১ করিন্থীয় 3
3
তবলিগকারীরা আল্লাহ্র সহকার্যকারী
1আর হে ভাইয়েরা, যারা রূহানিক তাদের কাছে যেভাবে কথা বলা প্রয়োজন সেই রকমভাবে তোমাদের কাছে কথা বলি নি, কিন্তু গুনাহ্-স্বভাবের লোকদের কাছে, মসীহ্ সম্বন্ধীয় শিশুদের কাছে যেভাবে কথা বলে সেই ভাবে তোমাদের কাছে কথা বলেছি। 2আমি তোমাদেরকে দুগ্ধ পান করিয়েছিলাম, অন্ন দেই নি, কেননা তখন তোমাদের শক্তি হয় নি; 3এমন কি, এখনও তোমাদের শক্তি হয় নি, কারণ এখনও তোমরা দুনিয়াবী রয়েছ; বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও ঝগড়া রয়েছে, তখন তোমরা কি দুনিয়াবী নও এবং সাধারণ মানুষের মত কি চলছো না? 4কেননা যখন তোমাদের একজন বলে আমি পৌলের, আর এক জন বলে আমি আপল্লোর, তখন তোমরা কি মানুষ মাত্র নও? 5ভাল, আপল্লো কি? আর পৌলই বা কি? তারা তো পরিচারকমাত্র, যাদের দ্বারা তোমরা ঈমানদার হয়েছ— যেমন প্রভু এক একজনকে তাঁর কাজ দিয়েছেন। 6আমি রোপণ করলাম, আপল্লো পানি সেচন করলেন, কিন্তু আল্লাহ্ বৃদ্ধি দিতে থাকলেন। 7অতএব রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, আল্লাহ্ই বৃদ্ধি দিয়ে থাকেন। 8আর রোপক ও সেচক উভয়েই এক এবং যার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাবে। 9কারণ আমরা আল্লাহ্রই সহকার্যকারী; তোমরা আল্লাহ্রই ক্ষেত, আল্লাহ্রই গাঁথুনি।
10আল্লাহ্র যে রহমত আমাকে দেওয়া হয়েছে, সেই অনুসারে আমি জ্ঞানবান গাঁথকের মত ভিত্তিমূল স্থাপন করেছি, আর তার উপরে অন্য লোকেরা গাঁথছে; কিন্তু প্রত্যেক জন দেখুক, কিরূপে সে তার উপরে গাঁথে। 11কেননা কেবল যা স্থাপিত হয়েছে, তা ব্যতীত অন্য ভিত্তিমূল কেউ স্থাপন করতে পারে না, সেই ভিত্তিমূল হলেন ঈসা মসীহ্। 12এখন এই ভিত্তিমূলের উপরে যদি কেউ স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড় ও নাড়া দিয়ে গাঁথে, 13তবে প্রত্যেক ব্যক্তির কর্ম প্রকাশিত হবে। কারণ বিচারের দিনই তা প্রকাশ করবে, কেননা সেই দিনের প্রকাশ অগ্নির মধ্য দিয়েই হবে; আর প্রত্যেকের কর্ম যে কি প্রকার, সেই অগ্নিই তার পরীক্ষা করবে। 14যে যা গেঁথেছে, তার সেই কর্ম যদি থাকে, তবে সে বেতন পাবে। 15যার কর্ম পুড়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সে নিজে নাজাত পাবে। তবে তার অবস্থা এমন হবে যে, সে যেন অগ্নির মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে এসেছে।
16তোমরা কি জান না যে, তোমরা আল্লাহ্র থাকবার গৃহ, এবং আল্লাহ্র রূহ্ তোমাদের মধ্যে বাস করেন? 17যদি কেউ আল্লাহ্র এবাদতখানা বিনষ্ট করে, তবে আল্লাহ্ তাকে বিনষ্ট করবেন, কেননা আল্লাহ্র এবাদতখানা পবিত্র, আর তোমরাই সেই এবাদতখানা।
18কেউ নিজেকে বঞ্চনা না করুক। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি নিজেকে এই যুগে জ্ঞানবান বলে মনে করে, তবে সে জ্ঞানবান হবার জন্য মূর্খ হোক। 19যেহেতু এই দুনিয়ার যে জ্ঞান, তা আল্লাহ্র কাছে মূর্খতা। কারণ লেখা আছে, “তিনি জ্ঞানবানদেরকে তাদের ধূর্ততায় ধরেন।” 20আবার লেখা আছে, “প্রভু জ্ঞানবানদের তর্কবিতর্ক জানেন যে, সেসব অসার।”
21অতএব কেউ মানুষকে নিয়ে গর্ব না করুক। কেননা সকলই তোমাদের— 22পৌল, বা আপল্লো, বা কৈফা, বা দুনিয়া, বা জীবন, বা মরণ, বা উপস্থিত বিষয়, বা ভবিষ্যৎ বিষয়, সকলই তোমাদের; 23আর তোমরা মসীহের ও মসীহ্ আল্লাহ্র।
Valgt i Øjeblikket:
১ করিন্থীয় 3: BACIB
Markering
Kopiér
Sammenlign
Del
Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013