দানিয়াল 10

10
জাতিদের মধ্যকার যুদ্ধ ও বেহেশতী ক্ষমতা
1পারস্যের বাদশাহ্‌ কাইরাসের তৃতীয় বছরে বেল্টশৎসর নামে আখ্যাত দানিয়ালের কাছে একটি কালাম প্রকাশিত হল, সেই কালাম সত্য ও মহাযুদ্ধ বিষয়ক; তিনি কালাম বুঝলেন, সেই দর্শনও বুঝতে পারলেন।
2সেই সময়ে আমি দানিয়াল পূর্ণ তিন সপ্তাহ ধরে শোক করছিলাম; 3সেই পূর্ণ তিন সপ্তাহ যতদিন শেষ হল না, ততদিন সুস্বাদু খাদ্য ভোজন করলাম না, গোশ্‌ত কি আঙ্গুর-রস আমার মুখে প্রবেশ করলো না এবং আমি তেল মাখলাম না। 4পরে প্রথম মাসের চব্বিশতম দিনে যখন আমি হিদ্দেকল নামক মহানদীর তীরে ছিলাম, তখন চোখ তুলে তাকালাম, 5আর দেখ, মসীনা-কাপড় পরা ও উফসের উত্তম সোনার কোমরবন্ধনী পরা এক ব্যক্তি; 6তাঁর শরীর বৈদূর্যমণির মত, তাঁর মুখ বিদ্যুতের প্রভার মত, তাঁর চোখ জ্বলন্ত মশালের মত, তাঁর হাত ও পা পালিশ করা ব্রোঞ্জের আভাবিশিষ্ট এবং তাঁর স্বর লোকারণ্যের আওয়াজের মত। 7আমি দানিয়াল একাকী সেই দর্শন পেলাম; কারণ আমার সঙ্গীরা সেই দর্শন পেল না, কিন্তু তারা ভীষণ কেঁপে উঠলো এবং নিজেদের লুকাবার জন্য পালিয়ে গেল। 8এজন্য আমি একা থেকে সেই মহৎ দর্শন দেখতে লাগলাম, তখন আমার কোন শক্তি রইলো না; আমার মুখ মরার মত ফ্যাকাশে হয়ে গেল, আমি কিছুমাত্র বল রক্ষা করতে পারলাম না। 9পরে আমি তাঁর কথার আওয়াজ শুনলাম, আর সেই কথার আওয়াজ শোনামাত্র আমি গভীর নিদ্রায় উবুড় হয়ে পড়লাম।
10আর দেখ, একটি হাত আমাকে স্পর্শ করে আমার জানু ও আমার দুই হাতের উপরে ভর করিয়ে দিল। 11পরে তিনি আমাকে বললেন, হে মহা প্রীতিপাত্র দানিয়াল, আমি তোমাকে যেসব কথা বলবো, সেসব বুঝে নাও এবং উঠে দাঁড়াও, কেননা আমি এখন তোমারই কাছে প্রেরিত হলাম। তিনি আমাকে এই কথা বললে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। 12তখন তিনি আমাকে বললেন, হে দানিয়াল, ভয় করো না, কেননা প্রথম যেদিন তুমি বুঝবার জন্য ও তোমার আল্লাহ্‌র সাক্ষাতে নিজেকে বিনীত করার জন্য মনঃসংযোগ করেছিলে, সেদিন থেকে তোমার বাণী শোনা হয়েছে; এবং তোমার বাণীর জন্যই আমি এসেছি। 13কিন্তু পারস্য-রাজ্যের শাসনকর্তা একুশ দিন পর্যন্ত আমার বিরুদ্ধে দাঁড়ালেন। পরে দেখ, প্রধান শাসনকর্তাদের মধ্যে মিকাইল নামক এক জন আমাকে সাহায্য করতে আসলেন; আর আমি সেই স্থানে পারস্যের বাদশাহ্‌দের কাছে থাকলাম। 14এখন, উত্তরকালে তোমার জাতির প্রতি যা ঘটবে, তা আমি তোমাকে বুঝিয়ে দিতে এসেছি; কেননা দর্শনটি এখনও দীর্ঘকালের অপেক্ষা করছে।
15তিনি আমাকে এই কথা বলার পর আমি অবাক হয়ে ভূমিতে উবুড় হয়ে পড়ে রইলাম। 16আর দেখ, মানুষের আকৃতি-বিশিষ্ট এক ব্যক্তি আমার ওষ্ঠাধর স্পর্শ করলেন; তখন আমি মুখ খুলে কথা বললাম, যিনি আমার সম্মুখে দাঁড়িয়ে ছিলেন, তাঁকে বললাম, হে আমার প্রভু, এই দর্শনের দরুন মর্মবেদনা আমাকে ধরেছে, কিছুমাত্র বল রক্ষা করতে পারছি না। 17কারণ আমার এই প্রভুর গোলাম কিভাবে আমার এই প্রভুর সঙ্গে কথা বলতে পারে? এখন আমার কিছুমাত্র বল নেই, আমার মধ্যে শ্বাসও নেই।
18তখন সেই যে ব্যক্তি দেখতে মানুষের মত, তিনি পুনর্বার স্পর্শ করে আমাকে সবল করলেন। 19আর তিনি বললেন, হে মহাপ্রীতি-পাত্র, ভয় কর না, তোমার শান্তি হোক, সবল হও, সবল হও। তিনি আমার সঙ্গে আলাপ করলে আমি সবল হলাম, আর বললাম, আমার প্রভু বলুন, কেননা আপনি আমাকে সবল করেছেন। 20তখন তিনি বললেন, আমি কি জন্য তোমার কাছে এসেছি, তা কি জান? এখন আমি পারস্যের শাসনকর্তার সঙ্গে যুদ্ধ করতে ফিরে যাব; আর দেখ, আমি চলে গেলে গ্রীসের শাসনকর্তা আসবে। 21যা হোক, সত্যের গ্রন্থে যা লেখা আছে, তা আমি তোমাকে জানাই; ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করতে তোমাদের শাসনকর্তা মিকাইল ছাড়া আর কেউ নেই।

Àwon tá yàn lọ́wọ́lọ́wọ́ báyìí:

দানিয়াল 10: BACIB

Ìsàmì-sí

Pín

Ṣe Àfiwé

Daako

None

Ṣé o fẹ́ fi àwọn ohun pàtàkì pamọ́ sórí gbogbo àwọn ẹ̀rọ rẹ? Wọlé pẹ̀lú àkántì tuntun tàbí wọlé pẹ̀lú àkántì tí tẹ́lẹ̀