লেবীয় পুস্তক 15
15
গুপ্তরোগ বিষয়ক বিধি
1প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন, 2তোমরা ইসরায়েলীদের বল, কোন ব্যক্তির প্রমেহ রোগ হলে সে অশুচি হবে। 3তার প্রমেহ রোগজনিত অশৌচের বিধি এই: তার রেতঃ স্খলন হোক না হোক সে অশুচি। 4প্রমেহরোগী যে বিছানায় শোবে সেই বিছানা অশুচি, যে আসনে বসবে তাও অশুচি হবে। 5যে তার বিছানা স্পর্শ করবে, তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। 6যে আসনে সেই রোগী বসবে, সেই আসনে যদি অন্য কেউ বসে তবে তাকেও পরণের কাপড় ধুয়ে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। 7সেই রোগীকে যে স্পর্শ করবে তাকেও কাপড় চোপড় ধুয়ে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। 8প্রমেহরোগী যদি কোন শুচি ব্যক্তির গায়ে থুতু ফেলে তবে সেই ব্যক্তিকে পরণের কাপড় ধুয়ে ফেলে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। 9প্রমেহরোগী কোন যানবাহনে আরোহণ করলে তা অশুচি হবে। 10যে আসনে বসবে তা কেউ স্পর্শ করলে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। যে সেই আসন বয়ে নিয়ে যাবে তাকে পরণের কাপড় ধুয়ে ফেলে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। 11প্রমেহরোগী হাত না ধুয়ে যদি কাউকে স্পর্শ করে তবে তাকে জামা কাপড় ধুয়ে ফেলে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। 12প্রমেহরোগী কোন মাটির পাত্র স্পর্শ করলে সেই পাত্র ভেঙ্গে ফেলতে হবে। কাঠের পাত্র হলে সেটি ধুয়ে ফেলতে হবে।
13প্রমেহরোগীর রোগ নিরাময় হলে সে শুদ্ধির জন্য সাতদিন অপেক্ষা করবে। তারপর সে তার জামা কাপড় ধুয়ে ফেলবে এবং স্রোতের জলে স্নান করে শুচি হবে। 14অষ্টম দিনে সে দুটি ঘুঘু কিংবা দুটি পায়রা নিয়ে সম্মিলন শিবিরের দ্বারে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে উপস্থিত হবে এবং পুরোহিতের হাতে সেগুলি দেবে। 15পুরোহিত সেগুলির একটি প্রায়শ্চিত্ত বলি এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে। এইভাবে পুরোহিত সেই ব্যক্তির প্রমেহ রোগের জন্য প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত করবে। 16কোন ব্যক্তির বীর্যস্খলন হলে তাকে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। 17কোন বস্ত্রে বা চামড়ার আসনে বীর্যস্খলন হলে তা ধুয়ে ফেলতে হবে। সন্ধ্যা পর্যন্ত তা অশুচি থাকবে। 18স্ত্রীর সঙ্গে মিলনের পর উভয়কেই স্নান করতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তাদের অশৌচ থাকবে।
19কোন নারীর স্বাভাবিক ঋতুস্রাব হলে সাতদিন তার অশৌচ থাকবে। ঐ অবস্থায় কেউ তাকে স্পর্শ করলে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। 20অশৌচ অবস্থায় সেই নারী কোন শয্যায় শয়ন বা উপবেশন করলে তা অশুচি হবে। 21কেউ তার শয্যা স্পর্শ করলে তাকে জামা কাপড় ধুয়ে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। 22যদি কেউ তার আসন স্পর্শ করে তাহলে তাকে কাপড় ধুয়ে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। 23তার শয্যা কিংবা আসনের উপরে কোন বস্তু থাকলে তা যদি কেউ স্পর্শ করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে। 24অশৌচ অবস্থায় সেই নারীর সঙ্গে কোন পুরুষ যদি শয়ন করে এবং তার রক্তস্রাব সেই পুরুষের গায়ে লাগে তবে সে সাতদিন অশুচি থাকবে এবং যে শয্যায় সে শোবে তাও অশুচি হবে।
25অশৌচকাল ছাড়াও যদি কোন নারীর অনেকদিন ধরে রক্তস্রাব হয়, কিম্বা অশৌচের নির্দিষ্ট কালের পরেও পরেও যদি তার রক্তস্রাব হতে থাকে, তবে যতদিন তার রক্তস্রাব হবে ততদিন তার অশৌচ থাকবে। 26রক্তস্রাবের দিনগুলিতে সে যে শয্যায় শোবে তা তার পক্ষে অশৌচকালীন শয্যার মত হবে। যে আসনে সে বসবে তাও অশৌচকালের মতই অশুচি হবে। 27কেউ সেইগুলি স্পর্শ করলে অশুচি হবে, তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে।
28রক্তস্রাব বন্ধ হওয়ার পর সেই নারী সাতদিন অপেক্ষা করবে, তারপর সে শুচি হবে। 29অষ্টম দিনে সে নিজের প্রায়শ্চিত্তের জন্য দুটি ঘুঘু কিম্বা দুটি পায়রা নিয়ে সম্মিলন শিবিরের দ্বারে পুরোহিতের কাছে যাবে। 30পুরোহিত তাদের একটি প্রায়শ্চিত্ত বলি এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে এবং সেই নারীর রক্তস্রাবজনিত অশৌচের জন্য পুরোহিত প্রার্য়শ্চিত্ত করবে।
31এইভাবে তোমরা ইসরায়েলীদের অশৌচ সম্বন্ধে সাবধান করে দেবে, কারণ তাদের অশৌচের জন্য তাদের মাঝখানে অবস্থিত আমার শিবির অশুচি হলে তাদের মৃত্যু ঘটবে। 32প্রমেহরোগী, বীর্যপাত হেতু অশুচি ব্যক্তি, 33অশৌচগ্রস্তা নারী, রোগগ্রস্ত পুরুষ কিম্বা নারী এবং অশুচি নারীর সংসর্গকারী পুরুষ সম্পর্কে এই বিধি পালনীয়।
Zur Zeit ausgewählt:
লেবীয় পুস্তক 15: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.