ইউসা 2

2
কেনান দেশ দেখবার জন্য দু’জন গোয়েন্দা পাঠানো
1আর নূনের পুত্র ইউসা শিটীম থেকে দু’জন গোয়েন্দাকে গোপনে এই কথা বলে পাঠিয়ে দিলেন, তোমরা যাও, ঐ দেশ ও জেরিকো নগর নিরীক্ষণ কর। তখন তারা গিয়ে রাহব নাম্নী এক জন পতিতার বাড়িতে প্রবেশ করে সেই স্থানে রাত্রি যাপন করলো। 2আর লোকেরা জেরিকোর বাদশাহ্‌কে বললো, দেখুন, দেশ অনুসন্ধান করতে বনি-ইসরাইলদের মধ্যে কয়েকজন লোক আজ রাতে এই স্থানে এসেছে। 3তখন জেরিকোর বাদশাহ্‌ রাহবের কাছে এই কথা বলে পাঠালেন, যে লোকেরা তোমার কাছে এসে তোমার বাড়িতে প্রবেশ করেছে, তাদের বের করে আন, কেননা তারা সমস্ত দেশ অনুসন্ধান করতে এসেছে। 4তখন সেই স্ত্রীলোকটি ঐ দু’জনকে নিয়ে লুকিয়ে রাখল, আর বললো, সত্যি, সেই লোকেরা আমার কাছে এসেছিল বটে; কিন্তু তারা কোথাকার লোক তা আমি জানতাম না। 5অন্ধকার হলে নগর-দ্বার বন্ধ করার একটু আগে সেই লোকেরা চলে গেছে; তারা কোথায় গেছে, আমি জানি না; শীঘ্র তাদের পিছনে পিছনে যান, গেলে তাদের ধরতে পারবেন। 6কিন্তু স্ত্রীলোকটি তাদের ছাদের উপরে নিয়ে গিয়ে সেখানে তার মেলে দেওয়া মসিনার ডাঁটার মধ্যে লুকিয়ে রেখেছিল। 7ঐ লোকেরা তাদের পিছনে জর্ডানের পথে পারঘাটা পর্যন্ত দৌড়ে গেল। সেই লোকেরা তাদের পিছনে দৌড়ে গেল এবং তারা বের হওয়া মাত্র নগর-দ্বার বন্ধ হয়ে গেল।
8সেই দু’জন গোয়েন্দা শয়ন করার আগে ঐ স্ত্রীলোকটি ছাদের উপরে তাদের কাছে এল, 9আর তাদের বললো, আমি জানি, মাবুদ তোমাদের এই দেশ দিয়েছেন, আর তোমাদের কাছ থেকে আমাদের উপরে মহাভয় উপস্থিত হয়েছে ও তোমাদের সম্মুখে এই দেশবাসী সমস্ত লোক মহা ভয়ে ভীত হয়েছে। 10কেননা মিসর থেকে তোমরা বের হয়ে আসলে মাবুদ তোমাদের সম্মুখে কিভাবে লোহিত সাগরের পানি শুকিয়ে ফেলেছিলেন এবং তোমরা জর্ডানের ওপারস্থ সীহোন ও উজ নামে আমোরীয়দের দুই বাদশাহ্‌র প্রতি যা করেছ, তাদের যে নিঃশেষে বিনষ্ট করেছ, তা আমরা শুনেছি; 11আর এসব কথা শুনে আমাদের অন্তর ভয়ে সঙ্কুচিত হয়ে গেছে; তোমাদের কারণে কারো মনে সাহস নেই, কেননা তোমাদের আল্লাহ্‌ মাবুদ উপরিস্থ বেহেশতের ও নিচস্থ দুনিয়ার আল্লাহ্‌। 12অতএব এখন, আরজ করি, তোমরা আমার কাছে মাবুদের নামে শপথ কর; আমি তোমাদের উপরে রহম করলাম, এজন্য তোমরাও আমার পিতৃ-কুলের উপরে রহম করবে। তোমরা আমাকে এমন একটি চিহ্ন দাও যাতে আমি বিশ্বাস করতে পারি যে, 13তোমরা আমার পিতা-মাতা, ভাই-বোন ও তাদের সমস্ত পরিজনকে বাঁচাবে ও মৃত্যু থেকে আমাদের প্রাণ উদ্ধার করবে। 14সেই দু’জন তাকে বললো, তোমাদের পরিবর্তে আমাদের প্রাণ যাক! তোমরা যদি আমাদের এই কাজ প্রকাশ না কর তবে যে সময় মাবুদ আমাদের এই দেশ দেবেন, সেই সময় আমরা তোমার প্রতি রহম ও বিশ্বস্ত ব্যবহার করবো।
