লেবীয় পুস্তক 8
8
হারোণ এবং তাঁর ছেলেদের অভিষেক
1সদাপ্রভু মোশিকে বললেন, 2“তুমি হারোণ ও তার ছেলেদের, তাদের পোশাক-পরিচ্ছদ, অভিষেকার্থ তেল, পাপার্থক বলিদানের জন্য বাছুর, দুটি মেষ ও এক ঝুড়ি খামিরবিহীন রুটি আনো, 3এবং সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সমগ্র মণ্ডলীকে সমবেত করো।” 4সদাপ্রভুর আদেশমতো মোশি কাজ করলেন ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে জনমণ্ডলী সমবেত হল।
5জনগণের উদ্দেশে মোশি বললেন, “এই কাজ করতে সদাপ্রভু আদেশ দিয়েছেন।” 6পরে হারোণ ও তাঁর ছেলেদের মোশি সামনে আনলেন ও জল দিয়ে তাদের ধুয়ে দিলেন করলেন। 7তিনি হারোণকে কাপড় পরালেন, রেশমি ফিতে দিয়ে তার কোমর বেঁধে, তার গায়ে পোশাক ও তার উপরে এফোদ দিলেন এবং একটি বুনানি করা কোমরবন্ধ দিয়ে তার গায়ের এফোদ বেঁধে দিলেন। এর দ্বারা হারোণ সুদৃঢ় হল। 8মোশি হারোণকে বুকপাটা দিলেন ও বুকপাটাতে ঊরীম ও তুম্মীম স্থাপন করলেন। 9পরে হারণের মাথায় তিনি পাগড়ি পরিয়ে দিলেন, এবং পাগড়ির সামনের দিকে সোনার পাত দিয়ে গড়া পবিত্র প্রতীক জুড়ে দিলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
10পরে মোশি অভিষেকার্থক তেল নিলেন, এবং সমাগম তাঁবু ও তার মধ্যের সমস্ত দ্রব্য অভিষিক্ত করলেন, এবং সেগুলি উৎসর্গ করলেন। 11তিনি বেদিতে সাতবার তেল ছিটালেন; বেদি এবং বেদির সমস্ত পাত্র, খাড়া রাখার উপাদান সমেত প্রক্ষালন পাত্র পবিত্র করণার্থে অভিষেক করলেন। 12হারোণের মাথায় তিনি কিছুটা অভিষেকার্থক তেল ঢাললেন ও তাকে পবিত্র করণার্থে অভিষিক্ত করলেন। 13তারপর তিনি হারোণের ছেলেদের সামনে আনলেন, কাপড় পরালেন, কটি বন্ধনে আবদ্ধ করলেন ও তাদের মাথায় শিরোভূষণের বন্ধনী দিলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
14পরে পাপার্থক বলিদানের জন্য তিনি বাছুর রাখলেন, এবং হারোণ ও তার ছেলেরা বাছুরটির মাথায় হাত রাখলেন। 15মোশি ওই বাছুরটিকে বধ করলেন এবং বেদি শুচি করার জন্য বেদির শিংগুলিতে আঙুল দিয়ে কিছুটা রক্ত ঢাললেন। অবশিষ্ট রক্ত তিনি বেদিমূলে ঢেলে দিলেন। এইভাবে প্রায়শ্চিত্ত করার জন্য তিনি সমস্তই পবিত্র করলেন। 16আর মোশি অন্ত্রের সব মেদ, যকৃতের পর্দা, দুটি কিডনি ও কিডনির মেদ ছাড়িয়ে নিলেন ও বেদিতে জ্বালিয়ে দিলেন। 17কিন্তু বাছুরটির চামড়া, মাংস ও গোবর শিবিরের বাইরে নিয়ে গেলেন ও সেগুলি পুড়িয়ে দিলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
18পরে হোমবলির জন্য তিনি মেষ রাখলেন এবং হারোণ ও তাঁর ছেলেরা সেটির মাথায় তাঁদের হাত রাখল। 19পরে মোশি ওই মেষকে বধ করলেন ও বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন। 20তিনি মেষটিকে খণ্ড খণ্ড করে কাটলেন এবং তার মাথা, মাংসখণ্ড, ও মেদ পোড়ালেন। 21তিনি অন্ত্র ও পাগুলি জল দিয়ে ধুয়ে দিলেন এবং হোমবলিরূপে গোটা মেষ বেদিতে পোড়ালেন যা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত সৌরভার্থক সন্তোষজনক উপহার, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
