লেবীয় পুস্তক 4

4
পাপ-উৎসর্গ
1-2সদাপ্রভু তারপর মোশিকে ইস্রায়েলীয়দের এই কথা বলতে বললেন, “মনে অন্যায় করবার ইচ্ছা না রেখে যদি কেউ সদাপ্রভুর নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে তাকে যা করতে হবে তা এই:
3“কোন মহাপুরোহিত যদি ঐরকম কোন অন্যায় করে ফেলে যার দরুন সমস্ত লোক দোষী হয়, তবে তার জন্য তাকে পাপ-উৎসর্গ হিসাবে সদাপ্রভুর কাছে একটা খুঁতহীন ষাঁড় নিয়ে আসতে হবে। 4মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর সামনে সেটা তাকে উপস্থিত করতে হবে। সে তার মাথার উপরে হাত রাখবে এবং সদাপ্রভুর সামনে সেটা কাটবে। 5তারপর মহাপুরোহিত সেই ষাঁড়ের কিছুটা রক্ত নিয়ে মিলন-তাম্বুর মধ্যে যাবে। 6সে সেই রক্তে নিজের আংগুল ডুবিয়ে কিছুটা রক্ত সদাপ্রভুর সামনে পবিত্র স্থানের পর্দার দিকে সাতবার ছিটিয়ে দেবে। 7এর পর সে কিছু রক্ত নিয়ে মিলন-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সামনে যে সুগন্ধি ধূপের বেদী আছে তার শিংগুলোতে লাগিয়ে দেবে। বাকী রক্তটা নিয়ে সে মিলন-তাম্বুর দরজার সামনে যে পোড়ানো-উৎসর্গের বেদী আছে তার গোড়ায় ঢেলে দেবে। 8পাপ-উৎসর্গের জন্য আনা সেই ষাঁড়ের সমস্ত চর্বি সে বের করে নেবে। এই চর্বি হল পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি, 9বৃক্ক দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং বৃক্কের সংগে বের করে আনা মেটের উপরের অংশ। 10যোগাযোগ-উৎসর্গের গরুর মধ্য থেকে চর্বি বের করবার মত করে এই উৎসর্গের ষাঁড়ের চর্বিও বের করে নিতে হবে। তারপর পুরোহিত সেই চর্বিগুলো নিয়ে পোড়ানো-উৎসর্গের বেদীর উপরে পুড়িয়ে দেবে। 11-12কিন্তু তার বাদবাকী অংশগুলো, অর্থাৎ চামড়া, মাংস, মাথা, পা, নাড়িভুঁড়ি এবং গোবর তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে কোন শুচি জায়গায় যেখানে ছাই ফেলা হয় সেখানে ছাইয়ের গাদার উপরে কাঠের আগুনে পুড়িয়ে দিতে হবে।
13“গোটা ইস্রায়েল জাতি যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে সদাপ্রভুর নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে তারা তা না জানলেও দোষী হবে। 14যখন তারা জানতে পারবে যে, তারা অন্যায় করেছে তখন পাপ-উৎসর্গের জন্য তাদের সকলের তরফ থেকে একটা ষাঁড় এনে মিলন-তাম্বুর সামনে উপস্থিত করতে হবে। 15তারপর ইস্রায়েলীয়দের বৃদ্ধ নেতারা সদাপ্রভুর সামনে সেই ষাঁড়ের মাথার উপর হাত রাখবে। পুরোহিত সদাপ্রভুর সামনেই সেটা কাটবে। 16তারপর মহাপুরোহিত সেই ষাঁড়ের কিছুটা রক্ত নিয়ে মিলন-তাম্বুর মধ্যে যাবে। 17সেই রক্তে নিজের আংগুল ডুবিয়ে কিছুটা রক্ত সদাপ্রভুর সামনে পবিত্র স্থানের পর্দার দিকে সাত বার ছিটিয়ে দেবে। 18তারপর সে কিছু রক্ত নিয়ে মিলন-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সামনে যে সুগন্ধি ধূপের বেদী আছে তার শিংগুলোতে লাগিয়ে দেবে। তারপর মিলন-তাম্বুর দরজার কাছে যে পোড়ানো-উৎসর্গের বেদী আছে তার গোড়ায় সে বাকী রক্ত ঢেলে দেবে। 19-20ষাঁড়টার সমস্ত চর্বি বের করে নিয়ে সে তা বেদীর উপর পুড়িয়ে দেবে এবং পাপ-উৎসর্গের অন্য ষাঁড়টা নিয়ে যা করবার কথা এটা নিয়েও তাকে তা-ই করতে হবে। পুরোহিত এইভাবে ইস্রায়েলীয়দের অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাদের ক্ষমা করা হবে। 21পুরোহিত সেই ষাঁড়ের বাদবাকী অংশ ছাউনির বাইরে নিয়ে পাপ-উৎসর্গের অন্য ষাঁড়টার অংশগুলোর মত করেই পুড়িয়ে ফেলবে। এটাই হল গোটা ইস্রায়েল জাতির পাপ-উৎসর্গের অনুষ্ঠান।
