লেবীয় পুস্তক 24

24
প্রদীপের যত্ন
(যাত্রা 27:20-21)
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি ইসরায়েলীদের এই নির্দেশ দাও, তারা যেন প্রদীপের জন্য জলপাই থেকে বিশুদ্ধ তেল তৈরী করে আনে। ঐ তেলে সর্বক্ষণ প্রদীপ জ্বালানো হবে। 3সম্মিলন শিবিরের মধ্যে চুক্তি সিন্দুক আড়াল করে রাখা পর্দার সামনে হারোণ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সর্বক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখবে। এই নিয়ম পুরুষানুক্রমে চিরকাল পালন করবে। 4নিখাদ সোনায় তৈরী দীপাধারের উপরে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সর্বদা সে ঐ প্রদীপগুলি সাজিয়ে রাখবে।
ঈশ্বরের উদ্দেশে নিবেদিত রুটি
5তুমি মিহি ময়দা দিয়ে বারোটা রুটি তৈরী করবে, প্রত্যেকটি রুটিতে ময়দার পরিমাণ হবে এক এফার দশ ভাগের দুই ভাগ। 6তুমি প্রভু পরমেশ্বরের সাক্ষাতে খাঁটি সোনার পাতে ঢাকা টেবিলের উপর দুই সারিতে রুটি সাজিয়ে রাখবে। এক এক সারিতে ছয়খানা করে রুটি থাকবে। 7প্রত্যেক সারির উপর বিশুদ্ধ সুগন্ধি ধূপ ছড়িয়ে দেবে এবং এই ধূপ রুটির প্রতীকরূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমানলে নিবেদিত হবে। 8পুরোহিত প্রতি বিশ্রাম দিবসে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে ইসরায়েলীদের পক্ষ হয়ে এই রুটি সাজিয়ে রাখবে। এই বিধি চিরকাল পালনীয়। 9এই রুটি হারোণ ও তার পুত্রদের প্রাপ্য হবে, কোন পবিত্র স্থানে বসে তারা এই রুটি আহার করবে কারণ তা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত পবিত্র নৈবেদ্যের মহাপবিত্র অংশ। এই অংশ চিরকাল তাদেরই প্রাপ্য হবে।
ঈশ্বরনিন্দা ও হিংসাত্মক আচরণের দণ্ড বিধান
10-11শালোমীৎ নামে এক ইসরায়েলী মহিলা ছিল। সে দান বংশীয় দিব্রির কন্যা। শালোমীতের স্বামী ছিল মিশরী। এদের এক পুত্র একদিন ইসরায়েলী ছাউনির আর একজন ইসরায়েলীর সঙ্গে ঝগড়া করছিল। সেই সময় সে প্রভু পরমেশ্বরের নামে নিন্দা আর গালিগালাজ করায় লোকে তাকে ধরে মোশির কাছে নিয়ে গেল। 12প্রভু পরমেশ্বরের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশ পাওয়ার অপেক্ষায় তাকে আটক করে রাখা হল।
13প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 14ঈশ্বর নিন্দাকারী ঐ লোকটাকে ছাউনির বাইরে নিয়ে যাও। যারা তার কথা শুনেছে তারা সকলে তার মাথায় হাত রাখুক এবং সমগ্র সমাজ তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলুক। 15তুমি ইসরায়েলীদের বল, কেউ যদি ঈশ্বর সম্পর্কে কোন নিন্দাবাক্য উচ্চারণ করে তবে সে নিজের পাপের জন্য দায়ী হবে। 16প্রভু পরমেশ্বরের নামে যে নিন্দা করবে তার অবশ্যই প্রাণদণ্ড হবে। সমগ্র সমাজ তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। বিজাতীয় হোক বা স্বজাতীয় হোক, সেই পবিত্র নামের অপবাদ যে করবে তার অবশ্যই প্রাণদণ্ড হবে।
17নরহত্যা করলে তার অবশ্যই প্রাণদণ্ড হবে।#যাত্রা 21:12 18যদি কেউ পশুহত্যা করে তাহলে সে ক্ষতিপূরণ দেবে। প্রাণের পরিবর্তে প্রাণ দিতে হবে। 19কোন ব্যক্তি তার প্রতিবেশীর অঙ্গহানি করলে তারও সেই রকম অঙ্গহানি করা হবে। 20অঙ্গহানির বদলে অঙ্গহানি, চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত। অন্যের অঙ্গহানি যেভাবে করা হয়েছে ঠিক সেই ভাবে তারও অঙ্গহানি করা হবে।#যাত্রা 21:23-25; দ্বি.বি. 19:21; মথি 5:38
21যে ব্যক্তি পশু হত্যা করবে সে তার জন্য ক্ষতিপূরণ দেবে, কিন্তু যে নরহত্যা করবে তার প্রাণদণ্ড হবে। 22স্বজাতীয় বিজাতীয় উভয়ের জন্যই তোমাদের বিধান এক হবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।#গণনা 15:16 23মোশি ইসরায়েলীদের কাছে এই সমস্ত কথা বললেন। তখন তারা মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ঈশ্বরনিন্দাকারী ঐ ব্যক্তিকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে পাথর মেরে হত্যা করল।

Markierung

Kopieren

Vergleichen

Teilen

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.