15পরে সে জানালা দিয়ে দড়ির সাহায্যে তাদের নামিয়ে দিল, কেননা তার বাড়ি নগর প্রাচীরের সঙ্গে যুক্ত ছিল, সে প্রাচীরের উপরে বাস করতো। 16আর সে তাদের বললো, যারা পিছনে দৌড়ে গেছে তারা যেন তোমাদের সন্ধান না পায় সেজন্য তোমরা পর্বতে যাও। তোমরা তিন দিন সেই স্থানে লুকিয়ে থাক, তারপর যারা পিছনে দৌড়ে গেছে তারা ফিরে আসলে পর তোমরা তোমাদের পথে চলে যেও। 17সেই লোকেরা জবাবে বললো, তুমি আমাদের যে শপথ করিয়েছ, সেই বিষয়ে আমরা নির্দোষ হবো। 18দেখ, তুমি যে জানালা দিয়ে আমাদের নামিয়ে দিলে, আমাদের এই দেশে আসার সময়ে সেই জানালায় এই লাল রংয়ের সুতায় তৈরি দড়ি বেঁধে রাখবে এবং তোমার পিতা-মাতা ও ভাইয়েরা আর তোমার সমস্ত পিতৃকুলকে তোমার বাড়িতে একত্র করবে। 19তখন এরকম হবে, যে কেউ তোমার বাড়ি থেকে বের হয়ে পথে যাবে তার রক্তপাতের অপরাধ তার মাথায় বর্তাবে এবং আমরা নির্দোষ হব; কিন্তু যে কেউ তোমার সঙ্গে বাড়ির মধ্যে থাকে তার উপরে যদি কেউ হাত তোলে, তবে তার রক্তপাতের অপরাধ আমাদের মাথায় বর্তাবে। 20কিন্তু তুমি যদি আমাদের এই কাজ প্রকাশ কর, তবে তুমি আমাদের দিয়ে যে শপথ করিয়েছ তা থেকে আমরা নির্দোষ হবো। 21তখন সে বললো, তোমরা যেমন বললে তেমনি হোক। পরে সে তাদের বিদায় করলে তারা প্রস্থান করলো এবং সে ঐ লাল রংয়ের দড়ি জানালায় বেঁধে রাখল।
22আর তারা গিয়ে পর্বতে উপস্থিত হল এবং যারা তাদের পিছনে দৌড়ে গিয়েছিল তারা ফিরে না আসা পর্যন্ত তিন দিন সেখানে রইলো; তাতে যারা পিছনে দৌড়ে গিয়েছিল, তারা সমস্ত পথে সন্ধান করেও তাদের উদ্দেশ পেল না।
23পরে ঐ দুই ব্যক্তি ফিরে পর্বত থেকে নেমে এসে জর্ডান নদী পার হয়ে নূনের পুত্র ইউসার কাছে আসল এবং তাদের প্রতি যা যা ঘটেছিল, তার সমস্ত বৃত্তান্ত তাঁকে বললো। 24তারা ইউসাকে বললো, সত্যিই মাবুদ এ সব দেশ আমাদের হাতে তুলে দিয়েছেন; এছাড়া, দেশের সমস্ত লোক আমাদের সম্মুখে মহা ভয়ে ভীত হয়ে পড়েছে।

Terpilih Sekarang Ini:

ইউসা 2: BACIB

Highlight

Kongsi

Bandingkan

Salin

None

Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk