পয়দায়েশ 46

46
হযরত ইয়াকুবের সবংশে মিসর যাত্রা
1পরে ইসরাইল তাঁর সর্বস্ব নিয়ে যাত্রা করে বের্‌-শেবাতে এলেন এবং তাঁর পিতা ইস্‌হাকের আল্লাহ্‌র উদ্দেশে কোরবানী করলেন। 2পরে আল্লাহ্‌ রাত্রে ইসরাইলকে দর্শন দিয়ে বললেন, হে ইয়াকুব, হে ইয়াকুব! তিনি জবাব দিলেন, দেখ, এই আমি। 3তখন তিনি বললেন, আমি আল্লাহ্‌, তোমার পিতার আল্লাহ্‌; তুমি মিসরে যেতে ভয় করো না, কেননা আমি সেই স্থানে তোমাকে বড় জাতি করবো। 4আমিই তোমার সঙ্গে মিসরে যাব এবং আমিই সেই স্থান থেকে তোমাকে ফিরিয়ে আনবো, আর তোমার মৃত্যুর পরে ইউসুফ তোমার চোখের পাতা বন্ধ করে দেবে।
5পরে ইয়াকুব বের্‌-শেবা থেকে যাত্রা করলেন। ইসরাইলের পুত্ররা তাঁদের পিতা ইয়াকুবকে এবং নিজ নিজ সন্তান-সন্ততি ও স্ত্রীদেরকে সেসব ঘোড়ার গাড়িতে করে নিয়ে গেলেন, যা ফেরাউন তাঁদের বহন করার জন্য পাঠিয়েছিলেন। 6পরে তাঁরা, ইয়াকুব ও তাঁর সমস্ত বংশ, তাদের সমস্ত পশু ও কেনান দেশে উপার্জিত সমস্ত ধন-সম্পদ নিয়ে মিসর দেশে পৌঁছালেন। 7এভাবে ইয়াকুব তাঁর পুত্র-পৌত্র, পুত্রী-পৌত্রী প্রভৃতি সমস্ত বংশকে সঙ্গে করে মিসরে নিয়ে গেলেন।
8বনি-ইসরাইল, ইয়াকুব ও তাঁর সন্তানেরা, যাঁরা মিসরে গেলেন তাঁদের নাম। ইয়াকুবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ। 9রূবেণের পুত্র হনোক, পল্‌লু, হিষ্রোণ ও কর্মি। 10শিমিয়োনের পুত্র যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও তার কেনানীয়া স্ত্রীজাত পুত্র শৌল। 11লেবির পুত্র গের্শোন, কহাৎ ও মরারি। 12এহুদার পুত্র এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কেনান দেশে মারা গিয়েছিল; আর পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল। 13ইষাখরের পুত্র তোলয়, পূয়, যোব ও শিম্রোণ। 14আর সবূলূনের পুত্র সেরদ, এলোন ও যহলেল। 15এরা লেয়ার সন্তান; তিনি পদ্দন্‌-অরামে ইয়াকুবের জন্য এদেরকে ও তাঁর কন্যা দীণাকে প্রসব করেন। ইয়াকুবের এই পুত্র কন্যারা সর্বমোট তেত্রিশ জন।
16আর গাদের পুত্র সিফিয়োন, হগি, শূনী, ইষ্‌বোন, এরি, অরোদী ও অরেলী। 17আশেরের পুত্র যিম্না, যিশ্‌বা, যিশ্‌বি, বরিয় ও তাদের বোন সেরহ। বরিয়ের পুত্র হেবর ও মল্কীয়েল। 18এরা সেই সিল্পপার সন্তান, যাকে লাবন তাঁর কন্যা লেয়াকে দিয়েছিলেন; সে ইয়াকুবের জন্য এদেরকে প্রসব করেছিল। এরা ষোল জন।
