১ করিন্থীয় 6

6
ঈমানদারদের মধ্যেকার বিচারের জন্য আদালতে যাওয়া
1যখন তোমাদের মধ্যে কোন একজনের বিরুদ্ধে কোন কথা থাকে তবে কোন্‌ সাহসে তার বিচার পবিত্র লোকদের কাছে নিয়ে না গিয়ে অধার্মিকদের কাছে নিয়ে যায়? 2অথবা তোমরা কি জান না যে, পবিত্র লোকেরা দুনিয়ার বিচার করবেন? আর দুনিয়ার বিচার যদি তোমাদের দ্বারা হয়, তবে তোমরা কি যৎসামান্য বিষয়ের বিচার করার অযোগ্য? 3তোমরা কি জান না যে, আমরা ফেরেশতাদের বিচার করবো, তবে দুনিয়াবী বিষয় বিচার করা কি সামান্য কথা নয়? 4সুতরাং তোমাদের বিচার যদি দুনিয়াবী বিষয় সক্রান্ত হয়, তবে মণ্ডলীর চোখে যারা কিছুরই মধ্যে গণ্য নয়, তাদের উপরেই কি বিচারের দায়িত্ব দিয়ে থাক? 5আমি তোমাদের লজ্জা দেবার জন্য এই কথা বলছি। এটা কেমন কথা? তোমাদের মধ্যে কি এমন একজনও জ্ঞানবান নেই যে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে তার নিষপত্তি করে দিতে পারে? 6কিন্তু ভাইয়ের বিরুদ্ধে ভাই আদালতে যায়, তা আবার অ-ঈমানদারদের কাছে! 7তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, এতে তোমাদের বিশেষ ক্ষতি হচ্ছে। এর চেয়ে বরং অন্যায় সহ্য কর না কেন? অথবা বঞ্চিত হও না কেন? 8কিন্তু তোমরাই অন্যায় করছো, বঞ্চনা করছো, আর তা ভাইদের প্রতিই করছো। 9অথবা তোমরা কি জান না যে, অধার্মিকেরা আল্লাহ্‌র রাজ্যে অধিকার পাবে না? ভ্রান্ত হয়ো না; যারা অসচ্চরিত্র বা প্রতিমাপূজক বা জেনাকারী বা সমকামী, 10বা চোর বা লোভী বা মাতাল বা কটুভাষী বা প্রবঞ্চক, তারা আল্লাহ্‌র রাজ্যে অধিকার পাবে না। 11আর তোমরা কেউ কেউ সেই ধরনের লোক ছিলে; কিন্তু তোমরা ঈসা মসীহের নামে ও আমাদের আল্লাহ্‌র রূহে তোমাদের ধৌত করা হয়েছে, পবিত্র করা হয়েছ ও ধার্মিক বলে গণনা করা হয়েছ।
দেহে ও রূহে আল্লাহ্‌কে মহিমান্বিত করা
12‘সকলই আমার পক্ষে বিধেয়’, তা হতে পারে কিন্তু সকলই যে মঙ্গলজনক তা নয়; ‘সকলই আমার পক্ষে বিধেয়’, কিন্তু আমি কোন কিছুরই গোলাম হব না। 13খাদ্য পেটের জন্য এবং পেট খাদ্যের জন্য, কিন্তু আল্লাহ্‌ উভয়েরই লোপ করবেন। দেহ জেনার জন্য নয়, কিন্তু প্রভুর জন্য এবং প্রভু দেহের জন্য। 14আর আল্লাহ্‌ আপন পরাক্রম দ্বারা প্রভুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন, আমাদেরকেও পুনরুত্থিত করবেন। 15তোমরা কি জান না যে, তোমাদের দেহ মসীহের অঙ্গ? তবে আমি কি মসীহের অঙ্গ নিয়ে গিয়ে পতিতার অঙ্গে পরিণত করবো? তা নিশ্চয় না। 16অথবা তোমরা কি জান না, যে ব্যক্তি পতিতার সঙ্গে যুক্ত হয়, সে তার সঙ্গে একদেহ হয়? কারণ পাক-কিতাবে লেখা আছে, “সে দু’জন একাঙ্গ হবে।”
17কিন্তু যে ব্যক্তি প্রভুর সঙ্গে যুক্ত হয়, সে তাঁর সঙ্গে একাত্মা হয়। 18তোমরা জেনা থেকে পলায়ন কর। মানুষ অন্য যে কোন গুনাহ্‌ করে, তা তার দেহের বাইরে করে; কিন্তু যে জেনা করে, সে নিজের দেহের বিরুদ্ধে গুনাহ্‌ করে। 19অথবা তোমরা কি জান যে, তোমাদের দেহ পাক-রূহের থাকবার ঘর, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাঁকে তোমরা আল্লাহ্‌র কাছ থেকে পেয়েছ? 20আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা তোমাদের ক্রয় করা হয়েছ। অতএব তোমাদের দেহে আল্লাহ্‌র গৌরব কর।

Markering

Kopiér

Sammenlign

Del

None

Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind