Logo YouVersion
Ikona vyhledávání

লেবীয় 27

27
মানত বিষয়ক ব্যবস্থা
1আর মাবুদ মূসাকে বললেন, 2তুমি বনি-ইসরাইলকে বল, যদি কেউ মাবুদের উদ্দেশ্যে বিশেষ মানত করে তবে তোমার নির্ধারিত মূল্য অনুসারে তা মাবুদের হবে। 3তোমার নির্ধারিত মূল্য এরকম; বিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত পুরুষ হলে তোমার নির্ধারিত মূল্য পবিত্র স্থানের শেকল অনুসারে পঞ্চাশ শেকল রূপা। 4কিন্তু যদি স্ত্রীলোক হয় তবে তোমার নির্ধারিত মূল্য ত্রিশ শেকল হবে। 5যদি পাঁচ বছর বয়স থেকে বিশ বছর বয়স পর্যন্ত হয় তবে তোমার নির্ধারিত মূল্য পুরুষের পক্ষে বিশ শেকল ও স্ত্রীর পক্ষে দশ শেকল হবে। 6যদি এক মাস বয়স থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত হয় তবে তোমার নির্ধারিত মূল্য পুরুষের পক্ষে পাঁচ শেকল রূপা ও তোমার নির্ধারিত মূল্য স্ত্রীর পক্ষে তিন শেকল রূপা হবে। 7যদি ষাট বছর কিংবা তার বেশি বয়স হয় তবে তোমার নির্ধারিত মূল্য পুরুষের পক্ষে পনের শেকল ও স্ত্রীর পক্ষে দশ শেকল হবে। 8কিন্তু যদি দরিদ্র হবার কারণে তোমার নির্ধারিত মূল্য দিতে সে অক্ষম হয় তবে তাকে ইমামের কাছে আনা হবে এবং ইমাম তার মূল্য নির্ধারণ করবে; মানতকারী ব্যক্তির সংস্থান অনুসারে ইমাম তার মূল্য নির্ধারণ করবে।
9আর যদি কেউ মাবুদের কাছে কোরবানীর জন্য পশু দান করে তবে মাবুদের উদ্দেশে দেওয়া সমস্ত পশু পবিত্র বস্তু হবে। 10সে তার অন্যথা বা পরিবর্তন করবে না, মন্দের পরিবর্তে ভাল, কিংবা ভালর পরিবর্তে মন্দ দেবে না; যদি সে কোন ভাবে পশুর সঙ্গে পশুর পরিবর্তন করে তবে তা এবং তার বিনিময় উভয়ই পবিত্র হবে। 11আর যা মাবুদের উদ্দেশে উপহার হিসেবে কোরবানী করা যায় না, এমন কোন নাপাক পশু যদি কেউ দান করে তবে সে ঐ পশুকে ইমামের সম্মুখে উপস্থিত করবে। 12ঐ পশু ভাল কিংবা মন্দ হোক, ইমাম তার মূল্য নির্ধারণ করবে; তোমার অর্থাৎ ইমামের নির্ধারণ অনুসারেই মূল্য হবে। 13কিন্তু যদি সে কোন ভাবে তা মুক্ত করতে চায় তবে সে তোমার নির্ধারিত মূল্যের পঞ্চমাংশ বেশি দেবে।
14আর যদি কোন ব্যক্তি মাবুদের উদ্দেশে নিজের বাড়ি পবিত্র করে তবে তা ভাল কিংবা মন্দ হোক, ইমাম তার মূল্য নির্ধারণ করবে; ইমাম তার যে মূল্য নির্ধারণ করবে, তা-ই স্থির হবে। 15আর যে তা পবিত্র করেছে, সে যদি তার বাড়িটি মুক্ত করতে চায় তবে সে তোমার নির্ধারিত মূল্যের পঞ্চমাংশ বেশি দেবে; তা করলে বাড়িটি তার হবে।
