গণনা পুস্তক 6

6
মানত সংক্রান্ত বিধি
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি ইসরায়েলীদের বল যে, কোন পুরুষ বা নারী যদি প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিজেকে উৎসর্গ করার জন্য বিশেষভাবে নাজিরী ব্রত#6:2 নাজিরী ব্রত: প্রভু পরমেশ্বরের সেবার জন্য লোকে এই ব্রত গ্রহণ করত। পালন করতে চায়, 3তাহলে তাকে সুরা এবং উত্তেজক পানীয় বর্জন করতে হবে। সুরা থেকে তৈরি কোন সিরকা বা কোন উত্তেজক পানীয় সে পান করবে না। আঙুরের রস সে পান করবে না, টাটকা কি শুকনো কোন আঙুরই সে খাবে না।#লুক 1:15 4ব্রত পালনের কালে সে আঙুর ফল থেকে তৈরি কোন কিছুই খাবে না, এমনকি আঙুরের বীজ বা খোসাও সে খেতে পারবে না। 5এইসময় তার মাথায় ক্ষুর স্পর্শ করা হবে না। প্রভু পরমেশ্বরের উদ্দেশে তার ব্রত পালনের কাল শেষ না হওয়া পর্যন্ত তাকে পবিত্র ভাবে থাকতে হবে এবং মাথার চুল সে কাটতে পারে না। 6প্রভু পরমেশ্বরের উদ্দেশে সে যতদিন ব্রত পালন করবে ততদিন সে কোন মৃতদেহের কাছে যাবে না। 7এমন কি তার বাবা, মা ভাই বা বোনের মৃত্যু হলেও সে অশৌচ পালন করবে না কারণ ঈশ্বরের উদ্দেশে পৃথক হওয়ার চিহ্ন সে মস্তকে ধারণ করছে। 8পৃথক থাকার দিনগুলিতে সে প্রভুর উদ্দেশে পবিত্র থাকবে।
9তার উপস্থিতিতে কোন লোক যদি হঠাৎ মারা যায় এবং তার ফলে তার মাথার উৎসর্গিত চুল অশুচি হয় তাহলে সে শুদ্ধির দিনে অর্থাৎ সপ্তম দিনে মাথা মুড়িয়ে ফেলবে। 10অষ্টম দিনে সে দুটি ঘুঘু কিংবা দুটি পায়রা সম্মিলন শিবিরের দ্বারে পুরোহিতের কাছে নিয়ে যাবে। 11পুরোহিত তার একটিকে প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটিকে হোমবলিরূপে উৎসর্গ করে তার মৃতদেহের সংস্পর্শজনিত দোষের জন্য প্রায়শ্চিত্ত করবে। সেই দিন সে আবার তার মাথার চুল উৎসর্গ করবে। 12প্রভু পরমেশ্বরের উদ্দেশে ব্রত পালনের জন্য সে আবার নিজেকে উৎসর্গ করবে। প্রায়শ্চিত্ত বলির জন্য তাকে একটি এক বছর বয়সের মেষশাবক উৎসর্গ করতে হবে। এভাবে অশুচি হওয়ার দরুণ তার আগেকার ব্রত পালনের দিনগুলি বিফল হবে।
13ব্রত পালনের কাল সম্পূর্ণ হওয়ার পর নাজিরী ব্রতধারীদের জন্য বিধি হবে এই: তাকে সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে যেতে হবে।#প্রেরিত 21:23-24 14প্রভু পরমেশ্বরের উদ্দেশে সে নিম্নলিখিত অর্ঘ্য নিবেদন করবে: হোমের জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষ, প্রায়শ্চিত্তের জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষী এবং স্বস্ত্যয়নের জন্য নিখুঁত একটি মেষ ও 15এক ঝুড়ি খামিরবিহীন রুটি, মিহি ময়দার তৈরী তেলে ভাজা পিঠে, তেলেভাজা খামিরবিহীন সরু চাকলি এবং তার সঙ্গে যথাযোগ্য ভোজ্য ও পানীয় নৈবেদ্য আনবে। 16পুরোহিত প্রভু পরমেশ্বরের সম্মুখে এই সমস্ত দ্রব্য উপস্থিত করবে এবং তার জন্য প্রায়শ্চিত্ত বলি ও হোম নিবেদন করবে। 17পরে সে খামিরবিহীন রুটির ঝুড়ির সঙ্গে স্বস্ত্যয়ন বলির মেষটি প্রভুর উদ্দেশে উৎসর্গ করবে এবং এর সঙ্গে ভোজ্য ও পানীয় নৈবেদ্যও নিবেদন করবে। 18পরে সেই নাজিরী ব্রতধারী সম্মিলন শিবিরের দ্বারে নিজের মাথা মুড়িয়ে ফেলবে এবং মাথার উৎসর্গিত কেশ নিয়ে স্বস্ত্যয়ন বলির বেদীতে হোমানলে আহুতি দেবে। 19উৎসর্গিত কেশ আহুতি দেওয়ার পর পুরোহিত সিদ্ধ করা বলির মেষের কাঁধের অংশটি এবং ঝুড়ি থেকে একটি খামিরবিহীন রুটি ও একটি খামিরবিহীন সরু চাকলি পিঠে নিয়ে উক্ত নাজিরী ব্রতধারীর হাতে দেবে। 20পুরোহিত এইগুলি আরতি সহকারে প্রভুর উদ্দেশে নিবেদন করবে। এইগুলি এবং আরতি সহকারে নিবেদিত পাঁজর এবং উরু পুরোহিতের প্রাপ্য পবিত্র অংশ হবে। এই সমস্ত নিবেদন করে ব্রত উদযাপন করার পর উক্ত নাজিরী ব্রতধারী ব্যক্তি দ্রাক্ষারস পান করতে পারবে।
21নাজিরী ব্রতধারী ব্যক্তির জন্য এই বিধি। নাজিরী ব্রতধারণের জন্য তাকে উল্লিখিত নৈবেদ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করাতে হবে। এ ছাড়াও সে নিজের সামর্থ্য অনুযায়ী তার মানত পূর্ণ করবে। নাজিরী ব্রত পালনের বিধি অনুযায়ী তাকে এই সমস্ত কাজ করতে হবে।
পুরোহিতের আশীর্বচন
22প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 23তুমি হারোণ ও তার পুত্রদের বল, তোমরা ইসরায়েলীদের প্রতি আশীর্বচনের সময় এই কথাগুলি উচ্চারণ করবে:
24প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন,
রক্ষা করুন তোমাদের।
25তোমাদের প্রতি প্রসন্নতার উজ্জ্বল হোক তাঁর শ্রীমুখ, তোমাদের উপরে অনুগ্রহ বর্ষণ করুন তিনি।
26বিরাজ করুক তোমাদের উপরে তাঁর কৃপাদৃষ্টি, তিনি দান করুন তোমাদের অপার শান্তি।
27এইভাবে তারা যেন ইসরায়েলীদের অন্তরে আমার নাম অঙ্কিত করে, তাহলে আমি তাদের আশীর্বাদ করব।

Markierung

Kopieren

Vergleichen

Teilen

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.