১ বাদশাহ্নামা 6
6
বাদশাহ্ সোলায়মানের এবাদতখানা নির্মাণ
1মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের বের হয়ে আসার পর চার শত আশি বছরে, ইসরাইলের উপরে সোলায়মানের রাজত্বের চতুর্থ বছরের সিব মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে সোলায়মান মাবুদের উদ্দেশে গৃহ নির্মাণ করতে আরম্ভ করলেন। 2বাদশাহ্ সোলায়মান মাবুদের উদ্দেশে যে গৃহ নির্মাণ করলেন, তা লম্বায় ষাট হাত, চওড়ায় বিশ হাত ও উচ্চতায় ত্রিশ হাত। 3আর সেই গৃহের প্রধান কক্ষের অর্থাৎ পবিত্র স্থানের সম্মুখে একটি বারান্দা ছিল, তা গৃহের চওড়া অনুসারে কুড়ি হাত লম্বা ও গৃহের সম্মুখে দশ হাত চওড়া। 4আর গৃহের জন্য তিনি সরু ছিদ্রবিশিষ্ট জানালা প্রস্তুত করলেন। 5আর তিনি গৃহের দেয়ালের গায়ে চারদিকে, পবিত্র স্থান ও অন্তর্গৃহের দেয়ালের গায়ে চারদিকে থাক এবং চারদিকে কুঠরী নির্মাণ করলেন। 6তার নিচেও থাক পাঁচ হাত চওড়া ও মধ্যের থাক ছয় হাত চওড়া এবং তৃতীয় থাক সাত হাত চওড়া; কেননা কড়িকাঠ যেন দেয়ালের মধ্যে বদ্ধ না হয়, এজন্য তিনি গৃহের চারদিকে দেয়ালের বাইরের দিকে সোপানাকার করলেন।
7আর গৃহের নির্মাণকালে সঠিক মাপের পাথর দ্বারা তা নির্মিত হল; নির্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি, বাটালি বা আর কোন লোহার অস্ত্রের আওয়াজ শোনা গেল না।
8মধ্যের থাকের দরজা গৃহের দক্ষিণ দিকে ছিল এবং লোকে পেঁচাল সিঁড়ি দিয়ে মধ্যতলাতে ও মধ্যতলা থেকে তৃতীয়তলাতে উঠে যেত। 9এভাবে তিনি গৃহ নির্মাণ করলেন, তা সমাপ্ত করলেন এবং এরস কাঠের কড়ি ও সারি সারি (ফলক) দ্বারা গৃহ আচ্ছাদন করলেন। 10আর গৃহের সর্বগাত্রে পাঁচ পাঁচ হাত উঁচু কুঠরীর থাক করলেন, তা এরস কাঠ দ্বারা গৃহের সঙ্গে সংযুক্ত ছিল।
11পরে সোলায়মানের কাছে মাবুদের এই কালাম নাজেল হল, 12তুমি এই গৃহ নির্মাণ করছো; ভাল, যদি আমার সমস্ত বিধি-পথে চল, আমার সমস্ত অনুশাসন পালন কর ও আমার সমস্ত হুকুম গ্রহণ করে সেই অনুসারে চল, তবে আমি তোমার পিতা দাউদকে যা বলেছি, আমার সেই কালাম তোমার পক্ষে সফল করবো। 13আর আমি বনি-ইসরাইলদের মধ্যে বাস করবো, আমার লোক ইসরাইলকে ত্যাগ করবো না।
14এভাবে সোলায়মান গৃহ নির্মাণ করলেন, তা সমাপ্ত করলেন। 15আর তিনি ভিতরে গৃহের দেয়ালগুলোর গায়ে এরস কাঠের তক্তা দিলেন; তিনি ভিতরে গৃহের মেঝে থেকে দেয়ালের ছাদ পর্যন্ত ঐ কাঠ দিয়ে আচ্ছাদন করলেন এবং গৃহের মেঝে দেবদারু কাঠের তক্তা দ্বারা আচ্ছাদন করলেন। 16আর বিশ হাত পরিমিত গৃহের যে পশ্চাদ্ভাগ, তা মেঝে থেকে দেয়ালের ছাদ পর্যন্ত এরস কাঠের তক্তা দ্বারা আচ্ছাদন করলেন এবং ভিতরে অন্তর্গৃহ অর্থাৎ মহা-পবিত্র স্থানের জন্য তা প্রস্তুত করলেন। 17তাতে গৃহ, অর্থাৎ সম্মুখস্থ পবিত্র স্থানটি চল্লিশ হাত লম্বা হল। 18আর গৃহের মধ্যে এরস কাঠে বার্তাকী ও বিকশিত ফুল খোদাই করা হল; সকলই এরস কাঠের হল, কিছুমাত্র পাথর দেখা গেলো না। 