Àmì Ìdánimọ̀ Ohun-èlò Bíbélì
Ṣe Àwárí

মেসাল 3

3
1বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলে
যেয়ো না;
তোমার অন্তর আমার সমস্ত হুকুম পালন করুক।
2কারণ তাতে তুমি আয়ুর দীর্ঘতা,
জীবনের অতিরিক্ত বছর এবং শান্তি পাবে।
3রহম ও বিশ্বস্ততা তোমাকে ত্যাগ না করুক;
তুমি এদের তোমার গলায় বেঁধে রাখ,
তোমার হৃদয়-ফলকে লিখে রাখ।
4তা করলে রহমত ও সুবুদ্ধি পাবে,
আল্লাহ্‌র ও মানুষের দৃষ্টিতে পাবে;
5তুমি একাগ্র চিত্তে মাবুদের উপর ভরসা রাখ;
তোমার নিজের বিবেচনায় নির্ভর করো না;
6তোমার সমগ্র পথে তাঁকে স্বীকার কর;
তাতে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন।
7নিজের দৃষ্টিতে জ্ঞানবান হয়ো না;
মাবুদকে ভয় কর, মন্দ থেকে দূরে যাও।
8তা তোমার দেহের স্বাস্থ্যস্বরূপ হবে,
তোমার অস্থির মজ্জাস্বরূপ হবে।
9তুমি মাবুদকে সম্মান কর নিজের ধন দিয়ে,
আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশ দিয়ে;
10তাতে তোমার গোলাঘরগুলো বহু শস্যে পূর্ণ হবে,
তোমার কুণ্ডে নতুন আঙ্গুর-রস উথলে পড়বে।
11বৎস, মাবুদের শাসন তুচ্ছ করো না,
তিনি অনুযোগ করলে ক্লান্ত হয়ো না;
12কেননা মাবুদ যাকে মহব্বত করেন,
তাকেই শাস্তি প্রদান করেন,
যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন।
13সুখী সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়,
সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে;
14কেননা রূপার বাণিজ্যের চেয়েও তার বাণিজ্য উত্তম,
সোনার চেয়েও প্রজ্ঞা-লাভ উত্তম।
15তা মুক্তার চেয়েও বহুমূল্য;
তোমার অভীষ্ট কোন বস্তু তার সমান নয়।
16তার ডান হাতে দীর্ঘ পরমায়ু,
তার বাম হাতে ধন ও সম্মান থাকে।
17তার সমস্ত পথ সুখের পথ,
তার সমস্ত পথ শান্তিময়।
18যারা তাকে ধরে রাখে, তাদের কাছে তা জীবন-বৃক্ষ;
যে কেউ তা গ্রহণ করে, তাকে সুখী বলা হয়।
19মাবুদ প্রজ্ঞা দ্বারা দুনিয়ার মূল স্থাপন করেছেন,
বুদ্ধি দ্বারা আসমান অটল করেছেন;
20তাঁর জ্ঞান দ্বারা গভীর সমস্ত জলধি খুলে গেল,
আর আসমান বিন্দু বিন্দু শিশির বর্ষণ করলো।
21বৎস, এসব তোমার দৃষ্টি-বহির্ভূত না হোক,
তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা কর।
22তাতে সেগুলো তোমার প্রাণের জীবনস্বরূপ হবে,
তোমার কণ্ঠের শোভাস্বরূপ হবে।
23তখন তুমি নিজের পথে নির্ভয়ে গমন করবে,
তোমার পায়ে হোঁচট লাগবে না।
24শয়নকালে তুমি ভয় করবে না,
তুমি শয়ন করবে, তোমার নিদ্রা সুখকর হবে।
25আকস্মিক বিপদকে ভয় পেয়ো না,
দুষ্টের বিনাশ আসলে তাকে ভয় পেয়ো না;
26কেননা মাবুদ তোমার বিশ্বাসভূমি হবেন,
ফাঁদ থেকে তোমার পা রক্ষা করবেন।
27যাদের মঙ্গল করা উচিত,
তাদের মঙ্গল করতে অস্বীকার করো না,
যখন তা করার ক্ষমতা তোমার হাতে থাকে।
28তোমার প্রতিবেশীকে বলো না,
‘যাও, আবার এসো, আমি আগামীকাল দিব’,
যখন তোমার হাতে থাকে।
29তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কুসঙ্কল্প করো না,
সে তো তোমার কাছে নির্ভয়ে বাস করে।
30অকারণে কোন ব্যক্তির সঙ্গে বিরোধ করো না,
যদি সে তোমার অপকার না করে থাকে।
31জুলুমবাজের প্রতি ঈর্ষা করো না,
আর তার কোন পথ মনোনীত করো না;
32কেননা যে ব্যক্তি খল সে মাবুদের ঘৃণার পাত্র;
কিন্তু সরলদের সঙ্গে তাঁর ঘনিষ্টতা আছে।
33দুষ্টের বাড়িতে মাবুদের বদদোয়া বর্ষিত হয়,
কিন্তু তিনি ধার্মিকদের নিবাসকে দোয়া করেন।
34নিশ্চয়ই তিনি নিন্দুকদের নিন্দা করেন,
কিন্তু নম্রদেরকে রহমত প্রদান করেন,
35জ্ঞানবানেরা সম্মানের অধিকারী হবে,
কিন্তু অপমানই হীনবুদ্ধিদের পরিণাম।

Àwon tá yàn lọ́wọ́lọ́wọ́ báyìí:

মেসাল 3: BACIB

Ìsàmì-sí

Daako

Ṣe Àfiwé

Pín

None

Ṣé o fẹ́ fi àwọn ohun pàtàkì pamọ́ sórí gbogbo àwọn ẹ̀rọ rẹ? Wọlé pẹ̀lú àkántì tuntun tàbí wọlé pẹ̀lú àkántì tí tẹ́lẹ̀