১ করিন্থীয় 8
8
মূর্তির প্রসাদ বিষয়ক কথা
1আর এবার মূর্তির কাছে উৎসর্গ করা খাদ্যের বিষয় বলছি; আমরা জানি যে, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু প্রেমই গেঁথে তোলে। 2যদি কেউ মনে করে, সে কিছু জানে, তবে যেরূপ জানতে হয়, তদ্রূপ এখনও জানে না; 3কিন্তু যদি কেউ আল্লাহ্কে মহব্বত করে, আল্লাহ্ তাকে জানেন। 4ভাল, মূর্তির কাছে উৎসর্গ করা খাদ্য ভোজনের বিষয়ে আমরা জানি, দুনিয়াতে মূর্তি কিছুই নয় এবং এক আল্লাহ্ ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। 5কেননা কি বেহেশতে কি দুনিয়াতে যাদেরকে দেবতা বলা যায়, এমন কতগুলো যদিও আছে— বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে— 6তথাপি আমাদের জ্ঞানে একমাত্র আল্লাহ্ সেই পিতা, যাঁর থেকে সকলই সৃষ্টি হয়েছে ও যাঁর জন্য আমরা বেঁচে আছি; এবং একমাত্র প্রভু সেই ঈসা মসীহ্, যাঁর দ্বারা সকলই হয়েছে, এবং যাঁর দ্বারা আমরা অস্তিত্ব প্রাপ্ত হয়েছি।
7তবে কি না সকলের এই জ্ঞান নেই; কিন্তু কিছু লোক এখনও মূর্তির সংশ্রবে থাকায় মূর্তির কাছে উৎসর্গ করা খাদ্য সেই জ্ঞানেই খেয়ে থাকে; এবং তাদের বিবেক দুর্বল বলে তা কলুষিত হয়। 8কিন্তু খাদ্য দ্রব্যের কারণে আমরা আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য হই না; ভোজন না করলে আমাদের কোন ক্ষতি হয় না, ভোজন করলেও আমাদের কোন লাভ হয় না। 9কিন্তু সাবধান, তোমাদের এই ক্ষমতা যেন কোনক্রমে দুর্বলদের পতনের কারণ না হয়। 10কারণ, তোমার তো জ্ঞান আছে, তোমাকে যদি কেউ দেবতার মন্দিরে ভোজনে বসতে দেখে, তবে সে দুর্বল লোক বলে তার বিবেক কি মূর্তির কাছে উৎসর্গ করা খাদ্য খেতে উৎসাহ পাবে না? 11সুতরাং তোমার জ্ঞান দ্বারা সেই ভাই, যার জন্য মসীহ্ মৃত্যুবরণ করেছেন, সেই দুর্বল ব্যক্তি বিনষ্ট হয়। 12এরূপে ভাইদের বিরুদ্ধে গুনাহ্ করলে ও তাদের দুর্বল বিবেকে আঘাত করলে, তোমরা মসীহের বিরুদ্ধে গুনাহ্ কর। 13অতএব খাদ্য দ্রব্য যদি আমার ভাইয়ের বিঘ্ন জন্মায়, তবে আমি গোশ্ত ভোজন করা ছেড়েই দেব, যেন আমার ভাইয়ের বিঘ্ন না জন্মাই।
المحددات الحالية:
১ করিন্থীয় 8: BACIB
تمييز النص
شارك
قارن
نسخ
هل تريد حفظ أبرز أعمالك على جميع أجهزتك؟ قم بالتسجيل أو تسجيل الدخول
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013