শুমারী 27
27
পৈতৃক সম্পত্তিতে কন্যাদের অধিকার
1পরে ইউসুফের পুত্র মানশার গোষ্ঠীভুক্ত সলফাদের কন্যারা আসল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মানশার সন্তান। সেই কন্যাদের নাম হল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা। 2তারা মূসা ও ইমাম ইলিয়াসরের এবং নেতৃবর্গের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে জমায়েত-তাঁবুর দ্বারে দাঁড়িয়ে বললো, 3মরুভূমিতে আমাদের পিতার মৃত্যু হয়েছে; তিনি কারুনের দলের মধ্যে, মাবুদের বিরুদ্ধে চক্রান্তকারীদের দলের মধ্যে ছিলেন না; কিন্তু নিজের গুনাহে তাঁর মৃত্যু হয়েছে এবং তাঁর পুত্র হয় নি। 4আমাদের পিতার পুত্র নেই বলে তাঁর গোষ্ঠী থেকে তাঁর নাম কেন লোপ পাবে? আমাদের পিতৃকূলের ভাইদের মধ্যে আমাদেরকে অধিকার দিন।
5তখন মূসা মাবুদের সম্মুখে তাদের বিচার উপস্থিত করলেন। 6আর মাবুদ মূসাকে বললেন, 7সলফাদের কন্যারা যথার্থ বলছে; তুমি ওদের পিতৃকুলের ভাইদের মধ্যে অবশ্য ওদেরকে স্বত্বাধিকার দেবে ও ওদের পিতার অধিকার ওদেরকে দেবে। 8আর বনি-ইসরাইলকে বল, কেউ যদি অপুত্রক হয়ে মারা যায় তবে তোমরা তার অধিকার তার কন্যাকে দেবে। 9যদি তার কন্যা না থাকে, তবে তার ভাইদেরকে তার অধিকার দেবে। 10যদি তার ভাই না থাকে, তবে তার চাচাদেরকে তার অধিকার দেবে। 11যদি তার চাচা না থাকে, তবে তার গোষ্ঠীর মধ্যে নিকটস্থ জ্ঞাতিকে তার অধিকার দেবে, সে তা অধিকার করবে; মাবুদ মূসাকে যেমন হুকুম দিয়েছিলেন, সেই অনুসারে এটি বনি-ইসরাইলদের পক্ষে বিচারের নিয়ম হবে।
হযরত মূসা ও ইউসার বিষয়
12পরে মাবুদ মূসাকে বললেন, তুমি এই অবারীম পর্বতে উঠ, আর যে দেশ আমি বনি-ইসরাইলকে দিয়েছি, তা দেখ। 13দেখার পর তোমার ভাই হারুনের মত তুমিও তোমার পূর্বপুরুষদের কাছে সংগৃহীত হবে। 14কেননা সীন মরুভূমিতে মণ্ডলীর বিবাদে তোমরা পানির বিষয়ে লোকদের সম্মুখে আমাকে পবিত্ররূপে মান্য না করে আমার কথার বিরুদ্ধাচরণ করেছিলে। এটা সীন মরুভূমির কাদেশস্থ মরীবার পানির ক্ষেত্রে ঘটেছিল।
15আর মূসা মাবুদকে বললেন, 16সর্বজীবের আল্লাহ্ মাবুদ মণ্ডলীর উপরে এমন এক ব্যক্তিকে নিযুক্ত করুন, 17যে তাদের সম্মুখে বাইরে যায় ও তাদের সম্মুখে ভিতরে আসে এবং তাদেরকে বাইরে নিয়ে যায় ও ভিতরে নিয়ে আসে; যেন মাবুদের মণ্ডলী রক্ষকবিহীন ভেড়ার পালের মত না হয়। 18তখন মাবুদ মূসাকে বললেন, নূনের পুত্র ইউসার উপর আল্লাহ্র রূহ্ অধিষ্ঠিত; তুমি তাকে নিয়ে গিয়ে তার মাথায় হস্তার্পণ কর; 19এবং ইমাম ইলিয়াসরের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে তাকে উপস্থিত করে তাদের সস্মুখে তাকে হুকুম দাও। 20আর তাকে তোমার সম্মানের ভাগী কর, যেন বনি-ইসরাইলদের সমস্ত দল বাধ্য হয়। 21আর সে ইলিয়াসর ইমামের সম্মুখে দাঁড়াবে এবং ইলিয়াসর তার জন্য মাবুদের সম্মুখে ঊরীমের বিচার দ্বারা জিজ্ঞাসা করবে; সে ও তার সঙ্গে সমস্ত বনি-ইসরাইল, অর্থাৎ সমস্ত মণ্ডলী তার হুকুমে বাইরে যাবে ও ভিতরে আসবে। 22পরে মূসা মাবুদের হুকুম অনুযায়ী কাজ করলেন। তিনি ইউসাকে নিয়ে ইমাম ইলিয়াসরের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে উপস্থিত করলেন; 23এবং তাঁর মাথায় হস্তার্পণ করে তাঁকে হুকুম দিলেন; যেমন মূসার মাধ্যমে মাবুদ বলেছিলেন।
ప్రస్తుతం ఎంపిక చేయబడింది:
শুমারী 27: BACIB
హైలైట్
షేర్ చేయి
సరిపోల్చండి
కాపీ
మీ పరికరాలన్నింటి వ్యాప్తంగా మీ హైలైట్స్ సేవ్ చేయబడాలనుకుంటున్నారా? సైన్ అప్ చేయండి లేదా సైన్ ఇన్ చేయండి
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013