গীতসংহিতা 79
79
আসফের একটা গান।
1হে ঈশ্বর, অন্য জাতিরা তোমার সম্পত্তি আক্রমণ করেছে,
তারা সেখানে ঢুকে পড়েছে;
তোমার পবিত্র ঘরটা তারা অশুচি করেছে;
যিরূশালেমকে তারা ধ্বংসের স্তূপ করেছে।
2তোমার দাসদের মৃতদেহগুলো
তারা আকাশের পাখীদের খেতে দিয়েছে;
তোমার ভক্তদের দেহের মাংস পৃথিবীর পশুদের দিয়েছে।
3যিরূশালেমের চারদিকে তারা জলের মত করে
তাদের রক্ত ঢেলে দিয়েছে;
তাদের কবর দেবার কেউ নেই।
4প্রতিবেশী জাতিদের কাছে আমরা নিন্দার পাত্র হয়েছি,
আমাদের চারপাশের লোকদের কাছে
হাসি-তামাশার খোরাক হয়েছি।
5হে সদাপ্রভু, আর কতকাল?
তুমি কি চিরকালই অসন্তুষ্ট হয়ে থাকবে?
আর কতদিন তোমার পাওনা ভক্তি না পাওয়ার জ্বালা
আগুনের মত জ্বলতে থাকবে?
6যারা তোমাকে মেনে নেয় না সেই সব জাতির উপর
তোমার ক্রোধ ঢেলে দাও,
ঢেলে দাও সেই সব রাজ্যগুলোর উপর
যারা তোমাকে তোমার যোগ্য সম্মান দেয় না;
7কারণ তারাই যাকোবের বংশকে যেন শেষ করে ফেলেছে,
তার বাসস্থান ধ্বংস করেছে।
8পূর্বপুরুষদের অন্যায় তুমি আমাদের বিরুদ্ধে ধোরো না;
তুমি শীঘ্র তোমার মমতা আমাদের দেখাও,
কারণ আমরা সব দিক থেকে কাতর হয়ে পড়েছি।
9হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর,
তোমার গৌরবের জন্য তুমি আমাদের সাহায্য কর;
তোমার সুনাম রক্ষার জন্য আমাদের উদ্ধার কর
আর আমাদের পাপ ক্ষমা কর।
10অন্য জাতিরা কেন বলবে, “কোথায় গেল ওদের ঈশ্বর?”
তুমি আমাদের সামনেই তাদের জানিয়ে দাও যে,
তোমার দাসদের রক্তপাতের শোধ তুমি নেবেই।
11বন্দীদের কাত্রানি তোমার কানে পৌঁছাক;
যাদের উপর মৃত্যুর রায় দেওয়া হয়েছে
তোমার মহাশক্তিতে তুমি তাদের বাঁচাও।
12হে প্রভু, আমাদের প্রতিবেশী জাতিরা
যেভাবে তোমাকে গাল-মন্দ করেছে,
তার সাতগুণ শাস্তি তুমি তাদের ফিরিয়ে দাও।
13তাহলে আমরা, তোমার লোকেরা, যারা তোমার চারণ ভূমির ভেড়া,
চিরকাল তোমাকে কৃতজ্ঞতা জানাব
আর বংশের পর বংশ ধরে তোমার গৌরব করব।
Actualmente seleccionado:
গীতসংহিতা 79: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000