লেবীয় পুস্তক 1

1
হোমবলি
1সদাপ্রভু মোশিকে ডাকলেন ও সমাগম তাঁবু থেকে তাঁর সঙ্গে কথা বললেন। তিনি বললেন, 2“ইস্রায়েলীদের সঙ্গে কথা বলো, তাদের বলো: ‘তোমাদের মধ্যে যদি কেউ সদাপ্রভুর উদ্দেশে উপহার দেয়, সে পশুপাল থেকে অর্থাৎ গোপাল অথবা মেষপাল থেকে একটি পশু উৎসর্গ করুক।
3“ ‘যদি সে পশুপাল থেকে হোমবলি উপহার দেয়, তাহলে নিষ্কলঙ্ক এক পুংপশু উৎসর্গ করুক। সে অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশদ্বারে এই উপহার রাখবে, যেন তা সদাপ্রভুর গ্রহণযোগ্য হয়। 4হোমবলির মাথায় সে হাত রাখবে ও তা প্রায়শ্চিত্তরূপে তার পক্ষে গৃহীত হবে। 5পরে সদাপ্রভুর সামনে সে এঁড়ে বাছুরটি বধ করবে এবং এরপরে হারোণের পুত্র যাজকেরা রক্ত নেবে ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারের চারপাশে বেদির সর্বত্র রক্ত ছিটিয়ে দেবে। 6সে ওই হোমবলির চামড়া খুলবে ও বলিকৃত পশু কেটে খণ্ড খণ্ড করবে। 7এরপর হারোণের পুত্র যাজকেরা বেদিতে অগ্নি সংযোগ করবে ও আগুনের মধ্যে কাঠ দেবে। 8পরে হারোণের পুত্র যাজকেরা পশুর মাথা ও চর্বি সমেত খণ্ডগুলি সাজাবে, এবং বেদিতে জ্বলন্ত কাঠের উপরে রাখবে। 9পশুর শরীরের ভিতরের অংশ ও পাগুলি সে জলে ধোবে এবং যাজক সে সকল বেদির আগুনে পোড়াবে। এটি হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সন্তোষজনক সৌরভার্থক অগ্নিকৃত এক উপহার।
10“ ‘যদি মেষপাল থেকে হোমবলি উৎসর্গ করা হয়, পালের মেষ কিংবা ছাগল হোক, তা হবে নিষ্কলঙ্ক এক পুংশাবক। 11সদাপ্রভুর সামনে বেদির উত্তর দিকে সে পশুটি হত্যা করবে ও হারোণের পুত্র যাজকেরা বেদির চারপাশে বলিদানের রক্ত ছিটিয়ে দেবে। 12সে পশুটিকে খণ্ড খণ্ড করে কাটবে এবং পশুটির মাথা ও চর্বি সমেত সমস্ত অর্ঘ্য যাজক সাজাবে ও বেদিতে জ্বলন্ত কাঠের উপরে রাখবে। 13সে ওই পশুর অন্ত্র ও পা জলে ধুয়ে নেবে এবং যাজক সমস্ত নৈবেদ্য তুলবে ও বেদিতে পোড়াবে। এটি হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক উপহার।
14“ ‘যদি সদাপ্রভুর উদ্দেশে পাখিদের হোমবলি উৎসর্গ করা হয়, তাহলে ঘুঘু অথবা কপোতশাবক সে উপহার দেবে। 15যাজক ওই পাখিকে বেদিতে আনবে, তার মাথা মুচড়ে বেদিতে পোড়াবে; পাখির রক্ত বেদির পাশ দিয়ে প্রবাহিত হতে দেবে। 16সে ওই পাখির কণ্ঠনালীর থলি ও অন্যান্য আবর্জনা তুলবে ও ভস্মস্থানের বেদির পূর্বদিকে নিক্ষেপ করবে। 17সে পাখিটির ডানা ভাঙবে, কিন্তু পাখিটিকে পুরোপুরি ছিঁড়ে ফেলবে না, এবং বেদিতে জ্বলন্ত কাঠে যাজক পাখিটিকে পোড়াবে। এটি হোমবলি, যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক এক উপহার।

سرخی

کاپی

موازنہ

شئیر

None

کیا آپ جاہتے ہیں کہ آپ کی سرکیاں آپ کی devices پر محفوظ ہوں؟ Sign up or sign in