লেবীয় পুস্তক 1
1
হোমবলি ও নৈবেদ্য সংক্রান্ত বিধি
1সম্মিলনশিবির থেকে প্রভু পরমেশ্বর মোশিকে ডেকে বললেন, 2তুমি ইসরায়েলীদের বল যে তোমাদের মধ্যে কেউ যদি প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করতে চায় তবে সে যেন নিজের পশুপাল থেকে গরু, কিম্বা ছাগ বা মেষ বলিরূপে উৎসর্গ করে। 3সে যদি তার গরুর পাল থেকে হোমের জন্য বলি উৎসর্গ করতে চায় তাহলে তাকে নিখুঁত একটি পুং গোবৎস সংগ্রহ করতে হবে এবং প্রভু পরমেশ্বরের গ্রাহ্য হওয়ার জন্য সেটিকে সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে যেতে হবে। 4তারপর হোমের জন্য নির্দিষ্ট বলির পশুর মাথায় সে হাত রাখবে, তাহলে সেই বলি তার পক্ষে প্রায়শ্চিত্তস্বরূপ গ্রাহ্য হবে।
5পরে সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে ঐ গোবৎসটি হনন করবে এবং হারোণ বংশের পুরোহিতেরা সেই বলির রক্ত সম্মিলন শিবিরের দ্বারে প্রতিষ্ঠিত বেদীর গায়ে চারদিকে সিঞ্চন করবে। 6এরপর সে হোমের জন্য নির্দিষ্ট ঐ বলির পশুর চামড়া ছাড়িয়ে পশুটিকে কেটে খণ্ড খণ্ড করবে। 7তখন হারোণ বংশের পুরোহিতেরা বেদীর উপরে কাঠ সাজিয়ে আগুণ জ্বালাবে। 8তারপর তারা সেই আগুনে মুণ্ড ও মেদসহ মাংসখণ্ড গুলি আহুতি দেবে। 9সেই পশুর অন্ত্র ও পাগুলি যজমান জলে ধুয়ে দেবে, পরে যাজক সেগুলি বেদীর উপরে হোমানলে আহুতি দেবে। কিছুই বাদ দেবে না। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক।
10যদি সে তার পাল থেকে মেষ কিম্বা ছাগ হোমের জন্য উৎসর্গ করতে চায় তাহলে তাকে নিঁখুত একটি পুংশাবক সংগ্রহ করতে হবে। 11সেটিকে সে বেদীর উত্তর দিকে নিয়ে গিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হনন করবে আর হারোণ বংশের যাজকেরা তার রক্ত বেদীর গায়ে চারদিকে সিঞ্চন করবে। 12তারপর সে ঐ পশুটিকে খণ্ড খণ্ড করে কাটবে এবং যাজক সেটির মুণ্ড ও মেদসহ সেই খণ্ডগুলি বেদীর আগুনে আহুতি দেবে। 13কিন্তু সেই পশুর অন্ত্র ও পাগুলি সেই যজমান জলে ধুয়ে দেবে, পরে পুরোহিত সেগুলি সবই বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম বলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক।
14আর যদি কোন ব্যক্তি প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য পাখি উৎসর্গ করতে চায়, তাহলে তাকে ঘুঘু অথবা কপোত শাবক সংগ্রহ করতে হবে। 15যাজক সেটির মাথা মুচড়ে বেদীর আগুনে আহুতি দেবে এবং রক্ত বেদীর পাশে নিংড়ে ঝরিয়ে দেবে। 16পরে সে পাখিটির মল ও পালকগুলি তুলে বেদীর পূর্ব দিকে ছাইয়ের গাদায় ফেলে দেবে। 17সে ঐ পাখিটির ডানা ভাঙ্গবে কিন্তু সেটিকে ছিঁড়ে দু’টুকরো করবে না। তারপর যাজক বেদীর আগুনে সেটিকে আহুতি দেবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম বলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক।
Zur Zeit ausgewählt:
লেবীয় পুস্তক 1: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.