গণনা পুস্তক 36

36
পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার সংক্রান্ত বিধি
1যোষেফের বংশধরদের মধ্যে মনঃশির পৌত্র এবং মাখিরের পুত্র গিলিয়দের পরিবারের নেতৃস্থানীয় ব্যক্তিরা মোশি ও ইসরায়েলী গোষ্ঠীপ্রধানের কাছে এসে বললেন, 2প্রভু পরমেশ্বর আপনাকে পাশার দান ফেলে ইসরায়েলীদের স্বত্বাধিকার স্থির করার নির্দেশ দিয়েছেন এবং আপনি আমাদের জ্ঞাতিভাই সলফাদের উত্তরাধিকার তার কন্যাদের দেওয়ার নির্দেশ প্রভু পরমেশ্বরের কাছ থেকে পেয়েছেন।#গণনা 27:7 3কিন্তু ইসরায়েলীদের অন্য কোন গোষ্ঠীর লোকের সঙ্গে যদি তাদের বিবাহ হয় তাহলে আমাদের পৈতৃক সম্পত্তি থেকে তাদের অংশ বেরিয়ে যাবে এবং যে গোষ্ঠীতে তারা যাবে সেই গোষ্ঠীর স্বত্বাধিকারের সঙ্গে যুক্ত হবে। এই ভাবে তাহলে আমাদের পৈতৃক সম্পত্তি হ্রাস পাবে। 4ইসরায়েলীদের জুবিলির বছর যখন আসবে তখন যে গোষ্ঠীতে তাদের বিবাহ হবে সেই গোষ্ঠীর সম্পত্তির সঙ্গে তাদের সম্পত্তি যুক্ত হবে, আর আমাদের পৈতৃক সম্পত্তি থেকে তাদের অংশ বাদ হয়ে যাবে।
5তখন মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের বললেন, যোষেফের বংশধরেরা ঠিক কথাই বলেছে। 6সলফাদের কন্যাদের সম্পর্কে প্রভু পরমেশ্বরের নির্দেশ এই: তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিবাহ করতে পারে, কিন্তু পিতৃগোষ্ঠীর মধ্যেই তাদের বিবাহ করতে হবে। 7তাহলে ইসরায়েলীদের স্বত্বাধিকার এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে হস্তান্তরিত হবে না। ইসরায়েলীরা প্রত্যেকে তার পৈতৃক সম্পত্তির অধিকারী হবে। 8ইসরায়েলীরা প্রত্যেকে যাতে তার পৈতৃক সম্পত্তি ভোগ দখল করতে পারে, তার জন্য ইসরায়েলীদের মধ্যে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারিণী কন্যারা তাদের পিতৃগোষ্ঠীর মধ্যেই কোন এক ব্যক্তিকে বিবাহ করবে। 9তাহলে এক গোষ্ঠীর সম্পত্তি অন্য গোষ্ঠীর দখলে যাবে না এবং ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠীর সম্পত্তি বজায় থাকবে।
10প্রভু পরমেশ্বর মোশিকে যে নির্দেশ দিয়েছিলেন, সলফাদের কন্যারা তা পালন করল। 11মহলাহ্, তিরসা, হগলা, মিলকা ও নোয়া-সলফাদের এই কন্যারা তাদের জ্যেঠতুতো ও খুড়তুতো ভাইদের বিবাহ করল। 12যোষেফের পুত্র মনঃশির গোষ্ঠীর মধ্যেই তাদের বিবাহ হল, তার ফলে তাদের সম্পত্তি তাদের পিতৃগোষ্ঠীর মধ্যেই রয়ে গেল।
13যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের উপত্যকায় থাকা কালে প্রভু পরমেশ্বর মোশির মাধ্যমে ইসরায়েলীদের এই সমস্ত অনুশাসন ও নির্দেশ দিয়েছিলেন।

Markierung

Kopieren

Vergleichen

Teilen

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.