19আর ইয়াকুবের স্ত্রী রাহেলার পুত্র ইউসুফ ও বিন্‌ইয়ামীন। 20ইউসুফের পুত্র মানশা ও আফরাহীম মিসর দেশে জন্মেছিল; ওন নগরের পোটীফেরঃ ইমামের কন্যা আসনৎ তাঁর জন্য তাদেরকে প্রসব করেছিলেন। 21বিন্‌ইয়ামীনের পুত্র বেলা, বেখর, অস্‌বেল, গেরা, নামন, এহী, রোশ, মুপ্‌পীম, হুপ্‌পীম ও অর্দ। 22এই চৌদ্দ জন ইয়াকুব থেকে জাত রাহেলার সন্তান। 23আর দানের পুত্র হূশীম। 24নপ্তালির পুত্র যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম। 25এরা সেই বিল্‌হার সন্তান, যাকে লাবন নিজের কন্যা রাহেলাকে দিয়েছিলেন। সে ইয়াকুবের জন্য এদেরকে প্রসব করেছিল; এরা সর্বমোট সাত জন।
26ইয়াকুবের বংশধর, যারা তাঁর সঙ্গে মিসরে উপস্থিত হল, ইয়াকুবের পুত্রবধূরা ছাড়া তারা সর্বমোট ছেষট্টি জন। 27মিসরে ইউসুফের যে পুত্রেরা জন্মেছিল, তারা দুই জন। ইয়াকুবের পরিজন, যারা মিসরে গেল, তারা সর্বমোট সত্তর জন।
মিসর দেশে হযরত ইয়াকুব ও তাঁর পরিবার
28পরে আগে ভাগেই গোশনের পথ দেখাবার জন্য ইয়াকুব তাঁর আগে এহুদাকে ইউসুফের কাছে পাঠালেন; আর তাঁরা গোশন প্রদেশে পৌঁছালেন। 29তখন ইউসুফ নিজের ঘোড়ার গাড়ি সাজিয়ে গোশনে তাঁর পিতা ইসরাইলের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন; আর তাঁকে দেখা দিয়ে তাঁর গলা ধরে অনেকক্ষণ কাঁদলেন। 30তখন ইসরাইল ইউসুফকে বললেন, এখন আমি স্বচ্ছন্দে মৃত্যুবরণ করবো, কেননা তোমার মুখ দেখতে পেলাম, তুমি এখনও জীবিত আছ। 31পরে ইউসুফ তাঁর ভাইদের ও পিতার পরিজনকে বললেন, আমি গিয়ে ফেরাউনকে সংবাদ দেব, তাঁকে বলবো, আমার ভাইয়েরা ও পিতার সমস্ত পরিজন কেনান দেশ থেকে আমার কাছে এসেছেন; 32তাঁরা ভেড়ার রাখাল, তাঁরা পশুপালন করে থাকেন; আর তাঁদের গোমেষাদি পাল এবং সর্বস্ব এনেছেন। 33তাতে ফেরাউন তোমাদেরকে ডেকে যখন জিজ্ঞাসা করবেন, তোমাদের পেশা কি? 34তখন তোমরা বলবে, আপনার এই গোলামেরা পূর্বপুরুষানুক্রমে বাল্যকাল থেকে আজ পর্যন্ত পশুপালন করে আসছি; তাতে তোমরা গোশন প্রদেশে বাস করতে পাবে; কেননা পশুপালক মাত্রেই মিসরীয়দের ঘৃণাস্পদ।

ప్రస్తుతం ఎంపిక చేయబడింది:

পয়দায়েশ 46: BACIB

హైలైట్

షేర్ చేయి

సరిపోల్చండి

కాపీ

None

మీ పరికరాలన్నింటి వ్యాప్తంగా మీ హైలైట్స్ సేవ్ చేయబడాలనుకుంటున్నారా? సైన్ అప్ చేయండి లేదా సైన్ ఇన్ చేయండి

পয়দায়েশ 46 కోసం వీడియో