১ করিন্থীয় 10

10
বনি-ইসরাইলদের ইতিহাস থেকে সাবধান বাণী
1হে ভাইয়েরা, আমি চাই যেন তোমরা জানতে পার যে, আমাদের পূর্বপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্য দিয়ে গমন করেছিলেন; 2এবং সকলে মূসার উদ্দেশে মেঘে ও সাগরে বাপ্তিস্ম নিয়েছিলেন, 3এবং সকলে একই রূহানিক খাদ্য ভোজন করেছিলেন; 4আর, সকলে একই রূহানিক পানীয় পান করেছিলেন; কারণ, তারা এমন এক রূহানিক পাথর থেকে পান করতেন, যা তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল; আর সেই পাথর ছিলেন মসীহ্‌। 5কিন্তু তাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি আল্লাহ্‌ নারাজ হয়েছিলেন এবং তাঁরা মরুভূমিতে ধ্বংস হলেন।
6এই সব বিষয় আমাদের দৃষ্টান্তস্বরূপে ঘটেছিল, যেন তাঁরা যেমন অভিলাষ করেছিলেন, আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। 7আবার যেমন তাঁদের মধ্যে কতগুলো লোক প্রতিমাপূজক হয়েছিল, তোমরা তেমনি না হও; যেমন লেখা আছে, “লোকেরা ভোজন পান করতে বসলো, পরে ক্রীড়া করতে উঠলো।” 8আর যেমন তাদের মধ্যে কতগুলো লোক জেনা করেছিল এবং এক দিনে তেইশ সহস্র লোক মারা পড়েছিল, আমরা যেন তেমনি জেনা না করি। 9আর যেমন তাদের মধ্যে কতগুলো লোক পরীক্ষা করেছিল এবং সর্পের আঘাতে মারা পরেছিল, আমরা যেন তেমনি মসীহের পরীক্ষা না করি। 10আর যেমন তাদের মধ্যে কতগুলো লোক বচসা করেছিল এবং সংহারকের দ্বারা বিনষ্ট হয়েছিল তোমরা তেমনি বচসা করো না। 11এসব তাদের প্রতি দৃষ্টান্তরূপে ঘটেছিল এবং আমাদের, যাদের উপর যুগের শেষ সময় উপস্থিত হয়েছে, সেই আমাদেরই চেতনার জন্য লেখা হয়েছে। 12অতএব যে মনে করে আমি দাঁড়িয়ে আছি, সে সাবধান হোক, পাছে পড়ে যায়। 13মানুষ যা সহ্য করতে পারে, তা ছাড়া অন্য কোন পরীক্ষা তো তোমাদের প্রতি ঘটে নি; আর আল্লাহ্‌ বিশ্বাসযোগ্য; তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করে দেবেন, যেন তোমরা সহ্য করতে পার। 14অতএব, হে আমার প্রিয়েরা, প্রতিমাপূজা থেকে পালাও। 15আমি তোমাদের বুদ্ধিমান জেনে বলছি; আমি যা বলি, তোমরা তা বিচার করে দেখ। 16আমরা শুকরিয়ার যে পানপাত্র নিয়ে শুকরিয়া জানাই, তা কি মসীহের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙ্গি, তা কি মসীহের শরীরের সহভাগিতা নয়? 17কারণ অনেকে যে আমরা, আমরা এক রুটি, এক শরীর; কেননা আমরা সকলে সেই এক রুটির অংশীদার। 18ইসরাইল জাতির প্রতি তাকিয়ে দেখ; যারা কোরবানীর জিনিস ভোজন করে, তারা কি কোরবানগাহ্‌র সহভাগী নয়? 19তবে আমি কি বলছি? মূর্তির কাছে কোরবানী করা খাদ্য কি কিছুরই মধ্যে গণ্য? 20বরং অ-ইহুদীরা যা যা উৎসর্গ করে, তা বদ-রূহ্‌দের উদ্দেশে কোরবানী করে, আল্লাহ্‌র উদ্দেশে নয়; আর আমার এমন ইচ্ছা নয় যে, তোমরা বদ-রূহ্‌দের সহভাগী হও। 21প্রভুর পানপাত্র ও বদ-রূহ্‌দের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করতে পার না; প্রভুর টেবিল ও বদ-রূহ্‌দের টেবিল, তোমরা এই উভয় টেবিলের অংশীদার হতে পার না। 22অথবা আমরা কি প্রভুর ক্রোধ জন্মাচ্ছি? তাঁর থেকে কি আমরা বলবান?
সমস্ত কিছুই আল্লাহ্‌র গৌরবের জন্য কর
23সবই আইনসম্মত, কিন্তু সবই যে মঙ্গলজনক, তা নয়; সবই আইনসম্মত, কিন্তু সব কিছুই যে গেঁথে তোলে, তা নয়। 24কেউই স্বার্থ চেষ্টা না করুক, বরং প্রত্যেকে পরের মঙ্গলের চেষ্টা করুক। 25যে কোন দ্রব্য বাজারে বিক্রি হয়, বিবেকের কাছে কোন প্রশ্ন না করে তা ভোজন করো; 26যেহেতু “দুনিয়া ও তার সমস্ত বস্তু প্রভুরই।”
27অ-ঈমানদারদের মধ্যে কেউ যদি তোমাদের দাওয়াত করে, আর তোমরা যেতে ইচ্ছা কর, তবে বিবেকের কাছে কোনও প্রশ্ন না করে, যে কোন সামগ্রী তোমাদের সম্মুখে রাখা হয়, তা-ই ভোজন করো। 28কিন্তু যদি কেউ তোমাদের বলে, এটা মূর্তির কাছে উৎসর্গ করা হয়েছে, তবে যে জানালো, তার জন্য এবং বিবেকের জন্য তা ভোজন করো না। 29যে বিবেকের কথা আমি বললাম, তা তোমার নয়, কিন্তু সেই অন্য ব্যক্তির। কারণ আমার স্বাধীনতা কেন পরের বিবেকের দ্বারা বিচারিত হবে? 30যদি আমি শুকরিয়া জানিয়ে ভোজন করি, তবে যার জন্যে আমি শুকরিয়া জানাই, তার জন্য কেন নিন্দিত হই? 31অতএব তোমরা ভোজন, বা পান, বা যা কিছু কর, সকলই আল্লাহ্‌র গৌরবার্থে কর। 32ইহুদী, বা গ্রীক, বা আল্লাহ্‌র মণ্ডলী, কারো বিঘ্ন জন্মাবে না; 33যেমন আমিও সমস্ত বিষয়ে সকলের প্রীতিকর হই, নিজের মঙ্গলের চেষ্টা করি না, কিন্তু অনেকের মঙ্গলের চেষ্টা করি, যেন তারা নাজাত পায়।

ప్రస్తుతం ఎంపిక చేయబడింది:

১ করিন্থীয় 10: BACIB

హైలైట్

షేర్ చేయి

సరిపోల్చండి

కాపీ

None

మీ పరికరాలన్నింటి వ్యాప్తంగా మీ హైలైట్స్ సేవ్ చేయబడాలనుకుంటున్నారా? సైన్ అప్ చేయండి లేదా సైన్ ఇన్ చేయండి