জাকারিয়া 5

5
ষষ্ঠ দর্শন: গুটিয়ে রাখা কিতাব
1পরে আমি আবার চোখ তুলে তাকালাম, আর দেখ, একখানি গুটিয়ে রাখা কিতাব উড়ছে। 2তখন তিনি আমাকে বললেন, কি দেখতে পাচ্ছ? আমি জবাবে বললাম, একখানি গুটিয়ে রাখা কিতাব উড়তে দেখছি; তা বিশ হাত লম্বা ও দশ হাত চওড়া। 3তিনি আমাকে বললেন, সেটি সমস্ত দেশের উপরে বের হওয়া বদদোয়া; বস্তুত যে কেউ চুরি করে, সে ওর এক দিকের বিধান অনুসারে উচ্ছিন্ন হবে এবং যে কেউ শপথ করে, সে ওর অন্য দিকের বিধান অনুসারে উচ্ছিন্ন হবে। 4বাহিনীগণের মাবুদ বলেন, আমি ওকে বের করে আনবো, সে চোরের বাড়িতে ও আমার নামে মিথ্যা শপথকারীর বাড়িতে প্রবেশ করবে এবং তার বাড়ির মধ্যে অবস্থান করে কাঠ ও পাথরসুদ্ধ বাড়ি বিনাশ করবে।
ষষ্ঠ দর্শন: ঐফাপাত্রের মধ্যে একটি স্ত্রীলোক
5পরে যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, তিনি বাইরে এসে আমাকে বললেন, তুমি চোখ তুলে দেখ, ওটা কি বের হচ্ছে? 6তখন আমি জিজ্ঞাসা করলাম ওটা কি? তিনি বললেন, ওটি ঐফাপাত্র; আরও বললেন, ওটা সমস্ত দেশে তাদের অধর্ম। 7আর দেখ, সেই ঐফাপাত্রের সীসার ঢাকনিটা তোলা হল, আর তার মধ্যে এক জন স্ত্রীলোক বসে আছে। 8তিনি বললেন, এ দুষ্টতা। পরে তিনি ঐ স্ত্রীলোককে ঐফার মধ্যে ফেলে দিয়ে তার মুখে সেই সীসার ঢাকনিটা চেপে দিলেন। 9তখন আমি চোখ তুলে দৃষ্টিপাত করলাম, আর দেখ, দুই জন স্ত্রীলোক বের হয়ে এল; তাদের পাখায় বায়ু ছিল; আর হাড়গিলার পাখার মত তাদের পাখা ছিল, তারা দুনিয়া ও আসমানের মধ্যপথে সেই ঐফা উঠিয়ে নিয়ে গেল। 10তখন যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ওরা ঐফাটি কোথায় নিয়ে যাচ্ছে? 11তিনি আমাকে বললেন, এরা শিনিয়র দেশে ওর জন্য একটি বাড়ি নির্মাণ করবে; তা প্রস্তুত হলে সেখানে ওকে তার স্থানে স্থাপন করা যাবে।

Markering

Kopiér

Sammenlign

Del

None

Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind