Gå til indhold

মেসাল 19

19
1যে দরিদ্র নিজের সিদ্ধতায়
চলে,
সে কুটিল ওষ্ঠ হীনবুদ্ধির চেয়ে ভাল।
2প্রাণ জ্ঞানবিহীন হলে মঙ্গল নেই,
যে দ্রুত পাদবিক্ষেপ করে, সে পথ হারায়।
3মানুষের অজ্ঞানতা তার পথ বিপরীত করে,
আর তার অন্তর মাবুদের উপরে রুষ্ট হয়।
4ধন দ্বারা অনেক বন্ধু লাভ হয়;
কিন্তু দরিদ্র নিজের বন্ধু থেকে পৃথক হয়।
5মিথ্যাসাক্ষী দণ্ডিত হবেই হবে,
মিথ্যাভাষী রক্ষা পাবে না।
6অনেকে বদান্যতার স্তুতিবাদ করে,
এবং সকলে দানশীলের বন্ধু হয়।
7দরিদ্রের ভাইয়েরা সকলে তাকে ঘৃণা করে,
আরও নিশ্চয়, তার বন্ধুরা তা থেকে দূরে যায়;
সে আলাপের চেষ্টা করে, কিন্তু তাদের কাছে পায় না।
8যে বুদ্ধি অর্জন করে, সে তার প্রাণকে মহব্বত করে,
যে বিবেচনা রক্ষা করে, সে মঙ্গল পায়।
9মিথ্যাসাক্ষী দণ্ডিত হবেই হবে,
মিথ্যাভাষী বিনাশ পাবে।
10সুখভোগ হীনবুদ্ধির অনুপযুক্ত,
শাসনকর্তাদের উপরে গোলামের কর্তৃত্ব আরও অনুপযুক্ত।
11মানুষের বুদ্ধি তাকে ক্রোধে ধীর করে,
আর দোষ ছেড়ে দেওয়া তার শোভা।
12বাদশাহ্‌র ক্রোধ সিংহের হুঙ্কারের মত;
কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের উপরিস্থ শিশিরের মত।
13হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক,
আর স্ত্রীর ঝগড়া অবিরত বিন্দুপাতের মত।
14বাড়ি ও ধন পৈত্রিক অধিকার;
কন্তু বুদ্ধিমতী স্ত্রী মাবুদ থেকে পাওয়া যায়।
15আলস্য অগাধ নিদ্রা নিয়ে আসে,
এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়।
16যে হুকুম পালন করে, সে নিজের প্রাণ রক্ষা করে;
যে তার নিজের পথ উপেক্ষা করে, সে বিনষ্ট হবে।
17যে দরিদ্রকে কৃপা করে, সে মাবুদকে ঋণ দেয়;
তিনি তার সেই উপকারের পরিশোধ করবেন।
18তোমার পুত্রকে শাসন কর, কারণ আশা আছে,
তোমার প্রাণ তার মৃত্যু ঘটাবার বাসনা না করুক।
19অতি ক্রুদ্ধ লোক দণ্ড পাবে; তাকে যদি উদ্ধার কর,
তা আবার করতে হবে।
20পরামর্শ শোন, শাসন গ্রহণ কর,
যেন তুমি শেষকালে জ্ঞানবান হও।
21মানুষের মনে অনেক সঙ্কল্প হয়,
কিন্তু মাবুদেরই মন্ত্রণা স্থির থাকবে।
22দয়াই মানুষকে বাঞ্ছনীয় করে,
এবং মিথ্যাবাদীর চেয়ে দরিদ্র লোক ভাল।
23মাবুদের ভয় জীবনে নিয়ে যায়,
যার তা আছে, সে তৃপ্ত হয়ে বসতি করে,
অমঙ্গল তার কাছে যায় না।
24অলস থালায় হাত ডুবায়,
পুনর্বার মুখে দিতেও চায় না।
25নিন্দুককে প্রহার কর, তাতে অবোধ চতুর হবে,
বুদ্ধিমানকে তিরস্কার কর, সে জ্ঞান লাভ করবে।
26যে পিতার প্রতি জুলুম করে ও মাতাকে তাড়িয়ে দেয়,
সে লজ্জাকর ও অপমানজনক পুত্র।
27হে বৎস, শাসন মানতে নিবৃত্ত হলে
তুমি জ্ঞানের কথা থেকে ভ্রষ্ট হবে।
28যে সাক্ষী পাষণ্ড, সে বিচারের নিন্দা করে,
দুষ্টদের মুখ অধর্ম গ্রাস করে।
29প্রস্তুত রয়েছে নিন্দুকদের জন্য দণ্ডাজ্ঞা,
মূর্খদের পিঠের জন্য বেত্রাঘাত।