১ শামুয়েল 3

3
হযরত শামুয়েলের প্রতি মাবুদের আহ্বান
1আর বালক শামুয়েল আলীর সম্মুখে মাবুদের পরিচর্যা করতেন। আর সেই সময়ে মাবুদের কালাম দুর্লভ ছিল, যখন তখন দর্শন পাওয়া যেত না। 2আর সেই সময়ে ক্ষীণদৃষ্টি হওয়াতে আলী আর দেখতে পেতেন না। এক দিন আলী নিজের জায়গায় শুয়ে আছেন, 3আল্লাহ্‌র প্রদীপ নিভে যায় নি এবং আল্লাহ্‌র সিন্দুক যে স্থানে ছিল, শামুয়েল সেই স্থানে অর্থাৎ মাবুদের গৃহের মধ্যে শুয়ে আছেন; 4এমন সময়ে মাবুদ শামুয়েলকে ডাকলেন; আর তিনি জবাবে বললেন, এই যে আমি। 5পরে তিনি আলীর কাছে দৌড়ে গিয়ে বললেন, এই যে আমি; আপনি তো আমাকে ডেকেছেন। তিনি বললেন, আমি ডাকি নি, তুমি ফিরে গিয়ে শুয়ে থাক। তখন তিনি গিয়ে শুয়ে রইলেন। 6পরে মাবুদ পুনর্বার ডাকলেন, শামুয়েল; তাতে শামুয়েল উঠে আলীর কাছে গিয়ে বললেন, এই যে আমি; আপনি তো আমাকে ডেকেছেন। তিনি জবাবে বললেন, বৎস, আমি ডাকি নি, তুমি ফিরে গিয়ে শুয়ে থাক। 7তখনও শামুয়েল মাবুদের পরিচয় পান নি এবং তাঁর কাছে মাবুদের কালামও প্রকাশিত হয় নি। 8পরে মাবুদ তৃতীয়বার শামুয়েলকে ডাকলেন; তাতে তিনি উঠে আলীর কাছে গিয়ে বললেন, এই যে আমি; আপনি তো আমাকে ডেকেছেন। তখন আলী বুঝলেন, মাবুদই বালকটিকে ডাকছেন। 9অতএব আলী শামুয়েলকে বললেন, তুমি গিয়ে শুয়ে থাক; যদি তিনি আবার তোমাকে ডাকেন, তবে বলো, হে মাবুদ, বলুন, আপনার গোলাম শুনছে। তখন শামুয়েল গিয়ে নিজের জায়গায় শুয়ে রইলেন।
10পরে মাবুদ এসে দাঁড়ালেন এবং অন্য অন্যবারের মত ডেকে বললেন, শামুয়েল, শামুয়েল; আর শামুয়েল জবাবে বললেন, বলুন, আপনার গোলাম শুনছে। 11তখন মাবুদ শমুয়েলকে বললেন, দেখ, আমি ইসরাইলের মধ্যে একটি কাজ করবো, তা যে শুনবে তার দুই কান শিহরিত হয়ে উঠবে। 12আমি আলীর কুলের বিষয়ে যা যা বলেছি, সেসব সেদিন তার বিরুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত সফল করবো। 13বস্তুত আমি তাকে বলেছি, সে যে অপরাধ জানে, সেই অপরাধের জন্য আমি যুগানুক্রমে তার কুলকে দণ্ড দেব; কেননা তার পুত্রেরা নিজেদের শাপগ্রস্ত করছে, তবুও সে তাদেরকে নিবৃত্ত করে নি। 14অতএব আলীর কুলের বিষয়ে আমি এই শপথ করেছি যে, আলীর কুলের অপরাধ কোরবানী বা নৈবেদ্য দ্বারা কখনই দূর করা যাবে না।
15শামুয়েল প্রভাত পর্যন্ত শুয়ে রইলেন, পরে মাবুদের গৃহের দ্বার মুক্ত করলেন, কিন্তু শামুয়েল আলীকে ঐ দর্শনের বিষয় জানাতে তাঁর সাহস হল না। 16পরে আলী শামুয়েলকে ডেকে, বললেন, হে আমার সন্তান, শামুয়েল! তিনি জবাব দিলেন, এই যে আমি। 17আলী জিজ্ঞাসা করলেন, তিনি তোমাকে কি কথা বললেন? আরজ করি, আমার কাছ থেকে তা গোপন করো না; আল্লাহ্‌ যে যে কথা তোমাকে বলেছেন, তার কোন কথা যদি আমার কাছে গোপন কর, তবে তিনি তোমাকে অমুক ও তার চেয়েও বেশি দণ্ড দিন। 18তখন শামুয়েল তাঁকে সেসব কথা বললেন, কিছুই গোপন করলেন না। তখন আলী বললেন, তিনি মাবুদ; তাঁর দৃষ্টিতে যা ভাল মনে হয়, তা-ই করুন।
19পরে শামুয়েল বেড়ে উঠতে লাগলেন এবং মাবুদ তাঁর সহবর্তী ছিলেন, তাঁর কোন কথা বিফল হতে দিতেন না। 20তাতে দান থেকে বের্‌-শেবা পর্যন্ত সমস্ত ইসরাইল জানতে পারলো যে, শামুয়েল মাবুদের নবী হবার জন্য বিশ্বাসের পাত্র হয়েছেন। 21আর মাবুদ শীলোতে পুনরায় দর্শন দিলেন, কেননা মাবুদ শীলোতে শামুয়েলের কাছে মাবুদের কালাম দ্বারা নিজেকে প্রকাশ করতেন। আর সমস্ত ইসরাইলের কাছে শামুয়েলের বাণী উপস্থিত হত।

ప్రస్తుతం ఎంపిక చేయబడింది:

১ শামুয়েল 3: BACIB

హైలైట్

కాపీ

సరిపోల్చండి

షేర్ చేయి

None

మీ పరికరాలన్నింటి వ్యాప్తంగా మీ హైలైట్స్ సేవ్ చేయబడాలనుకుంటున్నారా? సైన్ అప్ చేయండి లేదా సైన్ ఇన్ చేయండి