লেবীয় 18
18
নাপাক সহবাস সম্বন্ধে বিধি-নিষেধ
1আর মাবুদ মূসাকে বললেন, 2তুমি বনি-ইসরাইলকে বল, তাদের জানিয়ে দাও, আমি মাবুদ তোমাদের আল্লাহ্। 3তোমরা যেখানে বাস করতে, সেই মিসর দেশের আচার অনুযায়ী আচরণ করো না এবং যে কেনান দেশে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানকার আচার অনুযায়ী আচরণ করো না ও তাদের বিধি অনুসারে চলো না। 4তোমরা আমারই সমস্ত অনুশাসন মান্য করো, আমারই সমস্ত বিধি পালন করো এবং সেই পথে চলো; আমি মাবুদ তোমাদের আল্লাহ্। 5অতএব তোমরা আমার সমস্ত বিধি ও আমার সমস্ত অনুশাসন পালন করবে; যে কেউ এসব পালন করে, সে তার মধ্য দিয়েই বাঁচবে; আমি মাবুদ।
6তোমরা কেউ কোন আত্মীয়ের সঙ্গে সহবাস করার জন্য তার কাছে যেও না; আমি মাবুদ। 7তুমি তোমার পিতাকে অসম্মান করো না, অর্থাৎ তোমার মাতার ইজ্জত নষ্ট করো না; সে তোমার মা; তার সঙ্গে সহবাস করো না। 8তোমার বিমাতার ইজ্জত নষ্ট করো না। তাতে তোমার পিতার অসম্মান হয়। 9তোমার বোন, তোমার পিতৃকন্যা কিংবা তোমার মাতৃকন্যা, বাড়িতে জন্মগ্রহণ করেছে কিংবা অন্যত্র জন্মগ্রহণ করেছে, তাদের সঙ্গে সহবাস করো না। 10তোমার পৌত্রির কিংবা দৌহিত্রীর সঙ্গে সহবাস করো না; কেননা তাতে তোমারই অসম্মান হয়। 11তোমার সৎবোনের ইজ্জত নষ্ট করো না, সে তোমার পিতা থেকে জন্মেছে, সে তোমার বোন, তার সঙ্গে সহবাস করো না। 12তোমার ফুফুর সঙ্গে সহবাস করো না, সে তোমার পিতার আত্মীয়। 13তোমার খালার সঙ্গে সহবাস করো না, সে তোমার মায়ের আত্মীয়। 14তোমার চাচার স্ত্রীর সঙ্গে সহবাস করো না, তাতে তোমার চাচার অসম্মান হয়। 15তোমার পুত্রবধূর সঙ্গে সহবাস করো না, সে তোমার পুত্রের স্ত্রী, তাতে তার অসম্মান হয়। 16তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে সহবাস করো না, তাতে তোমার ভাইয়ের অসম্মান হয়। 17কোন স্ত্রী ও তার কন্যার সঙ্গে সহবাস করো না এবং সহবাস করার জন্য তার পৌত্রীকে বা দৌহিত্রীকে নিও না; তারা পরস্পর আত্মীয়; এটি কুকর্ম। 18আর স্ত্রীর সপত্নী হবার জন্য তার জীবনকালে সহবাস করার জন্য তার বোনকে বিয়ে করো না।
19কোন স্ত্রীর মাসিকের নাপাকীতার সময়ে তার সঙ্গে সহবাস করতে তার কাছে যেও না। 20আর তুমি তোমার স্বজাতির লোকদের স্ত্রীদের সঙ্গে সহবাস করে নিজেকে নাপাক করো না। 21আর তোমার বংশজাত কাউকেও মোলক দেবতার উদ্দেশে আগুনের মধ্য দিয়ে গমন করাবে না এবং তোমার আল্লাহ্র নাম নাপাক করো না; আমি মাবুদ। 22স্ত্রীর মত পুরুষের সঙ্গে সহবাস করো না, তা ঘৃণার কর্ম। 23আর তুমি কোন পশুর সঙ্গে শয়ন করে নিজেকে নাপাক করো না এবং কোন স্ত্রী কোন পশুর সঙ্গে শয়ন করতে তার সম্মুখে দাঁড়াবে না; এই সব সহবাস নিয়ম বিরুদ্ধ।
24তোমরা এ সব দ্বারা নিজেদের নাপাক করো না; কেননা যে যে জাতিকে আমি তোমাদের সম্মুখ থেকে দূর করবো, তারা এ সব দ্বারা নাপাক হয়েছে এবং দেশও নাপাক হয়েছে; 25অতএব আমি ওর অপরাধ ওকে ভোগ করাব এবং দেশ তার অধিবাসীদেরকে বমি করে ফেলে দেবে। 26অতএব তোমরা আমার বিধি ও আমার সমস্ত অনুশাসন পালন করো; স্বদেশীয় কিংবা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী হোক, তোমরা ঐ সমস্ত ঘৃণার কাজের কোন কর্র্ম করো না। 27কেননা তোমাদের আগে যারা ছিল, ঐ দেশের সেই লোকেরা এরকম ঘৃণার কাজ করাতে দেশ নাপাক হয়েছে— 28সেই দেশ যেমন তোমাদের পূর্ববর্তী ঐ জাতিকে বমি করে ফেলে দিলো, তেমনি যেন তোমাদের দ্বারা নাপাক হয়ে তোমাদেরকেও বমি করে ফেলে না দেয়। 29কেননা যে কেউ এই ধরনের কোন ঘৃণার কাজ করে, সেই প্রাণী নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। 30অতএব তোমরা আমার হুকুম পালন করো; তোমাদের আগে যেসব ঘৃণার কাজ প্রচলিত ছিল, তোমরা তার কিছুই করো না এবং তা দিয়ে নিজেদের নাপাক করো না; আমি মাবুদ তোমাদের আল্লাহ্।
Chwazi Kounye ya:
লেবীয় 18: BACIB
Pati Souliye
Pataje
Konpare
Kopye
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013