19আর আল্লাহ্র শরীয়ত-সিন্দুক স্থাপন করার জন্য পবিত্র স্থানের ভিতরে তিনি একটি অন্তর্গৃহ প্রস্তুত করলেন। 20তিনি পবিত্র স্থানের ভিতরে বিশ হাত লম্বা ও বিশ হাত চওড়া ও বিশ হাত উঁচু করে খাঁটি সোনা দিয়ে এবং কোরবানগাহ্ এরস কাঠ দিয়ে মুড়িয়ে দিলেন। 21সোলায়মান খাঁটি সোনা দিয়ে গৃহের ভিতরের ভাগ মুড়িয়ে দিলেন এবং অন্তর্গৃহের সম্মুখে সোনার শিকল রাখলেন, আর অন্তর্গৃহ সোনা দিয়ে মুড়িয়ে দিলেন। 22তিনি সমস্ত গৃহটি সোনা দিয়ে মুড়িয়ে দিলেন, যে পর্যন্ত সমস্ত গৃহের কাজ শেষ না হল এবং অন্তর্গৃহের নিকটস্থ সমস্ত ধূপগাহ্টি সোনা দিয়ে মুড়িয়ে দিলেন।
23আর তিনি অন্তর্গৃহের মধ্যে দশ দশ হাত উঁচু জলপাই কাঠের দু’টি কারুবী নির্মাণ করলেন। 24একটি কারুবীর একটি পাখা পাঁচ হাত ও অন্য পাখাটি পাঁচ হাত ছিল; একটি পাখার প্রান্তভাগ থেকে অন্য পাখার প্রান্তভাগ পর্যন্ত দশ হাত হল। 25আর দ্বিতীয় কারুবীও দশ হাত ছিল; দুই কারুবীর সম পরিমাণ ও সম আকার ছিল। 26প্রথম এবং দ্বিতীয় দুই কারুবীই দশ দশ হাত উঁচু ছিল। 27পরে তিনি সেই দুই কারুবীকে ভিতরের গৃহে স্থাপন করলেন এবং কারুবীদের পাখা এমনভাবে প্রসারিত হল যে, একটির পাখা এক দেয়াল, অন্যটির পাখা অন্য দেয়াল স্পর্শ করলো এবং তাদের পাখা গৃহের মধ্যে পরস্পর স্পর্শ করলো। 28পরে তিনি কারুবী দু’টিকে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন।
29আর কারুবীর, খেজুর গাছের ও বিকশিত ফুলের মূর্তিতে বাড়ির সমস্ত দেয়ালের গায়ে ভিতরে বাইরে চারদিকে খোদাই করলেন; 30এবং গৃহের মেঝে ভিতরে বাইরে সোনা দিয়ে ঢেকে দিলেন। 31আর তিনি অন্তর্গৃহের প্রবেশ-দ্বারে জলপাই কাঠের দরজা তৈরি করলেন এবং কপালী ও বাজু (দেয়ালের) পঞ্চমাংশ হল। 32ঐ জলপাই কাঠের দু’টি কবাটে কারুবীর, খেজুর গাছের ও বিকশিত পুষ্পের আকৃতি খোদাই করে সোনা দিয়ে তা আচ্ছাদন করলেন; আর কারুবী ও খেজুর গাছের উপরে সোনার পাত করে দিলেন।
33একইভাবে তিনি বায়তুল-মোকাদ্দসের দ্বারের জন্য (দেয়ালের) চতুর্থাংশে জলপাই কাঠের চৌকাঠ করলেন। 34আর দেবদারুকাঠের দু’টি দরজা তৈরি করলেন, একটি দরজার দু’টি পাল্লা যেমন কব্জাতে খেলত, অন্য দরজার দু’টি পাল্লাও তেমনি কব্জাতে খেলত। 35আর তিনি তার উপরে কারুবী, খেজুর গাছ ও প্রস্ফুটিত ফুল খোদাই করে সেই খোদাইকৃত কর্মসুদ্ধ তা সোনা দিয়ে মুড়িয়ে দিলেন। 36আর তিনি তিন সারি মসৃণ পাথর ও এক সারি এরস কাঠের কড়ি দ্বারা ভিতর প্রাঙ্গণ নির্মাণ করলেন।
37চতুর্থ বছরের সিব মাসে মাবুদের গৃহের ভিত্তিমূল স্থাপিত হয়। 38আর একাদশ বছরের বূল মাসে, অর্থাৎ অষ্টম মাসে নির্ধারিত সমস্ত আকার অনুসারে সর্বাংশে গৃহের নির্মাণ সমাপ্ত হয়; তিনি ঐ গৃহ নির্মাণে সাত বছর ব্যাপৃত ছিলেন।
Chwazi Kounye ya:
১ বাদশাহ্নামা 6: BACIB
Pati Souliye
Kopye
Konpare
Pataje
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013