২ করিন্থীয় 8

8
দানশীলতার উৎকৃষ্টতা ও সুন্দর ফল
1আর ভাইয়েরা, ম্যাসিডোনিয়া দেশস্থ মণ্ডলীসমূহে আল্লাহ্‌র যে রহমত দেওয়া হয়েছে, তা আমরা তোমাদের জানাচ্ছি। 2যদিও ভীষণ কষ্টভোগের মধ্য দিয়ে তাদের উপর মহাপরীক্ষা চলছিল তবুও তাদের মধ্যে আনন্দের প্রাচুর্য ছিল এবং তাদের চরম দীনতার মধ্যেও মুক্ত হস্তে দান করেছিল। 3কেননা আমি সাক্ষ্য দিচ্ছি যে, তারা সাধ্য পর্যন্ত, বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্বেচ্ছায় দান করেছিল, 4খুবই আগ্রহ সহকারে তারা আমাদের কাছে অনুরোধ করেছিল যেন পবিত্র লোকদের পরিচর্যায় তারা অংশগ্রহণ করার সুযোগ পায়। 5এতে তারা যে আমাদের আশা অনুযায়ী কর্ম করলো কেবল তা নয়, বরং আল্লাহ্‌র ইচ্ছা অনুসারে নিজদেরকেই প্রথমে প্রভু এবং আমাদের উদ্দেশে প্রদান করলো। 6সেজন্য আমরা তীতকে অনুরোধ করলাম যেন তিনি ইতিমধ্যেই দানশীলতার যে কার্য আরম্ভ করেছেন, তোমাদের মধ্যে সেই কার্য সমাপ্তও করেন।
ভাইদের পরস্পর উপকার করা উচিত
7ভাল, তোমরা যেমন সর্ববিষয়ে অর্থাৎ বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সমস্ত রকম যত্নে এবং আমাদের প্রতি তোমাদের মহব্বতে উপচে পড়ছো তেমনি যেন এই দানশীলতার-কাজেও উপচে পড়।
8আমি হুকুম হিসেবে বলছি না, কিন্তু অন্য লোকদের যত্ন দ্বারা তোমাদের মহব্বতেরও যথার্থতা পরীক্ষা করছি। 9কেননা তোমরা আমাদের ঈসা মসীহের রহমতের কাজের কথা জ্ঞাত আছ; তিনি ধনবান হলেও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তোমরা তাঁর দরিদ্রতায় ধনবান হও। 10আর এই বিষয়ে আমার অভিমত জানাচ্ছি; কারণ তোমাদের পক্ষে তা মঙ্গলকর, যেহেতু তোমরা গত বৎসর থেকে কেবল কাজ করতে নয়, কিন্তু কাজের ইচ্ছা করতেও প্রথমে সঙ্কল্প করেছ। 11আর এখন সেই কাজও সমাপ্ত কর; যেমন ইচ্ছা করায় আগ্রহ ছিল, তদ্রূপ যার যা আছে, সেই অনুসারে যেন সমাপ্তিও হয়। 12কেননা যদি দান করার আগ্রহ থাকে, তবে যার যা আছে সেই অনুসারে তা গ্রাহ্য হয়; যার যা নেই, তা চাওয়া হয় নি। 13কেননা আমাদের উদ্দেশ্য এই নয় যে, অন্য সকলে আরামে থাকুক ও তোমরা কষ্টে থাক, বরং সাম্যতার নিয়মানুসারে হোক; 14বর্তমান সময়ে তোমাদের প্রাচুর্যে ওদের অভাব পূর্ণ হোক, যেন আবার ওদের প্রাচুর্যের সময়ে তোমাদের অভাব পূর্ণ হয়, এরূপে যেন সাম্যভাব হয়; 15যেমন লেখা আছে, “যে অধিক সংগ্রহ করলো, তার অতিরিক্ত হল না; এবং যে অল্প সংগ্রহ করলো, তার অভাব হল না।”
করিন্থ শহরে হযরত তীত
16কিন্তু আল্লাহ্‌র শুকরিয়া হোক, তিনি তীতের অন্তরে তোমাদের জন্য সেই প্রকার যত্ন প্রদান করেছেন; 17তীত আমাদের অনুরোধ গ্রাহ্য করলেন বটে কিন্তু তিনি নিজে অধিক যত্নবান হওয়াতে স্বেচ্ছায় তোমাদের কাছে যাচ্ছেন। 18আর আমরা তাঁর সঙ্গে সেই ভাইকে পাঠালাম, ইঞ্জিল সম্বন্ধীয় যাঁর প্রশংসা সমুদয় মণ্ডলীতে পরিব্যাপ্ত হয়েছে; 19কেবল তাই নয়, কিন্তু তিনি সেই দানশীলতার কাজ সম্বন্ধে আমাদের সহচর হবার জন্য মণ্ডলীগুলো কর্তৃক নির্বাচিতও হয়েছেন, যে কাজ প্রভুর গৌরবের জন্য ও আমাদের আগ্রহ প্রকাশের জন্য আমাদের পরিচর্যায় সমপাদিত হচ্ছে। 20আমরা সাবধানে চলছি যেন এই যে মহাদানের পরিচর্যা আমাদের দ্বারা সমপাদিত হচ্ছে, তার বিষয়ে কেউ আমাদের উপরে দোষারোপ করতে না পারে। 21কারণ কেবল প্রভুর সাক্ষাতে নয় মানুষের সাক্ষাতে যা উত্তম, তাও আমরা চিন্তা করি। 22আর ওঁদের সঙ্গে আমাদের সেই ভাইকে পাঠালাম, যাঁকে আমরা অনেকবার অনেক বিষয়ে পরীক্ষা করে যত্নবান দেখেছি এবং তোমাদের প্রতি তাঁর দৃঢ় ঈমানের মধ্য দিয়ে এবার আরও যত্নবান দেখছি। 23তীতের বিষয় যদি বলতে হয়, তবে তিনি আমার সহভাগী ও তোমাদের পক্ষে আমার সহকারী। আমাদের ভাইদের বিষয় যদি বলতে হয়, তাঁরা মণ্ডলীগুলোর প্রেরিত, মসীহের গৌরব। 24অতএব তোমাদের মহব্বতের এবং তোমাদের বিষয়ে আমাদের গর্বের প্রমাণ মণ্ডলীগুলোর সাক্ষাতে তাঁদেরকে প্রদর্শন কর।

Markering

Kopiér

Sammenlign

Del

None

Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind