গীতসংহিতা 27
27
দায়ূদের গান।
1সদাপ্রভুই আমার আলো ও আমার উদ্ধারকর্তা,
আমি কাকে ভয় করব?
সদাপ্রভুই আমার জীবনের দুর্গ,
আমি কাকে দেখে ভয়ে কাঁপব?
2দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসে
তখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উছোট খেয়ে পড়ে যায়।
3সৈন্যের দলও যদি আমাকে ঘিরে ধরে,
তবুও আমার মনে ভয় হবে না;
যদি আমার বিরুদ্ধে যুদ্ধও আরম্ভ হয়
তবুও তখন আমি নিশ্চিন্ত থাকব।
4সদাপ্রভুর কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি;
আমি যা চাইছি তা এই-
আমার সারা জীবন আমি যেন
সদাপ্রভুর ঘরে বাস করতে পারি,
যাতে আমি তাঁর সৌন্দর্য দেখতে পারি
আর সেই বাসস্থানে তাঁর বিষয় নিয়ে ধ্যান করতে পারি;
5কারণ বিপদের দিনে তাঁর সেই আশ্রয়ে
তিনি আমাকে নিরাপদে রাখবেন,
তাঁর সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন,
আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন।
6যে সব শত্রুরা আমাকে ঘিরে ধরেছে
তাদের চেয়ে তখন আমার সম্মান বাড়বে;
আমি তাঁর ঘরে আনন্দে চিৎকার করতে করতে
বিভিন্ন উৎসর্গের অনুষ্ঠান করব;
আমি সদাপ্রভুর উদ্দেশে গান করব
আর তাঁর প্রশংসা-গান গাইব।
7হে সদাপ্রভু, আমি ডাকলে তুমি শুনো,
আমার প্রতি দয়া কোরো,
আমার ডাকে সাড়া দিয়ো।
8আমার অন্তর তোমার এই কথাই বলছে,
“তোমরা আমাকে ডাক।”
হে সদাপ্রভু, তাই আমি তোমাকে ডাকব।
9তোমার মুখ তুমি আমার কাছ থেকে ফিরিয়ে রেখো না,
রাগ করে তোমার দাসকে তুমি ফিরিয়ে দিয়ো না;
তুমিই তো আমার সাহায্যকারী হয়ে আসছ।
হে ঈশ্বর, আমার উদ্ধারকর্তা, আমাকে ছেড়ে যেয়ো না,
আমাকে ত্যাগ কোরো না।
10আমার মা-বাবা আমাকে ত্যাগ করলেও
সদাপ্রভু আমার ভার নেবেন।
11হে সদাপ্রভু, তোমার পথ আমাকে দেখিয়ে দাও;
আমার শত্রুদের দরুন সমান পথে আমাকে চালিয়ে নিয়ে যাও।
12আমার শত্রুদের ইচ্ছার কাছে আমাকে ছেড়ে দিয়ো না,
কারণ মিথ্যা সাক্ষীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;
তাদের নিঃশ্বাসের সংগে বের হচ্ছে অত্যাচার।
13সদাপ্রভুর দেওয়া মংগল আমি জীবিতদের মধ্যেই দেখতে পাব-
এ কথা যদি আমি বিশ্বাস না করতাম তবে আমার কি হত?
14তোমরা সদাপ্রভুর উপর আশা রাখ;
মনে শক্তি আন ও সাহসে বুক বাঁধ
আর সদাপ্রভুর উপর আশা রাখ।
Actualmente seleccionado:
গীতসংহিতা 27: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000