লেবীয় 1

1
পোড়ানো-কোরবানী
1-2একদিন মিলন-তাম্বুর মধ্য থেকে মাবুদ মূসাকে ডাকলেন এবং বনি-ইসরাইলদের বলতে বললেন, “যদি তোমাদের মধ্যে কেউ মাবুদকে কোরবানী হিসাবে কিছু দিতে চায় তবে সে একটা পশু নিয়ে আসুক; সেই পশুটা যেন কোন গরু, ভেড়া বা ছাগল হয়।
3“যদি সে গরু দিয়ে পোড়ানো-কোরবানী দিতে চায় তবে সেটা হতে হবে একটা নিখুঁত ষাঁড়। মাবুদ যাতে তার উপর সন্তুষ্ট হন সেইজন্য তাকে সেই ষাঁড়টা মিলন-তাম্বুর দরজার কাছে উপস্থিত করতে হবে। 4পোড়ানো-কোরবানীর জন্য আনা সেই ষাঁড়টার মাথার উপরে সে তার হাত রাখবে; আর সেটা তার জায়গায় তার গুনাহ্‌ ঢাকবার জন্য কবুল করা হবে। 5তারপর মাবুদের সামনে সে সেই ষাঁড়টা জবাই করবে আর হারুনের যে ছেলেরা ইমাম তারা তার রক্ত নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে রাখা কোরবানগাহ্‌টার চারপাশের গায়ে ছিটিয়ে দেবে। 6কোরবানীদাতা ঐ পোড়ানো-কোরবানীর ষাঁড়টার চামড়া ছাড়িয়ে নিয়ে তার গোশ্‌ত টুকরা টুকরা করে কাটবে। 7ইমাম হারুনের ছেলেরা সেই কোরবানগাহের উপরে আগুন জ্বালিয়ে তার উপর কাঠ সাজাবে। 8তারপর তারা কোরবানগাহের উপরকার জ্বলন্ত কাঠের উপরে সেই ষাঁড়ের মাথা, চর্বি ও গোশ্‌তের টুকরাগুলো সাজাবে। 9কোরবানীদাতা সেটার পা এবং পেটের ভিতরের সমস্ত অংশ পানিতে ধুয়ে দেবে এবং ইমাম সেগুলো সুদ্ধ গোটা ষাঁড়টাই কোরবানগাহের উপরে পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-কোরবানী, আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন।
10“যদি ভেড়া বা ছাগল দিয়ে এই পোড়ানো-কোরবানী দেওয়া হয় তবে সেটা হতে হবে একটা নিখুঁত পুরুষ ভেড়া বা ছাগল। 11কোরবানীদাতা সেটা কোরবানগাহের উত্তর পাশে নিয়ে গিয়ে মাবুদের সামনে জবাই করবে, আর হারুনের যে ছেলেরা ইমাম তারা তার রক্ত নিয়ে কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দেবে। 12কোরবানীদাতা সেটা টুকরা টুকরা করে কাটবে আর ইমাম তার চর্বি, মাথা ও গোশ্‌তের টুকরাগুলো নিয়ে কোরবানগাহের উপরকার জ্বলন্ত কাঠের উপর সাজাবে। 13কোরবানীদাতা সেটার পা ও পেটের ভিতরের অংশগুলো পানিতে ধুয়ে দেবে আর ইমাম সেগুলো সুদ্ধ গোটা পশুটাই কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-কোরবানী, আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন।
14“মাবুদের উদ্দেশে এই পোড়ানো-কোরবানী যদি কোন পাখী দিয়ে দেওয়া হয় তবে কোরবানীদাতাকে একটা ঘুঘু বা কবুতর আনতে হবে। 15ইমাম সেটা কোরবানগাহের কাছে নিয়ে যাবে এবং তার মাথাটা মুচ্‌ড়ে গলা থেকে আলাদা করে নিয়ে কোরবানগাহের উপরে পুড়িয়ে দেবে আর রক্তটা চেপে বের করে কোরবানগাহের একপাশের গায়ের উপর ফেলবে। 16কোরবানীদাতা পাখীটার গলার থলি ও তার মধ্যেকার সব কিছু কোরবানগাহের পূর্ব দিকে ছাইয়ের গাদায় ফেলে দেবে। 17সে ডানা ধরে পাখীটা এমন ভাবে ছিঁড়বে যেন সেটা দুই টুকরা হয়ে না যায়। তারপর ইমাম সেটা নিয়ে কোরবানগাহের উপরকার জ্বলন্ত কাঠের উপর পুড়িয়ে দেবে। এটা পোড়ানো-কোরবানী, আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন।

Nu geselecteerd:

লেবীয় 1: MBCL

Markering

Kopiëren

Vergelijk

Delen

None

Wil je jouw markerkingen op al je apparaten opslaan? Meld je aan of log in