ইউনুস 1

1
হযরত ইউনুসের পালিয়ে যাওয়া
1মাবুদের এই কালাম অমিত্তয়ের পুত্র ইউনুসের কাছে নাজেল হল, 2তুমি ওঠ, নিনেভেতে, সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা কর, কেননা তাদের নাফরমানী আমার সম্মুখে উঠেছে।
3কিন্তু ইউনুস মাবুদের সম্মুখ থেকে তর্শীশে পালিয়ে যাবার জন্য উঠলেন; তিনি যাফোতে নেমে তর্শীশে যাবে এমন একটি জাহাজ পেলেন; তখন জাহাজের ভাড়া দিয়ে মাবুদের সম্মুখ থেকে নাবিকদের সঙ্গে তর্শীশে যাবার জন্য সেই জাহাজে প্রবেশ করলেন। 4কিন্তু মাবুদ সমুদ্রে প্রচণ্ড বায়ু পাঠিয়ে দিলেন, সমুদ্রে ভারী ঝড় উঠলো, এমন কি, জাহাজ ভেঙ্গে যাবার উপক্রম হল। 5তখন নাবিকেরা ভয় পেল, প্রত্যেকে নিজ নিজ দেবতার কাছে কাঁদতে লাগল, আর ভার লাঘবের জন্য জাহাজের মাল সমুদ্রে ফেলে দিল। কিন্তু ইউনুস জাহাজের খোলে নেমেছিলেন এবং সেখানে শয়ন করে গভীর নিদ্রায় মগ্ন ছিলেন।
6তখন জাহাজের ক্যাপ্টেন তাঁর কাছে এসে বললেন, ওহে, তুমি যে ঘুমাচ্ছো তোমার কি হল? ওঠ, তোমার আল্লাহ্‌কে ডাক; হয় তো আল্লাহ্‌ আমাদের বিষয় চিন্তা করবেন ও আমরা ধ্বংস হব না। 7পরে নাবিকেরা পরসপর বললো, এসো, আমরা গুলিবাঁট করি, তা হলে জানতে পারব, কার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটছে। পরে তারা গুলিবাঁট করলো, আর ইউনুসের নামে গুলি উঠলো। 8তখন তারা তাকে বললো, বল দেখি, কার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটছে? তোমার ব্যবসা কি? তুমি কোথা থেকে এসেছো? তুমি কোন্‌ দেশের লোক? কোন্‌ জাতির লোক? 9তিনি তাদেরকে বললেন, আমি এক জন ইবরানী; আমি মাবুদকে ভয় করি, তিনি বেহেশতের আল্লাহ্‌, তিনি সমুদ্র ও স্থল নির্মাণ করেছেন। 10তখন সেই লোকেরা ভীষণ ভয় পেয়ে তাঁকে বললো, তুমি এ কি কাজ করেছ? কেননা তিনি যে মাবুদের সম্মুখ থেকে পালাচ্ছেন, তা তারা জানত, কারণ তিনি তাদেরকে বলেছিলেন।
11পরে তারা তাঁকে বললো, আমরা তোমাকে কি করলে সমুদ্র আমাদের প্রতি ক্ষান্ত হতে পারে? কেননা সমুদ্র উত্তরোত্তর প্রচণ্ড হয়ে উঠছিল। 12তিনি তাদেরকে বললেন, আমাকে ধরে সমুদ্রে ফেলে দাও, তাতে সমুদ্র তোমাদের পক্ষে ক্ষান্ত হবে; কেননা আমি জানি, আমারই দোষে তোমাদের উপরে এই ভারী ঝড় উপস্থিত হয়েছে। 13তবুও সেই লোকেরা জাহাজ ফিরিয়ে ডাঙ্গায় নিয়ে যাবার জন্য ঢেউ কাটতে চেষ্টা করতে লাগল; কিন্তু পারল না, কারণ সমুদ্র তাদের বিপরীতে উত্তরোত্তর প্রচণ্ড হয়ে উঠছিল। 14এজন্য তারা মাবুদকে ডাকতে লাগল, আর বললো, ফরিয়াদ করি, হে মাবুদ, ফরিয়াদ করি, এই ব্যক্তির প্রাণের জন্য আমাদের বিনাশ না হোক এবং আমাদের উপরে নির্দোষের রক্ত অর্পণ করো না; কেননা, হে মাবুদ, তুমি তোমার ইচ্ছামত কাজ করেছ। 15পরে তারা ইউনুসকে ধরে সমুদ্রে ফেলে দিল, তাতে সমুদ্র থামল, আর প্রচণ্ড হল না। 16তখন সেই লোকেরা মাবুদকে ভীষণ ভয় করতে লাগল; আর তারা মাবুদের উদ্দেশে কোরবানী করলো এবং নানা মানত করলো।
17আর মাবুদ ইউনুসকে গ্রাস করার জন্য একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন; সেই মাছের উদরে ইউনুস তিন দিন ও তিন রাত রইলেন।

Àwon tá yàn lọ́wọ́lọ́wọ́ báyìí:

ইউনুস 1: BACIB

Ìsàmì-sí

Pín

Ṣe Àfiwé

Daako

None

Ṣé o fẹ́ fi àwọn ohun pàtàkì pamọ́ sórí gbogbo àwọn ẹ̀rọ rẹ? Wọlé pẹ̀lú àkántì tuntun tàbí wọlé pẹ̀lú àkántì tí tẹ́lẹ̀