Logo Aplikacije Biblija
Dugme za pretraživanje

ইশাইয়া 2

2
মাবুদের গৃহের পর্বত
1আমোজের পুত্র ইশাইয়া এহুদার ও জেরুশালেমের বিষয়ে এই কালামের দর্শন পান।
2শেষকালে এরকম ঘটবে; মাবুদের গৃহের পর্বত পর্বতমালার মস্তক হিসেবে স্থাপিত হবে, উপপর্বতগুলো থেকে উঁচুতে তোলা হবে এবং সমস্ত জাতি তার দিকে স্রোতের মত প্রবাহিত হবে। 3আর অনেক দেশের লোক যাবে, বলবে, চল, আমরা মাবুদের পর্বতে, ইয়াকুবের আল্লাহ্‌র গৃহে গিয়ে উঠি; তিনি আমাদেরকে নিজের পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাঁর পথে গমন করবো, কারণ সিয়োন থেকে শরীয়ত ও জেরুশালেম থেকে মাবুদের কালাম বের হবে। 4আর তিনি জাতিদের বিচার করবেন এবং অনেক দেশের লোক সম্বন্ধে নিষ্পত্তি করবেন; আর তারা নিজ নিজ তলোয়ার ভেঙ্গে লাঙ্গলের ফাল গড়বে ও নিজ নিজ বর্শা ভেঙ্গে কাস্তে গড়বে; এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার তুলবে না, তারা আর যুদ্ধ শিখবে না।
প্রভুর দিন
5ইয়াকুবের কুল, চল, আমরা মাবুদের নূরে চলাফেরা করি।
6বস্তুত তুমি নিজের লোকদের, ইয়াকুবের কুলকে ত্যাগ করেছ, কারণ তারা পূর্বদেশের প্রথায় পরিপূর্ণ ও ফিলিস্তিনীদের মত গণক হয়েছে এবং বিজাতি সন্তানদের হাতে হাত মিলিয়েছে। 7আর তাদের দেশ রূপা ও সোনায় পরিপূর্ণ, তাদের ধনরাশির সীমা নেই; তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ এবং রথ যে কত তার হিসেব নেই। 8আর তাদের দেশ মূর্তিতে পরিপূর্ণ, তারা নিজেদের হাতে তৈরি বস্তুর কাছে সেজদা করে, তা তো তাদেরই আঙ্গুল দিয়ে তৈরি করেছে। 9আর সামান্য লোক অধোমুখ হয়, মান্য লোক অবনত হয়; অতএব তুমি তাদেরকে মাফ করো না।
10তোমরা শৈলে প্রবেশ কর ও ধূলিতে লুকাও,
মাবুদের ভয়ংকরতা এবং তাঁর মহিমার উজ্জ্বলতা থেকে।
11গর্বিত লোকের চাহনি অবনত করা হবে,
মান্য লোকদের গর্ব খর্ব হবে,
আর সেদিন কেবল মাবুদই উন্নত হবেন।
12বস্তুত যা কিছু অহংকারী ও উদ্ধত এবং যা কিছু উঁচুতে তুলে ধরা হয়েছে, সেই সবকিছুর প্রতিকূলে বাহিনীগণের মাবুদের একদিন আসছে; সেসব নত হবে। 13সেদিন লেবাননের উঁচু ও উন্নত সমস্ত এরস গাছের বিরুদ্ধে, বাশনের সমস্ত অলোন গাছের বিরুদ্ধে, 14সমস্ত উঁচু পর্বতের বিরুদ্ধে, সমস্ত উন্নত পাহাড়ের বিরুদ্ধে, 15সমস্ত উঁচু উচ্চগৃহের বিরুদ্ধে, 16সমস্ত দৃঢ় প্রাচীরের বিরুদ্ধে, তর্শীশের সমস্ত জাহাজের বিরুদ্ধে এবং সমস্ত মনোহর শিল্পকর্মের বিরুদ্ধে যাবে।
17আর মানুষের অহংকার অধোমুখ হবে,
মান্য লোকদের গর্ব খর্ব হবে;
18আর সেদিন কেবল মাবুদই উন্নত হবেন।
19আর সকল মূর্তি নিঃশেষে বিলুপ্ত হবে।
আর লোকেরা শৈলের গুহা ও ধূলির গর্তে প্রবেশ করবে,
মাবুদের ভয়ংকরতার দরুন ও তাঁর মহিমার উজ্জ্বলতার দরুন,
যখন তিনি দুনিয়াকে কাঁপাতে উঠবেন।
20সেদিন মানুষ এবাদতের জন্য তৈরি নিজের রূপার ও সোনার সকল মূর্তি ইঁদুর ও চামচিকার কাছে নিক্ষেপ করবে;
21আর পাহাড়ের গহ্বরে ও শৈলগুলোর ফাটলে প্রবেশ করবে,
মাবুদের ভয়ানকতার দরুন,
ও তাঁর মহিমার উজ্জ্বলতার দরুন,
যখন তিনি দুনিয়াকে কাঁপাতে উঠবেন।
22তোমরা মানুষের আশ্রয় ছেড়ে যাও, যার নাকের আগায় তার প্রাণবায়ু থাকে; ফলে সে কিসের মধ্যে গণ্য?

Trenutno izabrano:

ইশাইয়া 2: BACIB

Istaknuto

Kopiraj

Uporedi

Podeli

None

Želiš li da tvoje istaknuto bude sačuvano na svim tvojim uređajima? Kreiraj nalog ili se prijavi