16আর যদি কেউ তার অধিকৃত ক্ষেতের কোন অংশ মাবুদের উদ্দেশে পবিত্র করে তবে তার বপনীয় বীজ অনুসারে তার মূল্য তোমাকে ধার্য করতে হবে; আর তা হবে একেক হোমর পরিমিত যবের বীজের প্রতি পঞ্চাশ পঞ্চাশ শেকল করে রূপা। 17যদি সে জুবিলী বছর থেকে নিজের ক্ষেত পবিত্র করে তবে তোমার নির্ধারিত সেই মূল্য অনুসারে তা স্থির হবে। 18কিন্তু যদি সে জুবিলীর পরে নিজের ক্ষেত পবিত্র করে তবে ইমাম আগামী জুবিলী পর্যন্ত অবশিষ্ট বছরের সংখ্যা অনুসারে তার দেয় রূপা গণনা করবে এবং সেই অনুসারে তোমার নির্ধারিত মূল্য হ্রাস করা যাবে। 19আর যে তা পবিত্র করেছে, সে যদি কোন ভাবে নিজের ক্ষেত মুক্ত করতে চায় তবে সে তোমার নির্ধারিত রূপার পঞ্চমাংশ বেশি দিলে তা তারই হবে। 20কিন্তু যদি সে সেই ক্ষেত মুক্ত না করে, কিংবা যদি অন্য কারো কাছে সেই ক্ষেত বিক্রি করে তবে তা আর কখনও মুক্ত হবে না; 21সেই ক্ষেত জুবিলী বছরে সেই ক্রেতার হাত থেকে চলে গিয়ে মাবুদের কাছে শর্তহীনভাবে উৎসর্গকৃত ভূমির মত মাবুদের উদ্দেশে পবিত্র হবে এবং তাতে ইমামেরই অধিকার হবে। 22আর যদি কেউ নিজের পৈতৃক ক্ষেত ছাড়া নিজের ক্রয় করা ক্ষেত মাবুদের উদ্দেশে পবিত্র করে, 23তবে ইমাম তোমার নির্ধারিত মূল্য অনুসারে জুবিলী বছর পর্যন্ত তার দেয় রূপা গণনা করবে, আর সেই দিনে সে তোমার নির্ধারিত মূল্য দেবে; তা মাবুদের উদ্দেশে পবিত্র। 24জুবিলী বছরে সেই ক্ষেত বিক্রেতার হাতে, অর্থাৎ সেই ভূমি যার পৈতৃক অধিকার তার নিজের হাতে ফিরে আসবে। 25আর তোমার নির্ধারিত সমস্ত মূল্য পবিত্র স্থানের শেকল অনুসারে হবে; বিশ গেরাতে এক শেকল হয়।
26কেবল প্রথমজাত পশুর সমস্ত বাচ্চা মাবুদের উদ্দেশে প্রথমজাত হওয়াতে কেউই তা পবিত্র করতে পারবে না; গরু হোক কিংবা ভেড়া হোক তা মাবুদের। 27যদি সেই পশু নাপাক হয় তবে সে তোমার নির্ধারিত মূল্যের পঞ্চমাংশ বেশি দিয়ে তা মুক্ত করতে পারে, মুক্ত না হলে তা তোমার নির্ধারিত মূল্যে বিক্রি করা যাবে।
28আর কোন ব্যক্তি তার সর্বস্ব থেকে মানুষ বা পশু বা অধিকৃত ক্ষেত থেকে, যা কিছু মাবুদের উদ্দেশে শর্তহীনভাবে উৎসর্গ করে, তা বিক্রি করা কিংবা মুক্ত হবে না; মাবুদের কাছে শর্তহীন উৎসর্গকৃত বস্তু মাবুদের উদ্দেশে অতি পবিত্র। 29মানুষের মধ্যে যে কেউ মাবুদের কাছে শর্তহীনভাবে উৎসর্গকৃত, তাকে মুক্ত করা যাবে না; তাকে হত্যা করতে হবে।
30আর ভূমির শস্য কিংবা গাছের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশ ভাগের এক ভাগ মাবুদের; তা মাবুদের উদ্দেশে পবিত্র। 31আর যদি কেউ নিজের দশ ভাগের এক ভাগ থেকে কিঞ্চিৎ মুক্ত করতে চায় তবে সে তার পঞ্চমাংশ বেশি দেবে। 32আর পশু পালের দশ ভাগের এক ভাগ, অর্থাৎ রাখালের পাঁচনি দিয়ে গণনা করা প্রত্যেক দশম পশু মাবুদের উদ্দেশে পবিত্র হবে। 33তা ভাল বা মন্দ, এর অনুসন্ধান সে করবে না ও তার পরিবর্তন করবে না; কিন্তু যদি সে কোন ভাবে তার পরিবর্তন করে তবে তা ও তার বিনিময় উভয়ই পবিত্র হবে; তা মুক্ত করা যাবে না।
34মাবুদ তুর পর্বতে বনি-ইসরাইলদের জন্য মূসাকে এসব হুকুম করলেন।

Zvýraznění

Kopírovat

Porovnat

Sdílet

None

Chceš mít své zvýrazněné verše uložené na všech zařízeních? Zaregistruj se nebo se přihlas