22এরপর অভিষেকের জন্যে তিনি অন্য একটি মেষ রাখলেন, এবং হারোণ ও তাঁর ছেলেরা সেটির মাথায় হাত রাখলেন। 23মোশি ওই মেষকে বধ করলেন এবং হত মেষের কিছুটা রক্ত নিয়ে হারোণের ডান কানের ডগায়, তার ডান হাতের বুড়ো আঙুলে ও তার ডান পায়ের বুড়ো আঙুলে লেপন করলেন। 24মোশি হারোণের ছেলেদেরও সামনে আনলেন এবং তাদের ডান কানের ডগায়, তাদের ডান হাতের বুড়ো আঙুলে ও ডান পায়ের বুড়ো আঙুলে কিছুটা রক্ত ঢেলে দিলেন। পরে তিনি বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন। 25এরপরে তিনি মেদ, মেদযুক্ত লেজ, অন্ত্রবেষ্টিত সব মেদ, যকৃতের পর্দা, দুটি কিডনি ও কিডনির মেদ ডান জাং-এ ছাড়িয়ে নিলেন। 26পরে সদাপ্রভুর সামনে রাখা খামিরবিহীন রুটির ঝুড়ি থেকে একটি রুটি, তৈলপক্ক একটি রুটি এবং একটি সরুচাকলি তিনি তুলে নিলেন, তিনি মেদের অংশে ও ডান জাং-এ এগুলি রাখলেন। 27হারোণ ও তার ছেলেদের হাতে তিনি এগুলি দিলেন, এবং দোলনীয়-নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে এগুলি দোলালেন। 28এরপর তাদের হাত থেকে মোশি সেগুলি নিলেন এবং অভিষেক নৈবেদ্যরূপে হোমবলির উপরে বেদিতে সকল নৈবেদ্য পোড়ালেন, যা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত সৌরভার্থক সন্তোষজনক এক উপহার। 29তিনি বক্ষটিও নিলেন যা অভিষেক মেষ থেকে মোশির অংশ এবং দোলনীয় এক নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে সেটি দোলালেন যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
30পরে মোশি বেদি থেকে কিছুটা অভিষেকার্থক তেল ও রক্ত নিলেন এবং হারোণ ও তাঁর পরিধানে এবং তাঁর সকল ছেলে ও তাদের পোশাকে ছিটালেন। এইভাবে হারোণ ও তাঁর পোশাককে, এবং তাঁর সকল ছেলে ও তাদের পোশাককে মোশি পবিত্র করলেন।
31পরে হারোণ ও তার ছেলেদের মোশি বললেন, “সমাগম তাঁবুর প্রবেশদ্বারে তোমরা মাংস রান্না করো ও অভিষেক নৈবেদ্যগুলির ঝুড়ি থেকে রুটি নিয়ে মাংস দিয়ে ভোজন করো: ‘যেমন আমি বললাম, হারোণ ও তার ছেলেরা সবাই সেরকমই করুক।’ 32পরে অবশিষ্ট মাংস ও রুটি পুড়িয়ে দাও। 33সাত দিনের জন্য সমাগম তাঁবুর প্রবেশদ্বার ছেড়ে যেয়ো না, যতদিন না তোমাদের অভিষেকের দিনগুলি সম্পূর্ণ হয়, কেননা তোমাদের অভিষেক সাত দিন স্থায়ী হবে। 34সদাপ্রভুর আদেশানুসারে আজ সেই কাজ করা হল, যেন তোমাদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হয়। 35সমাগম তাঁবুর প্রবেশদ্বারে দিনরাত সাত দিন অবধি তোমরা অবশ্যই থেকো, এবং সদাপ্রভুর চাহিদা অনুযায়ী কাজ করো; তাহলে তোমরা মরবে না; কেননা আমাকে এই আদেশ করা হয়েছে।”
36সুতরাং মোশির মাধ্যমে সদাপ্রভুর আদেশ অনুযায়ী হারোণ ও তাঁর ছেলেরা সকল কাজ করল।
موجودہ انتخاب:
লেবীয় পুস্তক 8: BCV
سرخی
کاپی
موازنہ
شئیر
کیا آپ جاہتے ہیں کہ آپ کی سرکیاں آپ کی devices پر محفوظ ہوں؟ Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.