প্রেরিত্ 1
1
উৎসর্গ
1-2মাননীয় থিয়ফিল, যীশুকে স্বর্গে তুলে নেবার আগে পর্যন্ত তিনি যা করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তার সমস্তই আমি আমার আগের বইতে লিখেছি। যে শিষ্যদের তিনি বেছে নিয়েছিলেন, তাঁকে তুলে নেবার আগে সেই শিষ্যদের তিনি পবিত্র আত্মার মধ্য দিয়ে নির্দেশ দিয়েছিলেন। 3তাঁর দুঃখভোগের পরে এই লোকদের কাছে তিনি দেখা দিয়েছিলেন এবং তিনি যে জীবিত আছেন তার অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছিলেন। চল্লিশ দিন পর্যন্ত তিনি শিষ্যদের দেখা দিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয় বলেছিলেন। 4সেই সময় একদিন যীশু যখন শিষ্যদের সংগে ছিলেন তখন তাঁদের এই আদেশ দিয়েছিলেন, “তোমরা যিরূশালেম ছেড়ে যেয়ো না, বরং আমার পিতার প্রতিজ্ঞা করা যে দানের কথা তোমরা আমার কাছে শুনেছ তার জন্য অপেক্ষা কর। 5যোহন জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু কয়েক দিনের মধ্যে পিতার সেই প্রতিজ্ঞা অনুসারে পবিত্র আত্মায় তোমাদের বাপ্তিস্ম হবে।”
যীশু স্বর্গে গেলেন
6পরে শিষ্যেরা একসংগে মিলিত হয়ে যীশুকে জিজ্ঞাসা করলেন, “প্রভু, এই সময় কি আপনি ইস্রায়েলীয়দের হাতে রাজ্য ফিরিয়ে দেবেন?”
7যীশু তাঁদের বললেন, “যে দিন বা সময় পিতা নিজের অধিকারের মধ্যে রেখেছেন তা তোমাদের জানতে দেওয়া হয় নি। 8তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর যিরূশালেম, সারা যিহূদিয়া ও শমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে।”
9এই কথা বলবার পরে শিষ্যদের চোখের সামনেই যীশুকে তুলে নেওয়া হল এবং তিনি একটা মেঘের আড়ালে চলে গেলেন। 10যীশু যখন উপরে উঠে যাচ্ছিলেন তখন শিষ্যেরা একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। এমন সময় সাদা কাপড় পরা দু’জন লোক শিষ্যদের পাশে দাঁড়িয়ে বললেন, 11“গালীলের লোকেরা, এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছ কেন? যাঁকে তোমাদের কাছ থেকে তুলে নেওয়া হল সেই যীশুকে যেভাবে তোমরা স্বর্গে যেতে দেখলে সেইভাবেই তিনি ফিরে আসবেন।”
যিহূদা ইষ্কারিয়োতের জায়গায় মত্তথিয়
12তখন শিষ্যেরা জৈতুন পাহাড় থেকে যিরূশালেমে ফিরে আসলেন। যিরূশালেম শহর থেকে এই পাহাড়টা এক কিলোমিটার দূরে ছিল। 13শহরে পৌঁছে তাঁরা উপরের তলার যে ঘরে তখন থাকতেন সেখানে গেলেন। এই শিষ্যদের নাম ছিল পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের ছেলে যাকোব ও মৌলবাদী শিমোন এবং যাকোবের ছেলে যিহূদা। 14তাঁরা সবাই বিশ্বাসী স্ত্রীলোকদের সংগে এবং যীশুর মা মরিয়ম ও তাঁর ভাইদের সংগে সব সময় একমন হয়ে প্রার্থনা করতেন।
15সেই সময় পিতর একদিন খ্রীষ্টের উপর বিশ্বাসী প্রায় একশো কুড়িজন লোকের মধ্যে দাঁড়িয়ে বললেন, 16“ভাইয়েরা, পবিত্র আত্মা অনেক দিন আগে রাজা দায়ূদের মুখ দিয়ে যিহূদার বিষয়ে যা বলেছিলেন পবিত্র শাস্ত্রের সেই কথা পূর্ণ হবার দরকার ছিল। যারা যীশুকে ধরেছিল, এই যিহূদাই তাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। 17সে আমাদেরই একজন ছিল এবং আমাদের সংগে কাজ করবার জন্য তাকে বেছে নেওয়া হয়েছিল।”
18মন্দ কাজের দ্বারা যিহূদা যে টাকা পেয়েছিল তা দিয়ে সে এক খণ্ড জমি কিনল, আর সেখানে পড়ে তার পেট ফেটে গেল এবং নাড়িভূঁড়ি বের হয়ে পড়ল। 19যিরূশালেমের সবাই সেই কথা শুনেছিল। এইজন্য তাদের ভাষায় এই জমিকে তারা আকেল্দামা বা রক্তের ক্ষেত বলে।
20পরে পিতর বললেন, “পবিত্র শাস্ত্রের গীতসংহিতা নামে বইটিতে লেখা আছে,
তার বাড়ী খালি থাকুক;
সেখানে কেউ বাস না করুক। আরও লেখা আছে,
তার উঁচু পদ অন্য লোক নিয়ে যাক।
21-22“এইজন্য যীশু যে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তার সাক্ষী হিসাবে অন্য আর একজনকে আমাদের, অর্থাৎ প্রেরিত্দের দলে নিতে হবে। যোহন যে সময় বাপ্তিস্ম দিতেন তখন থেকে আরম্ভ করে যীশুকে আমাদের কাছ থেকে তুলে না নেওয়া পর্যন্ত, প্রভু যীশু যতদিন আমাদের সংগে চলাফেরা করেছিলেন ততদিন যে লোকেরা আমাদের দলে ছিল, সেই লোক যেন তাদের মধ্যে একজন হয়।”
23তখন শিষ্যেরা যোষেফ, যাঁকে বর্শাব্বা ও যুষ্ট বলা হত, তাঁর এবং মত্তথিয়ের, এই দু’জনের নাম বললেন। 24-25তারপর তাঁরা এই বলে প্রার্থনা করলেন, “প্রভু, তুমি সকলের অন্তরই জান। যিহূদা তার পাওনা শাস্তি পাবার জন্য প্রেরিত্ পদের কাজ ছেড়ে দিয়েছে। এখন এই দু’জনের মধ্যে সেই পদের জন্য যাঁকে তুমি বেছে নিয়েছ তাঁকে আমাদের দেখিয়ে দাও।” 26তাঁরা গুলিবাঁট করলে পর মত্তথিয়ের নাম উঠল। এইজন্য মত্তথিয় সেই এগারোজন প্রেরিত্দের সংগে যোগ দিলেন।
Chwazi Kounye ya:
প্রেরিত্ 1: SBCL
Pati Souliye
Kopye
Konpare
Pataje
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
© The Bangladesh Bible Society, 2000