ধ হয়, কিংবা স্ত্রী অসতী না হওয়া সত্ত্বেও যদি স্বামী ঈর্ষাবশত স্ত্রীর প্রতি সন্দিহান হয়, 15তাহলে সেই স্বামী তার স্ত্রীকে পুরোহিতের কাছে উপস্থিত করবে এবং তার জন্য নির্দিষ্ট নৈবেদ্য, এক ঐফার দশ ভাগের এক ভাগ যবের দানাও সঙ্গে আনবে। তার উপরে সে কোন তেল ঢালবে না, বা সুগন্ধি দ্রব্য মিশাবে না, কারণ তা হচ্ছে ঈর্ষাপ্ররোচিত ভোগ, অপরাধের প্রতিবিধানকল্পে উৎসর্গিত নৈবেদ্য।
16পুরোহিত সেই স্ত্রীকে প্রভুর পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করবে। 17তখন সে একটা মাটির পাত্রে পবিত্র জল নিয়ে প্রভু পরমেশ্বরের শিবিরের মেঝে থেকে ধুলো নিয়ে সেই জলে মিশাবে। 18তারপর পুরোহিত ঐ নারীকে প্রভু পরমেশ্বরের সম্মুখে দাঁড় করিয়ে তার মাথার চুল খুলে দেবে এবং অপরাধের প্রতিবিধানকল্পে উৎসর্গিত ভােগ অর্থাৎ সেই ঈর্ষা প্ররোচিত ভােগ তার হাতে দেবে। পুরোহিতের নিজের হাতে থাকবে অভিশাপের প্রতীকস্বরূপ তিক্ত জল, যার দ্বারা সত্য উদ্ঘাটন করা হবে। 19পুরোহিত সেই নারীকে দিয়ে শপথ করিয়ে তাকে বলবে, যদি অপর কোন পুরুষের সঙ্গে তোমার সহবাস না ঘটে থাকে, যদি তুমি তোমার স্বামীর অধীনে থাকা কালে বিপথগামিনী হয়ে অসতী না হও, তাহলে এই সত্য উদ্ঘাটনকারী অভিশাপের প্রতীক জলের দ্বারা তোমার নির্দোষিতা প্রমাণিত হবে। 20কিন্তু যদি তুমি তোমার স্বামীর অধীনে থাকা সত্ত্বেও বিপথগামিনী হয়ে অসতী হও, তোমার স্বামী ভিন্ন অপর কোন পুরুষের সঙ্গে সহবাস করে থাক, তাহলে 21(পুরোহিত সেই নারীকে অভিশাপের শপথ গ্রহণ করিয়ে বলবে) প্রভু পরমেশ্বর তেমার ঊরু অবশ এবং দেহ স্ফীত করে স্বজাতীয়দের মধ্যে অভিশাপ ও অপবাদের পাত্রী করবেন। 22এই সত্য উদ্ঘাটনকারী জল তোমার উদরে প্রবেশ করে তোমার দেহ স্ফীত এবং ঊরু অবশ করে দেবে। এ কথার পর সেই নারী বলবে, আমেন, আমেন। 23পুরোহিত এই অভিশাপবাক্য একটি পুস্তকে লিখবে, পরে ঐ তিক্ত জল দিয়এ তা মুছে ফেলবে। 24তারপর সে ঐ অভিশপ্ত তিক্ত জল ঐ নারীকে পান করতে দেবে। সেই জল তার দেহে প্রবেশ করবে। 25তারপর পুরোহিত ঐ নারীর হাত থেকে ঈর্ষা প্ররোচিত ভোগ নিয়ে প্রভু পরমেশ্বরের সম্মুখে আরতি করে বেদীর উপরে স্থাপন করবে। 26পুরোহিত ঐ ভোগের স্মারক অংশ হিসাবে তা থেকে এক মুঠো নিয়ে বেদীর আগুনে আহুতি দেবে, তারপর সেই নারীকে ঐ জল পান করাবে। 27ঐ জল পান করানোর পর, সেই নারী যদি স্বামীর প্রতি অবিশ্বাসিনী হয়ে অসতী হয়ে থাকে, তাহলে সেই অভিশপ্ত জল তার দেহে প্রবেশ করে যন্ত্রণা সৃষ্টি করবে এবং তার দেহ স্ফীত ও ঊরু অবশ হয়ে যাবে। সে স্বজাতীয়দের মধ্যে অভিশাপের পাত্রী হবে। 28আর যদি সেই নারী অসতী না হয়, সতীই থাকে, তাহলে সে কলঙ্কমুক্ত হবে এবং গর্ভধারণ করতে পারবে।
29ঈর্ষাঘটিত বিষয়ের মীমাংসার জন্য এই বিধি। স্বামীর অধীনে থাকাকালে কোন স্ত্রী বিপথগামিনী হয়ে অসতী হলে, 30কিংবা কোন স্বামী ঈর্ষাবশত স্ত্রীর প্রতি সন্দেহপরায়ণ হলে সে তার স্ত্রীকে প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করবে। তখন পুরোহিত সে সম্পর্কে উল্লিখিত ব্যবস্থা অনুসরণ করবে। 31তাহলে সেই স্বামী অপরাধমুক্ত হবে, কিন্তু স্ত্রীকে নিজের অপরাধের দায় বহন করতে হবে।
Zur Zeit ausgewählt:
গণনা পুস্তক 5: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.