22“কোন নেতা যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে তার ঈশ্বর সদাপ্রভুর নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে সে দোষী হবে। 23যখন তাকে তার অন্যায় দেখিয়ে দেওয়া হবে তখন উৎসর্গ করবার জন্য তাকে একটা খুঁতহীন পুরুষ ছাগল আনতে হবে। 24সে ঐ ছাগলটার মাথার উপরে হাত রাখবে এবং পোড়ানো-উৎসর্গের পশু কাটবার জায়গায় সদাপ্রভুর সামনে সেটা কাটবে; এটা একটা পাপ-উৎসর্গ। 25তারপর পুরোহিত পাপ-উৎসর্গের জন্য আনা পশুটার কিছু রক্ত আংগুলে করে নিয়ে পোড়ানো-উৎসর্গের বেদীর শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে বেদীর গোড়ায় ঢেলে দেবে। 26যোগাযোগ-উৎসর্গের পশুর চর্বির মত করেই এর সমস্ত চর্বি বেদীর উপরে পুড়িয়ে দিতে হবে। এইভাবে পুরোহিত সেই নেতার অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাকে ক্ষমা করা হবে।
27“ইস্রায়েলীয়দের মধ্যে অন্য কোন লোক যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে সদাপ্রভুর নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে সে দোষী হবে। 28যখন তাকে তার অন্যায় দেখিয়ে দেওয়া হবে তখন সেই অন্যায়ের জন্য উৎসর্গ হিসাবে তাকে একটা খুঁতহীন ছাগী আনতে হবে। 29সে সেই পাপ-উৎসর্গের ছাগীটার মাথার উপর হাত রাখবে এবং পোড়ানো-উৎসর্গের পশু কাটবার জায়গায় সেটা কাটবে। 30তারপর পুরোহিত আংগুলে করে তার কিছুটা রক্ত নিয়ে পোড়ানো-উৎসর্গের বেদীর শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে বেদীর গোড়ায় ঢেলে দেবে। 31যোগাযোগ-উৎসর্গের পশুর চর্বি বের করবার মত করে সে এই উৎসর্গের পশুর সমস্ত চর্বি বের করে নিয়ে তা বেদীর উপর পুড়িয়ে দেবে। এর গন্ধে সদাপ্রভু খুশী হন। এইভাবে পুরোহিত সেই লোকের অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে এবং তাতে তাকে ক্ষমা করা হবে।
32“পাপ-উৎসর্গের জন্য যদি কেউ ভেড়ার বাচ্চা আনে, তবে সেটা খুঁতহীন এবং স্ত্রীজাতের হতে হবে। 33তার মাথার উপর সে হাত রাখবে এবং পোড়ানো-উৎসর্গের পশু কাটবার জায়গায় সে পাপ-উৎসর্গের ভেড়ীটা কাটবে। 34তারপর পুরোহিত তার আংগুলে করে পাপ-উৎসর্গের ভেড়ীটা থেকে কিছু রক্ত নিয়ে পোড়ানো-উৎসর্গের বেদীর শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে বেদীর গোড়ায় ঢেলে দেবে। 35যোগাযোগ-উৎসর্গের ভেড়ার চর্বি বের করবার মত করেই সে এর সমস্ত চর্বি বের করে নেবে। তারপর সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা জিনিসের উপরে এই চর্বিও সে বেদীর উপরে পুড়িয়ে ফেলবে। এইভাবে পুরোহিত সেই লোকের অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে এবং তাতে তাকে ক্ষমা করা হবে।

നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:

লেবীয় পুস্তক 4: SBCL

ഹൈലൈറ്റ് ചെയ്യുക

പകർത്തുക

താരതമ്യം

പങ്ക് വെക്കു

None

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക