দ্বিতীয় বিবরণ 6
6
শরীয়তের মহান হুকুম
1তোমাদেরকে শিক্ষা দেবার জন্য তোমাদের আল্লাহ্ মাবুদ আমাকে এই হুকুম ও এসব বিধি ও অনুশাসন সম্বন্ধে নির্দেশ করেছেন; যেন তোমরা যে দেশ অধিকার করতে পার হয়ে যাচ্ছ, সেই দেশে সেসব পালন কর; 2যেন তোমার আল্লাহ্ মাবুদকে ভয় করে তুমি, তোমার পুত্র ও তোমার পৌত্রাদি সারা জীবন আমার নির্দেশিত তাঁর এই হুকুম ও সমস্ত নির্দেশ পালন কর, এভাবে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়। 3অতএব হে ইসরাইল, শোন, এসব যত্নপূর্বক পালন করো, তাতে তোমার পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদ তোমাকে যেরকম বলেছেন, সেই অনুসারে দুগ্ধ-মধু-প্রবাহী দেশে তোমার মঙ্গল হবে ও তুমি অতিশয় বৃদ্ধি পাবে।
4হে ইসরাইল, শোন; আমাদের আল্লাহ্ মাবুদ একই মাবুদ; 5আর তুমি তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার আল্লাহ্ মাবুদকে মহব্বত করবে। 6আর এই যেসব কথা আমি আজ তোমাকে হুকুম করি, তা তোমার অন্তরে থাকুক। 7আর তোমরা প্রত্যেকে নিজ নিজ সন্তানদেরকে এসব যত্নপূর্বক শিক্ষা দেবে এবং বাড়িতে, বসবার কিংবা পথে চলবার সময়ে এবং শয়ন করবার কিংবা বিছানা থেকে উঠবার কালে ঐ সমস্ত বিষয়ে কথাবার্তা বলবে। 8আর তোমার হাতে চিহ্নস্বরূপ সেসব বেঁধে রাখবে ও সেসব ভূষণস্বরূপে তোমার দুই চোখের মধ্যস্থানে থাকবে। 9আর তোমার বাড়ির দরজার মাথায় ও তোমার গৃহদ্বারে তা লিখে রাখবে।
অবাধ্যতার সম্বন্ধে সাবধান বাণী
10তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবের কাছে তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে যে দেশ দিতে কসম খেয়েছেন, সেই দেশে তিনি তোমাকে উপস্থিত করার পর তুমি যা তৈরি কর নি, এমন বড় বড় ও সুন্দর সুন্দর নগর, 11এবং যাতে কিছুই সঞ্চয় কর নি, উত্তম উত্তম দ্রব্যে পরিপূর্ণ এমন সব বাড়ি-ঘর ও যা খনন কর নি, এমন সব খনন করা কূপ এবং যা প্রস্তুত কর নি, এমন সব আঙ্গুরক্ষেত ও জলপাইক্ষেত পেয়ে যখন তুমি ভোজন করে তৃপ্ত হবে, 12সেই সময় তোমার নিজের বিষয়ে সাবধান থেকো, যিনি মিসর দেশ থেকে, গোলামীর গৃহ থেকে, তোমাকে বের করে এনেছেন, সেই মাবুদকে ভুলে যেও না। 13তুমি তোমার আল্লাহ্ মাবুদকেই ভয় করবে, তাঁরই সেবা ও তাঁরই নাম নিয়ে কসম করবে। 14তোমরা অন্য দেবতাদের, চারদিকের সমস্ত জাতির দেবতাদের অনুগামী হয়ো না; 15কেননা তোমার মধ্যবর্তী তোমার আল্লাহ্ মাবুদ স্বগৌরব রক্ষণে উদ্যোগী আল্লাহ্। সাবধান, অন্য দেবতাদের পিছনে গেলে তোমার আল্লাহ্ মাবুদের ক্রোধ তোমার প্রতিকূলে প্রজ্বলিত হবে, আর তিনি দুনিয়া থেকে তোমাকে উচ্ছিন্ন করবেন।
16তোমরা মঃসাতে যেমন করেছিলে, তেমনি তোমাদের আল্লাহ্ মাবুদের পরীক্ষা করো না। 17তোমরা তোমাদের আল্লাহ্ মাবুদের দেওয়া হুকুম, নির্দেশ ও সমস্ত বিধি যত্নপূর্বক পালন করবে। 18আর মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য ও উত্তম তা-ই করবে, যেন তোমার মঙ্গল হয়; এবং মাবুদ যে দেশের বিষয়ে তোমার পূর্বপুরুষদের কাছে এই কসম খেয়েছেন যে, তিনি তোমার সম্মুখ থেকে তোমার সমস্ত দুশমন দূর করবেন, 19যেন তুমি মাবুদের কালাম অনুসারে সেই উত্তম দেশে প্রবেশ করে তা অধিকার করতে পার।
20ভাবী কালে যখন তোমার সন্তান জিজ্ঞাসা করবে, আমাদের আল্লাহ্ মাবুদ তোমাদেরকে যেসব নির্দেশ, বিধি ও অনুশাসন দিয়েছেন, সেসব কি? 21তখন তুমি তোমার সন্তানকে বলবে, আমরা মিসর দেশে ফেরাউনের গোলাম ছিলাম, আর মাবুদ তাঁর শক্তিশালী হাত দিয়ে মিসর থেকে আমাদেরকে বের করে আনলেন; 22এবং আমাদের সাক্ষাতে মাবুদ মিসরে, ফেরাউন ও তাঁর সমস্ত কুলে মহৎ ও ভয়ংকর নানা চিহ্ন-কাজ ও অদ্ভুত লক্ষণ দেখালেন। 23আর তিনি আমাদেরকে সেখান থেকে বের করে আনলেন, যেন আমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশের বিষয় কসম খেয়েছিলেন, সেই দেশ আমাদেরকে দেবার জন্য সেখানে পৌঁছে দেন। 24আর মাবুদ আমাদেরকে এসব বিধি পালন করতে, আমাদের আল্লাহ্ মাবুদকে ভয় করতে হুকুম করলেন, যেন সারা জীবন আমাদের মঙ্গল হয়, আর তিনি আজকের মত যেন আমাদেরকে জীবিত রাখেন। 25আর আমরা আমাদের আল্লাহ্ মাবুদের হুকুম অনুসারে তাঁর সম্মুখে এসব বিধি যত্নপূর্বক পালন করলে আমাদের ধার্মিকতা হবে।
Chwazi Kounye ya:
দ্বিতীয় বিবরণ 6: BACIB
Pati Souliye
Pataje
Konpare
Kopye
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013